দুঃসময় কাটিয়ে ওঠার অপেক্ষায় সৌম্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্যাটে চলছে রানখরা। তবে ফিল্ডিংয়ে সৌম্য সরকার দুর্দান্ত। টি-টোয়েন্টি বিশ্বকাপে পরশু পাকিস্তানের বিপক্ষে বিস্মরণযোগ্য ম্যাচেই অসাধারণ এক ক্যাচ নিয়ে আলোচিত বাংলাদেশের তরুণ ওপেনার। এশিয়া কাপেও কয়েকটি দুর্দান্ত ক্যাচ নিয়েছিলেন। শ্রীলঙ্কার বিপক্ষে দিলশানের ক্যাচটি নিয়েছিলেন মিড-অফ থেকে উল্টো দিকে অনেকটা দৌড়ে।
দুটির মধ্যে কোনটি সেরা? সৌম্যর চোখে মোহাম্মদ হাফিজের ক্যাচটিই এগিয়ে, ‘দুটিই আলাদা। প্রথমটি ছিল দৌড়ের ব্যাপার, পরেরটি ভারসাম্য। তবে শেষটি বেশি তৃপ্তি দিয়েছে। এটার জন্য অনেক প্রশংসা পেয়েছি।’
নিজের ব্যাটিং ফর্ম সৌম্যকেও খুব ভাবাচ্ছে। কাল কলকাতা থেকে বেঙ্গালুরু পৌঁছেই বাঁহাতি ওপেনার বললেন, ‘কঠোর অনুশীলন করছি। এ-ও মনে হচ্ছে, বেশি চেষ্টা করছি কি না... (যেটা কাজে দিচ্ছে না)। আমার ভালো ইনিংসগুলো দেখছি। শুধু ভারত, দক্ষিণ আফ্রিকা কিংবা পাকিস্তানের বিপক্ষে খেলা ইনিংসগুলোই নয়, অনূর্ধ্ব-১৭ দলের হয়ে যে ইনিংসগুলো খেলেছি, সেগুলোও দেখছি।’
টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টেনের প্রথম ম্যাচেই পাকিস্তানের কাছে হেরে ধাক্কা খেয়েছে বাংলাদেশ। ম্যাচ হারলেও ইডেনের উইকেট ভালোই মনে হয়েছে সৌম্যর কাছে, ‘আমি মাত্র দুই বল খেলে আউট হয়েছি, তাই বলতে পারব না উইকেট কেমন ছিল। তবে ওদের ব্যাটিং আর পরে সাকিব ভাই যেভাবে খেলেছেন, মনে হয়েছে উইকেট ভালোই ছিল।’
ইডেন গার্ডেনে সেদিন ভারতীয়রা পাকিস্তানকে সমর্থন করায় বেশ আলোচনা। সৌম্য আশা করেছিলেন, দর্শক-সমর্থন পাবে বাংলাদেশ। হয়েছে উল্টোটা। তবে এটি তাঁকে মোটেও ভাবায়নি, ‘ভেবেছিলাম কলকাতার দর্শক আমাদের সমর্থন করবে। তবে কাল (পরশু) হয়েছে উল্টো। ফিল্ডিং বা ব্যাটিংয়ে এটা মোটেও প্রভাব ফেলেনি।’