দুঃসময় ঘিরে ধরেছে পন্টিংকে
দল ও নিজের চরম দুঃসময় চলছে। এ সময় আরেকটা মন খারাপ করার মতো খবর শুনলেন রিকি পন্টিং, ২০০১ সালের পর এই প্রথম আইসিসি টেস্ট ব্যাটসম্যানদের র্যাঙ্কিংয়ে প্রথম বিশের বাইরে চলে গেছেন অস্ট্রেলীয় অধিনায়ক। অ্যাডিলেডে ০ ও ৯ করার পর ১৩ থেকে এক ধাক্কায় ২৫!র্যাঙ্কিং প্রকাশের আগেই অবশ্য নিজের দুরবস্থা উপলব্ধি করতে পেরেছেন পন্টিং। অ্যাডিলেড টেস্টের পর প্রতিক্রিয়াতেও ছিল সেটির ছোঁয়া, ‘ম্যাচ জয়ের চিন্তা পরে, আগে তো আমাকে রান করতে হবে। অ্যাডিলেডের এই উইকেটে দুই ইনিংসে ৯ রান মোটেও ভালো কিছু নয়।’ অথচ অস্ট্রেলিয়ায় সর্বশেষ অ্যাশেজে এই অ্যাডিলেডেই ম্যাচ-সেরা হয়েছিলেন পন্টিং দুই ইনিংসে ১৪২ ও ৪৯ রান করে।চার বছরে পন্টিংয়ের ভাগ্য যেমন ঘুরে গেছে, তেমনি ঘুরে গেছে ইংল্যান্ডের ভাগ্যও। ৫৫১ রানে ইনিংস ঘোষণা করেও হারের যন্ত্রণা নিয়ে মাঠ ছাড়া ইংল্যান্ড এবার জিতেছে ইনিংসে। অস্ট্রেলিয়ার মাটিতে ইংল্যান্ড সর্বশেষ ইনিংসে জিতেছিল ১৯৮৬-৮৭ অ্যাশেজে। সেবারই সর্বশেষ অস্ট্রেলিয়া থেকে অ্যাশেজ নিয়ে ফিরেছিল তারা। ইংলিশদের চোখে এখন ইতিহাসের পুনরাবৃত্তির স্বপ্ন। এমন দাপুটে জয়ের পরও তাই সতর্ক ইংল্যান্ড অধিনায়ক অ্যান্ড্রু স্ট্রাউস, ‘আমরা এখন খুবই ভালো অবস্থায়। কারণ, ব্যাটসম্যানরা সবাই রানে আছে, বোলাররাও ভালো করছে। তবে আমাদের নিশ্চিত করতে হবে যেন এই ধারাটা ধরে রাখতে পারি। অস্ট্রেলিয়া যেকোনো মুহূর্তে ফিরে আসতে পারে।পন্টিংয়ের ফর্মই শুধু নয়, অস্ট্রেলিয়ার দুশ্চিন্তার শেষ নেই। সিরিজে ১০ বার ফিফটি পেরিয়ে মাত্র দুবার তিন অঙ্ক পর্যন্ত যেতে পেরেছেন ব্যাটসম্যানরা। পেসারদের বোলিংয়ে ধার নেই, ব্রিসবেনের হ্যাটট্রিকসহ ৬ উইকেটের পর আর উইকেটই পাননি পিটার সিডল। সর্বশেষ দুই ইনিংসে মাত্র ৬ উইকেট হারিয়ে ইংল্যান্ড করেছে ১১৩৭ রান! সাবেক অধিনায়ক ইয়ান চ্যাপেল তাই বলে দিয়েছেন, ‘খুব ভালো খেললেও বড়জোর সিরিজ ড্র করতে পারবে অস্ট্রেলিয়া।’ পন্টিং কিন্তু এখনই হাল ছাড়ছেন না, বরং আস্থা রাখতে বললেন দলের ওপর, ‘ব্রিসবেন টেস্টের প্রথম তিন দিন শেষেও মনে হচ্ছিল সবকিছু খুব ভালোভাবে হচ্ছে, আমরা ভালো ক্রিকেট খেলছি। তখন মনে হচ্ছিল কিন্তু এই ক্রিকেটাররাই আমাদের সিরিজ জেতাতে পারে।’পার্থে আগামী টেস্টে যা-ই হোক, পরিবর্তন আসছে দুদলের একাদশেই। তলপেটের পেশিতে চোট নিয়ে দেশে ফিরে যাচ্ছেন স্টুয়ার্ট ব্রড, আর অ্যাকিলিসের চোটে সিরিজ শেষ হয়ে গেছে সাইমন ক্যাটিচের। ওয়েবসাইট।