দুঃসময় মেনে নিয়েছেন অঁরি
উরুগুয়ের সঙ্গে ড্র করার ধাক্কা সামলে উঠতেই কিনা একটু বেড়াতে বেরিয়েছিল ফ্রান্স দল। বেড়ানোর জায়গা খুব বেশি দূরে নয়, প্যাট্রিক এভরারা গিয়েছিলেন কিনিসনা বেস ক্যাম্পের পাশেই শহরতলি ঘুরে দেখতে। সেখানেও ভুভুজেলা আর রংবেরঙের পতাকা হাতে খেলোয়াড়দের ঘিরে ধরেছিল স্থানীয় শিশু-কিশোরেরা। কারও অটোগ্রাফ চাই, কারও চাই ছবি তোলা।ভক্তদের অনুরোধ সবাইকেই কম-বেশি রাখতে হলেও সবচেয়ে বেশি চাপে পড়তে হলো থিয়েরি অঁরিকে। সেই অঁরি, বার্সেলোনার মূল দলে ইদানীং যাঁর জায়গা জোটে না। জায়গা হয় না ফ্রান্সের প্রথম একাদশেও। এমনকি অনুশীলনটাও করতে হয় মূল দল থেকে আলাদা হয়ে, বাকি ‘সাবস্টিটিউট’ খেলোয়াড়দের সঙ্গে।এক এক করে চারটে বিশ্বকাপ খেলে ফেলছেন। দু দুবারের ফাইনালিস্ট দলের সদস্য। বার্সেলোনায় ফর্ম যেমনই থাক, কয়েক সপ্তাহ আগেও ফ্রান্স দলের সবচেয়ে গুরুত্বপূর্ণ নাম ছিলেন, অধিনায়কও ছিলেন। সেই লোকটিকেই কিনা আজ ‘সুপার সাব’ হয়ে ঘুরে বেড়াতে হচ্ছে। অসহ্য লাগে না অঁরির?অঁরি কদিন আগেই বলেছিলেন, খারাপ সময়টা নাকি মেনে নিয়েছেন। তার চেয়ে নিকোলাস আনেলকা যে ভালো খেলছেন, এটাও বুঝতে পারছেন, ‘ফুটবল চলে যুক্তি দিয়ে। কয়েক মাস ধরে আমি তো খুব বেশি ফুটবলই খেলিনি। দলে আমার চেয়ে ভালো অনেকেই আছে। আমাকে মানতেই হবে যে নিকো (আনেলকা) এখন এক নম্বর।’আনেলকাকে এক নম্বর বলে মেনে নেওয়া আর নিজেকে নিয়মিত বদলি হিসেবে মেনে নেওয়াটা এক কথা নয়। বিশেষত খেলোয়াড়টি যদি হয় দেশের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ ম্যাচ খেলা ও সর্বোচ্চ গোল করা স্ট্রাইকার, তাঁর জন্য নিজের এই ভূমিকা মেনে নেওয়া আরও কঠিন। এখন পর্যন্ত ফ্রান্সের একমাত্র খেলোয়াড় হিসেবে চতুর্থ বিশ্বকাপ খেলতে আসা অঁরি কি আসলেই মন থেকে মানতে পারছেন বেঞ্চে বসে থাকাটা?অঁরি আসলেই পুরো ব্যাপারটা সহজভাবে নিতে পারছেন কিনা সেটা নিশ্চিত নন অঁরির সতীর্থ এরিক আবিদাল, ‘জানি না সে সবকিছু সহজভাবে মেনে নিয়েছে কিনা। ওর তো বার্সেলোনায় খুব কঠিন একটা মৌসুম গেল। তবে ও পুরোপুরি পেশাদার খেলোয়াড়। আর ফুটবলটা একটা দলীয় খেলা। আমাদের দলের সবার মানসিকতাই হলো এ রকম। আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ ব্যাপার হলো, ও দলের সঙ্গে আছে।’এসব কথা শুনে অঁরির মন ভালো হতে পারে। কিন্তু জাতীয় দলে সবচেয়ে গুরুত্বপূর্ণ খেলোয়াড়ের ভূমিকাটা হারিয়ে ফেলার দুঃখ কি কমবে? ওয়েবসাইট।