দুঃসময়কে জবাব ওয়াটসনের
সেই ১৮৮০-এর দশকে হ্যারি মোজেস, হ্যারি ট্রট, জর্জ গিফেনরা যখন অনাচ্ছাদিত উইকেটে খাবি খাচ্ছিলেন, তখন নয়। ১৯৬০-এর দশকে ইয়ান রেডপ্যাথ, পল শিয়াহান, বব কাউপাররা যখন শুরুটাকে বড় অঙ্কে রূপ দিতে ব্যর্থ হচ্ছিলেন বারবার, তখনো নয়। তিন নম্বরে এত লম্বা সেঞ্চুরি-খরা অস্ট্রেলিয়ার টেস্ট ইতিহাসে আর কখনো ছিল না। ৪৮ ইনিংস পরে অস্ট্রেলিয়া দেখল তিন নম্বরের সেঞ্চুরি!সেই সেঞ্চুরি-খরা ঘুচল এমন একজনের হাত ধরে, যাঁর ক্যারিয়ারেও চলছে ভয়াবহ দুঃসময়। কাল তিন নম্বরে খেলাটাও সেই দুঃসময়ের প্রতীক। ট্রেন্ট ব্রিজ ও লর্ডসে ওপেন করেছেন, ওল্ড ট্রাফোর্ডে খেলেছেন চারে, চেস্টার-লি-স্ট্রিটে ছয়ে। রানের দেখা নেই। সর্বশেষ তিন অঙ্ক ছোঁয়ার পর পেরিয়ে গেছে ২৪ টেস্ট আর ৪৭ ইনিংস। এই টেস্টে ব্যর্থ হলে দল থেকে বাদ পড়াটাও ছিল প্রায় নিশ্চিত। তাঁর হাত ধরেই অবশেষে হলো অস্ট্রেলিয়ার অপেক্ষার অবসান, ক্যারিয়ার-সেরা ইনিংস খেলেই রানে ফিরলেন শেন ওয়াটসন। সেঞ্চুরির উদ্যাপনেও মিশে থাকল যেন দুঃসহ সময়টার ছায়া। এক হাতে হেলমেট, আরেক হাতে ব্যাট উঁচিয়ে ধরলেন বটে। তবে মুখে একচিলতেও হাসি নেই, উচ্ছ্বাসের বাড়াবাড়ি নেই। দীর্ঘশ্বাসের সঙ্গে দূর করে দিলেন যেন দুঃসময়কে, চোখে-মুখে দৃঢ়প্রতিজ্ঞার ছাপ। শেষ পর্যন্ত স্টুয়ার্ট ব্রডের বলে কেভিন পিটারসেনের হাতে ক্যাচ দিয়ে যখন আউট হলেন, নামের পাশে ১৭৬। সঙ্গে স্টিভেন স্মিথের অপরাজিত ৬৬ রান মিলিয়ে প্রথম দিন শেষে অস্ট্রেলিয়ার সংগ্রহ ৪ উইকেটে ৩০৭। তবে অস্ট্রেলিয়ার ইনিংসটা পুরোই ওয়াটসনময়, চা-বিরতির সময় ওয়াটসনের রান ছিল ১২১, বাকি সবার রান ৫১!সিরিজের ভাগ্য নির্ধারিত হয়ে গেলেও শেষ হয়নি হিসাব-নিকাশের পালা। ইংল্যান্ডকে হাতছানি দিচ্ছে ৪-০ করার ইতিহাস, অস্ট্রেলিয়াকে চোখ রাঙাচ্ছে আরও লজ্জা। লজ্জা এড়ানোর লড়াইয়ের শুরুটা অস্ট্রেলিয়া স্বস্তিতে করতে পারল ওয়াটসনের সৌজন্যে। সিরিজে আগের আট ইনিংসে মাত্র একটি ফিফটি। দেয়ালে পিঠ ঠেকে যাওয়াতেই হয়তো বেরিয়ে এসেছে সত্যিকারের ওয়াটসন। সেরা ফর্মে থাকলে যেমন খেলেন, খেললেন প্রতিপক্ষকে দুমড়ে-মুচড়ে দেওয়া তেমনই সব শট। ১৬ চার ও ১ ছয়ে ক্যারিয়ারের তৃতীয় সেঞ্চুরি ছুঁয়েছেন ১১৪ বলে। সর্বশেষটি ছিল ২০১০ সালের অক্টোবরে, মোহালিতে। সেঞ্চুরির পরপরই অবশ্য সহজ ক্যাচ দিয়ে বেঁচে গেছেন অ্যালিস্টার কুকের হাতে।অলরাউন্ডার ক্রিস ওকস ও বাঁহাতি স্পিনার সাইমন কেরিগানের অভিষেকের দিনটা দুঃস্বপ্নের মতো কেটেছে ওয়াটসন-ঝড়ে। বব উইলিসকে পেরিয়ে ইংল্যান্ডের দ্বিতীয় সফলতম টেস্ট বোলার হয়ে গেছেন অ্যান্ডারসন। তবে দিনের নায়ক একজনই—ওয়াটসন! তথ্যসূত্র: স্টার ক্রিকেট।