দুঃসময়কে জয় করে গলফে সোনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এবারের এসএ গেমসে সোনার স্বপ্ন দেখিয়েছে অনেক ফেডারেশনই। গলফও এই মিছিলে। গেমস শুরুর আগের ধারাবাহিক সংবাদ সম্মেলনে ফেডারেশনের কর্তারা বলেছিলেন, ‘আমরা দলগত ও ব্যক্তিগত ইভেন্ট থেকে দুটি সোনা আশা করছি।’ সেই প্রতিশ্রুতি পূরণের পথে এক ধাপ এগিয়ে গেল গলফ। কাল কুর্মিটোলা গলফ ক্লাবে -১০ (আন্ডার টেন) স্কোর করে দক্ষিণ এশীয় গেমসের দলগত ইভেন্টে সোনা জিতলেন বাংলাদেশের চার তরুণ—সাখাওয়াত হোসেন সোহেল, জামাল হোসেন, দুলাল হোসেন ও জাকিরুজ্জামান।আগের দিন শেষ বিকেলেই বাংলাদেশ বুঝতে পেরেছিল, গেমসে প্রথমবারের মতো অন্তর্ভুক্ত হওয়া গলফের সোনাটা তাদের ঘরেই আসতে যাচ্ছে। পরশু স্কোরের দিক দিয়ে দ্বিতীয় স্থানে থাকা শ্রীলঙ্কার চেয়ে তারা এগিয়ে ছিল ১১ শটে। বাংলাদেশের ছিল -৫ (মাইনাস ফাইভ) আর শ্রীলঙ্কার স্কোর ৬ (প্লাস সিক্স)। দিন শেষ হয়েছিল আশা জাগিয়েই। কিন্তু কাল সকালে শুনতে হলো দুঃসংবাদ। খেলা শুরুর মিনিট বিশেক আগে বাংলাদেশ দলের অধিনায়ক সাখাওয়াত হোসেন সোহেলের বাবার মৃত্যুসংবাদ আসে মাঠে। পরিবেশ ভারী হয়ে যায়, মাঠে নেমে আসে শোকের ছায়া। সাখাওয়াত খেলবেন কি খেলবেন না, একটা দোলাচল ছিল সবার মধ্যে। সিদ্ধান্ত নেওয়ার ভারটা অবশ্য সাখাওয়াতের ওপরই ছেড়ে দিয়েছিলেন ফেডারেশনের কর্তারা। নিজে কেঁদেও শেষ পর্যন্ত জাতিকে হাসিয়েছেন সাখাওয়াত। ৩৬ হোলের খেলায় ৪২২ স্কোরের মধ্যে -১০ (আন্ডার টেন) স্কোর করে সোনা জেতে বাংলাদেশ। ৪৩৫ স্কোরের মধ্যে ৩ (প্লাস থ্রি) স্কোর করে দলগত রুপা জেতেন ভারতের আসবির সিং সানাই, চিকারাগাপা সেনাপা, রশিদ খান ও রাহুল বাজাজ। ১৫ (প্লাস ফিফটিন) স্কোর করে ব্রোঞ্জ জেতেন শ্রীলঙ্কার নিথুন পেরেরা, প্রভাগরন সেনাপ্পা, চন্দ্রদাস ও ভিজিতা বান্দারা।দেশের অপ্রধান এই খেলাটিকে পরিচিত করার জন্য এর চেয়ে ভালো সুযোগ আর ছিল না গলফারদের সামনে। সুযোগটা দারুণভাবে কাজে লাগিয়েছে বাংলাদেশ। কোচ বাবু আহমেদ বলেছেন, ‘এটা আমাদের এক বছরের হাড়ভাঙা পরিশ্রমের ফল। বাংলাদেশে পাঁচ বছর ধরে যে অ্যামেচার টুর্নামেন্ট হয়, সেখানে আমার এই ছেলেরা অপরাজেয়। সেখানে যেসব খেলোয়াড় খেলে, ওরাই এখানে খেলছে। তাই আমরা আগে থেকেই আশাবাদী ছিলাম।’‘আমাদের দেশের সাধারণ মানুষের অনেকেই জানে না কীভাবে গলফ খেলতে হয়। ৭২ স্কোরের টার্গেট নিয়ে মাঠে নেমে এখানে যত কম স্কোর করতে পারা যায়, ততই ভালো—’ সহজভাবে গলফ খেলাকে উপস্থাপন করলেন কোচ।গলফার হওয়ার আশায় খেলতে আসে খুব কম খেলোয়াড়ই। বাস্তবতা হলো, বাংলাদেশে অনেকেই আছে, যারা ভাগ্য পরিবর্তনের আশায় গলফ খেলে। আর খেলতে খেলতেই এটাকে ভালোবেসে ফেলে। যাঁরা খেলছেন, তাঁরা উচ্চবিত্ত পরিবারের সন্তানও নন। খেলার ফলাফল আগে থেকেই অনেক ভালো হলেও এই প্রথমবারের মতো অলিম্পিক অ্যাসোসিয়েশন তাদের সাহায্য করেছে বলে জানালেন খেলোয়াড়েরা। স্পনসর ছাড়া সর্বোচ্চ পর্যায়ে গলফ খেলা সম্ভব নয় বলে জানালেন তাঁরা। গেমসে সাখাওয়াতের পৃষ্ঠপোষক বিটিআই ও আনসার ভিডিপি, জামালের রানার গ্রুপ, দুলালের জেমকন গ্রুপ ও জাকিরের রেডিয়েন্ট।