দুঃসময়কে তাড়িয়ে ফাইনালে শারাপোভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শূন্যে ছোট্ট একটা ঘুষি পাকিয়ে তাকালেন আকাশে। এরপর আলতো মিষ্টি হাসি। হয়তো মনে মনে বললেন, ‘দুঃসময়, তোমাকে বিদায়!’ মারিয়া শারাপোভা তাঁকে ঘিরে ধরা দুঃসময়ের মেঘ তাড়িয়ে দিতে পারছেন কি না, সেটি বলবে সময়। তবে সুদিনের সূর্যটা যেন উঁকি দিতে শুরু করেছে।মেয়েদের টেনিসের এই সাবেক এক নম্বর কাল জার্মানির স্যাবাইন লিসিকিকে ৬-৪, ৬-৩ গেমে হারিয়ে উঠেছেন মহিলা এককের ফাইনালে। আগামীকাল ফাইনালে তাঁর প্রতিপক্ষ পেত্রা ভাইতোভা। দিনের অন্য সেমিফাইনালে ভিক্টোরিয়া আজারেঙ্কাকে ৬-১, ৩-৬, ৬-২ গেমে হারিয়ে ক্যারিয়ারের প্রথম গ্র্যান্ড স্লাম ফাইনালে উঠেছেন চেকপ্রজাতন্ত্রের এই খেলোয়াড়।২০০৪-এ এই উইম্বলডন জিতেই তারকাখ্যাতি পাওয়া। দুই বছর পর জিতেছিলেন ইউএস ওপেন। তারও দুই বছর পর অস্ট্রেলিয়ান ওপেন। দুই বছর বিরতি দিয়ে একটি করে গ্র্যান্ড স্লাম জেতার এই ধারাই বলে দিচ্ছে, শারাপোভা বারবার ঝলক দিয়ে হারিয়ে যান। যেমন গিয়েছিলেন ২০০৮ সালেও। চোটের কারণে দীর্ঘ সময় কোর্টের বাইরেও ছিটকে গিয়েছিলেন। এরপর শুধুই হতাশা।কিন্তু এ বছর নিজের সেই হারানো ছন্দ ফিরে পেতে শুরু করেন এই রুশ। ফ্রেঞ্চ ওপেনের সেমিফাইনালেও উঠেছিলেন। এবার তো এক ধাপ এগিয়ে উঠে এলেন ফাইনালে। কাল অবশ্য শুরুটা একদমই ভালো হয়নি। প্রথম সেটে পিছিয়ে পড়েছিলেন ৩-০-তে। সেখান থেকে পরের সাত গেমের ছয়টিই জিতে সেট জিতে নেন ৬-৪-এ।এই ফর্ম ফাইনালে ধরে রাখতে পারবেন তো!