আজ্জুরি সতীর্থরা তাঁকে ডাকেন ‘দ্য আর্কিটেক্ট।’ ইতালির কোচ থাকার সময় মার্সেলো লিপ্পি বলতেন, ‘সাইলেন্ট লিডার।’ তবে এ মুহূর্তে আন্দ্রেয়া পিরলোর যথার্থ নাম হতে পারে ‘ফিনিক্স’। হারিয়ে যাওয়া পিরলো এ মৌসুমে যেভাবে ঘুরে দাঁড়িয়েছেন, এর তুলনা হতে পারে কেবল রূপকথার ফিনিক্স পাখির সঙ্গেই। নির্মম বাস্তবতার সঙ্গে পরিচয় হয়েছিল গত মৌসুমের শেষে। এসি মিলান বলে দিয়েছিল, পিরলো শেষ। ১০ বছর ধরে সুখে-দুঃখে যে ক্লাবের সঙ্গী, সেই ক্লাব একরকম ছুড়েই ফেলে দিয়েছিল। ধ্বংসস্তূপ থেকে তাঁকে কুড়িয়ে নিল জুভেন্টাস, যারা নিজেরাও স্বপ্ন দেখছিল ধ্বংসস্তূপ থেকে ঘুরে দাঁড়ানোর। দুর্দিন মেলাল দুই পক্ষকে, মিলে গেল স্বপ্ন। দূরপাল্লার আর ডিফেন্সচেরা নিখুঁত সব পাস, গোলমুখে দুর্দান্ত সব ক্রস। আবারও সৃষ্টিশীলতার ছোঁয়া। ইতালিয়ান ফুটবল দেখল একসঙ্গে পিরলো আর জুভেন্টাসের নবজাগরণ! এবার স্বপ্নের পরিধি আর দায়িত্ব—দুটিই অনেক বড়। একটা ক্লাব নয়, গোটা দেশকে জাগানোর দায়িত্ব! এমন নয় যে এবারই প্রথম, এই দায়িত্ব আগেও বড় পরিসরে পালন করেছেন সফলভাবে। ২০০৬ বিশ্বকাপজয়ী ইতালি দলের প্রাণভোমরা ছিলেন তো তিনিই। এবার ইউরোতেও ইতালির মূল আশা-ভরসা পুরোনো চেহারায় ফেরা সেই পিরলোই। যতই ইতালির দুঃসময় যাক, না হয় রাশিয়ার কাছে পর্যন্ত উড়ে গেছে ৩-০-তে, তবু ইতালিকে হেলা করতে চান না স্পেন কোচ ভিসেন্তে দেল বস্ক। কারণ? ইতালি দলে যে পিরলো আছেন!এমনিতে কথা খুব কম বলেন, প্রচারের আলো থেকে নিজেকে দূরে রাখেন। কথা বলতে চান পায়ের জাদু দিয়েই। এ জন্য লিপ্পি তাঁকে বলতেন ‘নীরব নেতা’। কিন্তু অসাধারণ এক মৌসুমের তৃপ্তি থেকেই হয়তো পুরোনো ক্লাবকে একটা খোঁচা দিয়ে দিলেন কদিন আগে ৩৩ পূর্ণ করা ফুটবলার, ‘মিলান ভেবেছিল আমি ফুরিয়ে গেছি। এখন আমার দিকে তাকিয়ে দেখুক। ২০১৪ বিশ্বকাপের আগে আন্তর্জাতিক ফুটবল ছাড়ব কি না, সেটাও নিশ্চিত নয়। এ মুহূর্তে অবশ্য শুধু ইউরোটাই মাথায় আছে। আমাদের দল খারাপ নয় মোটেও। একসঙ্গে খেলা আমরা উপভোগ করি এবং আমরা সাফল্যের জন্য ক্ষুধার্ত।’ ইতালির সাম্প্রতিক পারফরম্যান্সে অবশ্য সাফল্যক্ষুধার প্রমাণ নেই। গত কিছুদিনের ইতালি বিশ্ব ফুটবলের বড় শক্তি শুধু নামেই, পারফরম্যান্সে নয়। তবে বড় টুর্নামেন্টে জ্বলে ওঠার জন্য জার্সির ওজনটাই অনেক সময় যথেষ্ট। টুর্নামেন্ট-পূর্ব ফর্ম দিয়ে ইতালির মতো দলকে যাচাই করা যায় না। বড় টুর্নামেন্টেই তাদের সেরাটা বের করে আনে।পিরলোর বিশ্বাস, এবারও পোল্যান্ড-ইউক্রেনেও ইতালি দেখাবে এমন কিছু। অনুপ্রেরণার জন্য খুব দূরে যেতে হচ্ছে না। এ মৌসুমের জুভেন্টাসই হতে পারে ইতালির সবচেয়ে বড় অনুপ্রেরণা, ‘জানি, আমরা ইউরোর ফেবারিট তালিকায় নেই। তার পরও আমাদের লক্ষ্য ফাইনাল। শুধু বলার জন্য বলা নয়, আমরা এটা করেও দেখাতে পারি। কারণ জুভেন্টাস ও ইতালির অন্তর্নিহিত শক্তিটা একই। ঐতিহ্যগতভাবেই ইতালি মানসিকভাবে শক্ত, অনেকটা জুভেন্টাসের মতোই। আমার বিশ্বাস, আমরা সফল হব।’নিজের বিশ্বাসের মর্যাদা সবচেয়ে বড় ভূমিকা রাখতে হবে পিরলোকেই। আর বিশ্বকাপের পর ইউরোও জেতাতে পারলে ইতালির সমৃদ্ধ ফুটবল ইতিহাসে নিশ্চিতভাবেই একটা স্থায়ী জায়গা পেয়ে যাবেন ‘নীরব নেতা!’ ওয়েবসাইট।