দুঃসময়ে মরিনহোর পাশে...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাত্রই কয়েকটা মাস। অথচ দুই মৌসুমের মাঝে কি দুস্তর ফারাক! গত মৌসুমে রিয়াল মাদ্রিদকে লা লিগা এনে দিয়েছিলেন। পেপ গার্দিওলা বার্সেলোনা কোচ থেকে সরে যাওয়ার পর মনে মনে নিশ্চয়ই বার্সার ভরাডুবি দেখতে পাচ্ছিলেন। কিন্তু কিসের কি, নতুন লিগ মৌসুমের ১৩ ম্যাচ বাদেই সব সাজানো ছক উল্টে যাওয়ার উপক্রম। হোসে মরিনহোর কপালে এখন গভীর ভাঁজ, মাঝদরিয়ায় দিশা হারিয়ে ফেলা ডুবন্ত এক জাহাজের কান্ডারি তিনি। শীর্ষস্থানে থাকা চিরপ্রতিদ্বন্দ্বী বার্সার সঙ্গে পয়েন্টের ব্যবধান বেড়ে দাঁড়িয়েছে ১১। এ পর্যন্ত ১৩ পয়েন্ট খুইয়েছে রিয়াল, অথচ গতবার পুরো লিগে হারিয়েছিল ১৪ পয়েন্ট। ইউরোপিয়ান ফুটবলে চলছে কোচ ছাঁটাইয়ের হিড়িক। ডি মাত্তেও কাণ্ডের পর কি ঈষাণ কোণে কালো মেঘ দেখতে পাচ্ছেন মরিনহো? পেলেও সেটা প্রকাশ করেননি, বরং রিয়াল কর্তৃপক্ষের সঙ্গে সম্পর্কটা এখনো দারুণ উষ্ণ বলেই দাবি তাঁর, ‘আমার সঙ্গে প্রেসিডেন্টের (ফ্লোরেন্তিনো পেরেজ) সম্পর্ক খুবই ভালো। এর চেয়ে ভালো আসলেই হতে পারে না।’রিয়ালের বিপক্ষে যাওয়া রেফারিং ও আঁটোসাঁটো সূচি নিয়ে বেশ কিছুদিন ধরেই উচ্চকিত মরিনহো। রিয়াল কর্তৃপক্ষ এ ব্যাপারে আনুষ্ঠানিক বিবৃতি দিক এটাও নাকি চেয়েছিলেন। তবে মরিনহো সংবাদমাধ্যমে তাঁকে নিয়ে প্রকাশিত ওসব বিষয় এড়িয়ে গেছেন, ‘ক্লাব তো স্বাধীন। ক্লাব আসলে কী করবে, সেটা ক্লাবের ওপরই নির্ভর করবে।’ আজই কিংস কাপে দ্বিতীয় বিভাগের দল আলকোয়ানোর সঙ্গে খেলবে রিয়াল, আপাতত রিয়াল কোচের সব মনোযোগ সেদিকেই, ‘এখন কাপ নিয়ে কথা বলার সময়। মৌসুম শেষে যখন সব ফল হাতে পাব, তখন আমরা সেসব নিয়ে বসব ও ঠান্ডা মাথায় পুরো ব্যাপারটা খতিয়ে দেখব।’ তবে দুঃসময়ে শিষ্যদের এখনো পাশেই পাচ্ছেন ‘স্পেশাল ওয়ান’। রিয়াল মিডফিল্ডার জাবি আলোনসো এখনো ভরসা রাখছেন তাঁর ওপরেই, ‘ক্লাব, ড্রেসিং রুম ও সব সমর্থক তাঁর পাশে আছে। আমাদের নিজেদের ওপর আস্থা রাখতে হবে। তার চেয়ে ভালো কাউকে আমরা পেতে পারতাম না।’ এএফপি ও ওয়েবসাইট।