
দিনাজপুরের নিজের বাড়ি থেকে কাল ফোনে যখন কথা বলছিলেন, জিয়াউর রহমানের মনের অবস্থাটা বোঝা যাচ্ছিল পরিষ্কার। এভাবে আন্তর্জাতিক কাবাডি ক্যারিয়ারে দাঁড়ি টানতে চাননি বলে কষ্টটা আরও বেশি, ‘চেয়েছিলাম দলকে কিছু দিয়ে শেষ করব। কিন্তু চোটের কারণে পারলাম না। এটা অনেক বড় বেদনার।’
চোট এশিয়ান গেমসে তাঁকে সেভাবে খেলতেই দিল না। অনেকটা অসহায়ের মতো দেখলেন দলের ভরাডুবি। গত এশিয়াডে ছিলেন না, দল কিছুই জিততে পারেনি। এবার পুরো ফিট না হয়ে খেলতে যাওয়ার মাশুল গুনলেন নিজে। এশিয়াড থেকে বাংলাদেশ ফিরল শূন্য হাতে।
ভারতের কাছে হারটা স্বাভাবিকই। পাকিস্তানের সঙ্গে জেতাও এখন কঠিন হয়ে উঠেছে। জিততে পারেওনি। তুলনামূলক সহজ প্রতিপক্ষ থাইল্যান্ডের সঙ্গে এগিয়ে থেকেও শেষ কয়েক মিনিটের বিপর্যয়ে অবিশ্বাস্য হার! জাতীয় খেলা কাবাডির জন্য এটাই সত্যিকারের হতাশার।
অথচ ১৯৯০ এশিয়াডে কাবাডির সূচনালগ্নে রুপাজয়ী বাংলাদেশ পরের এশিয়াডেও সেটি ধরে রেখেছে। ১৯৯৮ সালে ব্রোঞ্জ। ২০০২ বুসানে রুপা ফিরে পাওয়া বাংলাদেশ ২০০৬ সালে পায় ব্রোঞ্জ। এরপর টানা দুটি গেমসে ব্যর্থতা। বাংলাদেশের কাবাডি হারিয়ে ফেলেছে তার অহংকার।
এখানেই দুঃখ জিয়ার। শেষটা যে কেন এমন হলো! সেই ১৯৯৫ সালে আন্তর্জাতিক কাবাডিতে পা রেখে বিশ্বসেরা রেইডার হলেন। ২০১০ সালে হাঁটুর চোটে পড়ে খেলার বাইরে। ফিট হয়ে সম্প্রতি গিয়েছিলেন ভারতের প্রো-কাবাডিতে। সেখানে ফের চোট। সেই ‘আহত’ জিয়াকে এশিয়াডে থাইল্যান্ড ম্যাচে ম্যাটেই নামাননি তাঁরই বড় ভাই কোচ আবদুল জলিল। এশিয়াডে যাওয়ার আগেই বলেছিলেন, এটাই সম্ভবত শেষ। আর এখন বুঝে ফেলেছেন, কার্যত শেষ হয়ে গেছে তাঁর আন্তর্জাতিক ক্যারিয়ার, ‘আমার ফিটনেসের যা অবস্থা, তাতে মনে হয় না আর আন্তর্জাতিক ম্যাচ খেলা হবে।’
বাংলাদেশের কাবাডিতে একটা অধ্যায়ের সমাপ্তি হতে চলেছে। শুধু তা-ই নয়, কাবাডি ফেডারেশন সংস্কার আনতে চায় দলে, জিয়ার সঙ্গে আরও কয়েকজন বাদ যেতে পারেন। ফেডারেশনের সাধারণ সম্পাদক নজরুল ইসলামের কথায় সেই আভাস, ‘আমাদের কিছু খেলোয়াড় বদলাতে হবে।’ এ ব্যাপারে সিদ্ধান্ত নিতে আজ সভায় বসছে ফেডারেশনের কোচিং ও নির্বাচক কমিটি।
জিয়াকে বাদ দেওয়ার আসলে কিছু নেই। তাঁর এমনিতেই শেষ। ২০০৬ থেকে খেলা আবু সালেহ মুসার নাম আসছে এরপর। বাকিদের ক্যারিয়ার খুব লম্বা নয়। ২০০৭ থেকে খেলছেন মাফতুন হক। ২০১০ সালে আসেন আরদুজ্জামান, টিপু সুলতান, কামাল হোসেন, ফিরোজ জামানরা। এই এশিয়াডে প্রথম খেলেছেন পাঁচজন—জাকির হোসেন, আশরাফুল শেখ, ওমর ফারুক, মাসুদ করিম, সাজিদ হোসেন। এই খেলোয়াড়দের আন্তর্জাতিক অভিজ্ঞতা ছিলই না। বলতে গেলে তাঁদের নিয়ে তারুণ্যনির্ভর একটা দলই গিয়েছিল ইনচনে।
অভিজ্ঞজনেরা বলছেন, বাংলাদেশের কাবাডির বড় সমস্যা অন্যখানে। টুর্নামেন্টে যাওয়ার কদিন আগে ‘উঠ ছুঁড়ি তোর বিয়ে’র মতো তোড়জোড় শুরু হয় ফেডারেশনের দিক থেকে। ক্যাম্প হয় নামমাত্র। আন্তর্জাতিক ম্যাচ খেলা তো হচ্ছে আরও কম। ভারতের মতো প্রো-কাবাডি লিগ দূরে থাক, ঘরোয়া লিগটাকে প্রতিদ্বন্দ্বিতামূলকই করে তুলতে পারে না ফেডারেশন। লম্বা সময়ের জন্য কোনো পরিকল্পনা নেওয়া হয় না। অর্থসংকটকে বর্ম হিসেবে বরাবরই ব্যবহার করা হয়, কিন্তু অর্থ সংগ্রহ করে কাবাডিকে এগিয়ে নেওয়ার কোনো তাগিদ ফেডারেশনের নেই।
ভারতের প্রো-কাবাডি লিগে খেলে আসা আরদুজ্জামান বললেন, ‘আমাদের অনেক বেশি আন্তর্জাতিক ম্যাচ খেলতে হবে। নইলে আমরা আরও পিছিয়ে পড়ব। এটাই আমাদের এশিয়াড শিক্ষা।’
কথাটা ঠিকই আছে। গত গুয়াংজু এশিয়াডের পর চার বছরে বিদেশে খেলতে যায়নি বাংলাদেশ। এমনকি এই চার বছরে জাতীয় দল খেলেনি কোনো আন্তর্জাতিক ম্যাচও। পতনের জন্য আর কোনো কারণ খোঁজার দরকার আছে?