দুঃসময়ের পিঠে সওয়ার স্ট্রাউস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আট মাসও হয়নি, এরই মধ্যে সুখের ঘরে দুঃখের হানা। গত আগস্টে ঘরের মাঠে বিশ্ব চ্যাম্পিয়ন ভারতকে ধবলধোলাই করে টেস্ট র‌্যাঙ্কিংয়ে এক নম্বর স্থানটিতে নিজেদের নাম লিখিয়েছিল ইংল্যান্ড। এর আগে ২৫ বছর পর অস্ট্রেলিয়া থেকে অ্যাশেজ জিতে এসেছিল। ক্ষুরধার ক্রিকেট মস্তিষ্কের জন্য প্রশংসার বন্যায় ভেসেছিলেন অধিনায়ক অ্যান্ড্রু স্ট্রাউস। কিন্তু এসব যেন এখন দূর অতীতের স্মৃতি। দেশের বাইরে টানা চারটি টেস্ট হেরে এক নম্বর জায়গাটি তো হুমকির মুখে পড়েছেই, অণুবীক্ষণ যন্ত্রের নিচে স্ট্রাউসের ব্যাটিং ও নেতৃত্বগুণও। দেশে নিজেদের পরিচিত উইকেটে ভারতকে ৪-০ ব্যবধানে হারানোর আনন্দ উবে যেতে সময় লাগেনি। গত তিন মাসে এশিয়ার স্পিনবান্ধব পিচে একেবারে লেজেগোবরে অবস্থা ইংল্যান্ডের। আরব আমিরাতে ইংলিশ-বধে নেতৃত্ব দিয়েছিল সাঈদ আজমল-আবদুর রেহমান জুটি। তিন টেস্টের সিরিজে এই দুই স্পিনার মিলেই নিয়েছিলেন ৪৩ উইকেট। গল টেস্টেও স্পিনেই জুজু দেখল ইংলিশরা। ২০ উইকেটের ১৮টিই নিলেন হেরাথ-রণদিভ।দেশের মাটিতে খেলা সর্বশেষ ১০ ইনিংসের ৬টিতেই ৪০০ ছাড়িয়েছিল ইংল্যান্ড। অথচ পাকিস্তান ও শ্রীলঙ্কার বিপক্ষে গত চার টেস্টের আট ইনিংসে মাত্র একবারই ৩০০ পেরোতে পেরেছে দলটি। পাঁচবার অলআউট হয়েছে ২০০ রানের নিচে। দলের ব্যাটিংয়ের এই দুরবস্থার দায় স্ট্রাউসের ওপরই বেশি বর্তায়। গত ২৩ ইনিংসে কোনো তিন অঙ্কের ইনিংস খেলতে পারেননি ১৯টি টেস্ট সেঞ্চুরির মালিক। যদিও ৫০ পেরিয়েছিলেন পাঁচবার। সর্বশেষ ৪৮টি টেস্ট ইনিংসে মাত্র একবারই সেঞ্চুরি করেছিলেন এই বাঁহাতি, সেটি ২০১০ সালের অ্যাশেজ সিরিজের কথা। গল টেস্টের দুই ইনিংসে ২৬ ও ২৭ রান করে হেরাথের শিকার স্ট্রাউস অবশ্য আশাবাদী ভাগ্যলক্ষ্মী খুব তাড়াতাড়িই মুখে তুলে তাকাবেন তাঁর দিকে। বদলাবে দলের ভাগ্যও এবং সেটা হয়তো মঙ্গলবার থেকে কলম্বোর পি সারাভানামুত্তু স্টেডিয়ামে শুরু হতে যাওয়া দ্বিতীয় টেস্টেই। আশা তো করবেনই স্ট্রাউস। এই টেস্টটি যে অগ্নিপরীক্ষার অন্য নাম। জিততে না পারলে যে এক নম্বর স্থানটি ছেড়ে দিতে হবে দক্ষিণ আফ্রিকাকে। গত নয় ইনিংসে মাত্র একটি ফিফটি করা স্ট্রাউস অবশ্য নিজের ব্যর্থতা স্বীকার করে নিচ্ছেন, ‘মনে হচ্ছে ভালো ফর্মেই আছি। কিন্তু শেষ পর্যন্ত তো বিচার করা হবে পারফরম্যান্স দিয়ে। আর আমি সেটাই ঠিকমতো করতে পারিনি। অন্যসব ব্যাটসম্যানের মতোই দলে আমার কাজ হলো রান করা। গত ১২ মাসে আমি প্রত্যাশামতো রান করতে পারিনি। এটা খুব হতাশাজনক। তবে আশা করছি আগামী সপ্তায় সব ঠিক হয়ে যাবে।’নিজে তো পারছেনই না, সেই সঙ্গে দলও ব্যর্থ হচ্ছে স্কোরবোর্ডে বড় রান তুলতে। স্পিন খেলতে অক্ষমতাই কি প্রকাশিত হচ্ছে না এতে?তবে শ্রীলঙ্কান অধিনায়ক মাহেলা জয়াবর্ধনে অবশ্য ইংলিশ ব্যাটসম্যানদের সমস্যাটার খুব ভালো ব্যাখ্যা দিয়েছেন ‘এটা শুধু স্পিন বোলিংয়ের ব্যাপার নয়, নির্দিষ্ট একটা কন্ডিশনে কীভাবে খেলেন...এটা মানিয়ে নেওয়ার ব্যাপার। এ নিয়ে ওরা টানা চারটি টেস্ট হেরেছে। সুতরাং কোথাও না কোথাও একটা সমস্যা হয়তো ওদের আছে।’ এএফপি। এশিয়ায় টানা চার টেস্টে হেরেছে ইংল্যান্ড।  শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় টেস্টে জিততে না পারলে হারাতে হবে র‌্যাঙ্কিংয়ে শীর্ষস্থান। অধিনায়ক অ্যান্ড্রু স্ট্রাউসকে নিয়েই এখন বড় প্রশ্ন। ২৩ ইনিংসে কোনো সেঞ্চুরি নেই তাঁর ব্যাট থেকে।