দুঃসময়ের প্রতীক নাসির

১৯৯৯ বিশ্বকাপের সুপার সিক্স ম্যাচে ওভালে খেলছিল পাকিস্তান-জিম্বাবুয়ে। পল স্ট্র্যাংয়ের লেগ স্পিনে বেরিয়ে এসে খেলতে চেয়েছিলেন ইনজামাম-উল হক। ব্যাটে-বলে হলো না, উইকেটকিপার অ্যান্ডি ফ্লাওয়ারও বল জমাতে পারলেন না গ্লাভসে। ইনজামাম পেছনে তাকিয়ে দেখলেন বটে, তবে ক্রিজে ফেরার তাগিদ অনুভব করলেন না। ভঙিটা এমন যে এত কষ্ট কে করে!
আরও কয়েক মুহূর্ত পরে বল কুড়িয়ে স্টাম্প ভাঙলেন ফ্লাওয়ার। ক্রিজের বাইরে দাঁড়িয়ে পুরো প্রক্রিয়াটা তাকিয়ে দেখলেন ইনজামাম। স্টাম্পড হয়ে যখন চেনা আলসে ঢংয়ে হাঁটা দিলেন ড্রেসিংরুমের দিকে, ধারাভাষ্যকক্ষে জিওফ বয়কট বললেন, ‘আমি দলের কোচ হলে শাস্তি হিসেবে ইনজামামকে বলতাম ওভালের চারপাশে ২২টা চক্কর দিতে।’ আফগানিস্তানের বিপক্ষে ম্যাচে নাসির হোসেনকে দেখলে কী বলতেন বয়কট?
ইনজামামের মতো আলসেমি করেননি নাসির। তবে যা করেছেন, তা একই রকম দৃষ্টিকটু। স্কোরকার্ড বলবে সেদিন ৪১ করেছিলেন নাসির, কিন্তু বলবে না কীভাবে করেছিলেন। সম্ভবত ওয়ানডে ইতিহাসের সবচেয়ে কুিসত ৪১ রানের ইনিংসগুলোর একটি।
শুধু চারবার ‘জীবন’ পেয়ে পঞ্চমবারে আউট হয়েছেন বলেই নয়, উইকেটে তাঁর উপস্থিতির প্রতিটি মিনিট সেদিন যেন ছিল চোখ ও মনের জন্য পীড়াদায়ক। সবচেয়ে বেশি চোখে লেগেছে সামিউল্লাহ শেনোয়ারির সঙ্গে তাঁর লড়াই। এই লেগ স্পিনারের একটি বল ডাউন দ্য উইকেট এসে লাগাতে পারেননি ঠিকমতো, সঙ্গে সঙ্গে যেন ব্যপারটিকে চ্যালেঞ্জ হিসেবে নিলেন। পরের চারটি বলই বেরিয়ে এসে তেড়েফুঁড়ে মারতে চাইলেন, যেন ফতুল্লা থেকে বল পাঠাতে হবে গুলিস্তান বা মিরপুরে! শেনোয়ারির পরের ওভারগুলোতেও একই চিত্র। অথচ ধুঁকতে থাকা দল তাঁর কাছে চাইছিল একটি বড় ইনিংস। কিন্তু নাসির যেন নেমেছিলেন বক্সিং বাউটে, ‘একের বিরুদ্ধে এক’ লড়াইয়ে জিততেই হবে! এই পর্যায়ের ক্রিকেটে এমন ছেলেমানুষির নজির খুব একটা চোখে পড়ে না।
সবচেয়ে তরতাজা স্মৃতি বলেই এই ম্যাচকে আনা। না হলে আগের ম্যাচের কথা ভাবুন, মোহাম্মদ সামির স্লোয়ারে তেড়েফুঁড়ে মারতে গিয়েই আউট। তার আগের ম্যাচে ক্যাচ দিয়েছেন লাকমলের ফুলটসে। এর আগের ম্যাচে যখন প্রয়োজন মুশফিককে সঙ্গ দিয়ে একটি জুটি গড়ে তোলা, আউট হলেন অযথাই মেন্ডিসকে ছক্কা মারতে গিয়ে। সেনানায়েকের বলে বেরিয়ে এসে আলসে ড্রাইভ করতে গিয়ে ফিরেছেন এর আগের ম্যাচে। একজন ব্যাটসম্যানের বাজে সময় আসতেই পারে। কিন্তু নাসিরের সবগুলো আউটেই ফুটে উঠেছে নিবেদন আর প্রজ্ঞার অভাব। বাংলাদেশ দলের দুঃসময়ের প্রতীক যেন নাসির। ধুঁকছে দল, ধুঁকছেন নাসির।
অথচ খুব বেশি দিন হয়নি, নাসির ছিলেন বদলে যাওয়া বাংলাদেশের প্রতীক। বাংলাদেশের ক্রিকেটে এসেছিলেন এক ঝলক মুক্ত বাতাস হয়ে। অভিষেক ওয়ানডেতেই ফিফটি, আরেকটি ফিফটি পঞ্চম ইনিংসে, সপ্তম ইনিংসে পাকিস্তানের বিপক্ষে অসাধারণ এক সেঞ্চুরি। তিন সংস্করণেই জায়গা পাকা করে দ্রুতই হয়ে উঠেছেন দলে অপরিহার্য অংশ। বাংলাদেশের দীর্ঘদিনের এক চাওয়াও পূরণ হয়েছিল তাঁকে পেয়ে—‘ফিনিশার’। কিন্তু দলের মতো হঠাত্ করেই বিস্ময়কর রকম বিবর্ণ তিনিও। গত মে মাসেই জিম্বাবুয়ে সফর শেষে ব্যাটিং গড় ছিল ৪৫.২৫, এখন তা ৩৮.৩৭। টানা আট ফিফটিবিহীন ইনিংস ক্যারিয়ারের সবচেয়ে লম্বা খরা। এ তো শুধু ওয়ানডের হিসাব। নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে কোনো ফিফটি পাননি, শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজে তিন ইনিংসে ৭৫। শ্রীলঙ্কার দুটি টি-টোয়েন্টিতে ৮ ও ১৬।
রান খরার চেয়েও বিস্ময়কর মাঠে তাঁর শরীরী ভাষা। ব্যাটিংয়ের চেয়ে নতুন বাংলাদেশের প্রতীক হয়ে উঠেছিলেন তিনি ভয়ডরহীন মানসিকতার জন্যই। অথচ সেই নাসিরের নিবেদন এখন প্রশ্নবিদ্ধ। মাঠের যেকোনো জায়গায় যিনি ছিলেন দলের সবচেয়ে বিশ্বস্ত ফিল্ডার, তাঁর হাত থেকেই ক্যাচ পড়ছে নিয়মিত। স্নায়ুর চাপকে যিনি বুড়ো আঙুল দেখাচ্ছিলেন নিয়মিত, তাঁকেই মনে হচ্ছে বিপর্যস্ত। যেন মাঠে থেকেও নেই। প্রশ্ন উঠছে ব্যক্তিগত জীবনের শৃঙ্খলা নিয়েও। অবশ্য শৃঙ্খলার প্রশ্ন উঠছে মাঠে ফর্মে নেই বলেই। তবে এটাও ঠিক, শৃঙ্খলা না থাকলে খারাপ সময় আসবেই! বয়স অবশ্য এখনো মাত্র ২২, অভিজ্ঞতাও খুব বেশি নয়। তবে প্রশ্নটা যখন নিবেদনের, বয়সটা বরং তাঁর বিপক্ষেই যাচ্ছে। এই বয়সে তো মাঠে প্রতিটি সেকেন্ডে উজাড় করে দেওয়ার কথা নিজেকে!
শুরুর সাফল্য হয়তো আন্তর্জাতিক ক্রিকেটকে অনেক সহজ মনে করিয়েছে নাসিরকে। কঠিন সময় থেকে শিক্ষাটা কি নিতে পারছেন তিনি—সাফল্য ধরে রাখার জন্য চাই ক্যারিয়ারজুড়ে ক্রিকেটের একান্ত অনুগত ছাত্র হয়ে থাকা। শৃঙ্খলা বা ক্রিকেটের মৌলিক ব্যাপারগুলোর সঙ্গে আপস নয়। নাসির যত তাড়াতাড়ি তা বুঝবেন, ততই ভালো। তাঁর জন্য যেমন, তেমনি বাংলাদেশের জন্যও।