দুঃস্বপ্ন ভুলে ঘুরে দাঁড়াতে চান কামরান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অধিনায়কসহ দলের খেলোয়াড়েরা চান তাঁকেই খেলানো হোক, কোচ ও পিসিবি চায় উল্টোটা। এই অবস্থায় চিন্তা-ভাবনা চলছে কামরান আকমলকে শুধু ব্যাটসম্যান হিসেবে খেলানোর। তবে কামরান বলেছেন, শুধু উইকেটের সামনে নয়, পেছনেও দাঁড়াতে চান তিনি। সিডনির দুঃস্বপ্ন ভুলে এগিয়ে যেতে চান সামনে, নিজের ক্যারিয়ারটা সাজাতে চান নতুন করে।‘উইকেটকিপার-ব্যাটসম্যান হয়েই আমি খুশি, শুধু ব্যাটসম্যান নয়। পাকিস্তানের হয়ে উইকেটকিপার-ব্যাটসম্যান হিসেবে আমি গর্বের সঙ্গে খেলেছি, আশা করি আমার ভূমিকাটা একই থাকবে’—কাল যথেষ্ট আত্মবিশ্বাসী শোনাল কামরানের কণ্ঠ। সিডনির দূর্ঘটনা ভুলে সবকিছু এখন আবার নতুন করে শুরু করতে চান, ‘কোনো সন্দেহ নেই, সিডনির পারফরম্যান্স আমার ক্যারিয়ারের জঘন্যতম। এটা ছিল একটা দুঃস্বপ্নের মতো।’ ২০০৪-০৫ মৌসুম পর্যন্ত ব্যাটিংয়ের পাশাপাশি উইকেটকিপিংও কামরানকে রাখে পাদপ্রদীপের আলোয়। তবে এরপর থেকে ব্যাটিংটা ঠিক থাকলেও তাঁর উইকেটকিপিংয়ে দেখা গেছে চরম অধারাবাহিকতা। গুরুত্বপূর্ণ সময়ে দৃষ্টিকটুভাবে মিস করেছেন অনেক ক্যাচ ও স্টাম্পিং। সিডনিতে মাইক হাসির তিনটি ক্যাচ ছাড়ার পর তো তাঁকে দল থেকেই বাদ দেওয়ার দাবি উঠেছে। আগামী টেস্টের আগেই তরুণ উইকেটকিপার সরফরাজ আহমেদকে উড়িয়ে নিয়ে যাওয়া হচ্ছে অস্ট্রেলিয়ায়।সমালোচকদের কথায় ২৭ বছর বয়সী উইকেটকিপার ভেঙে পড়েননি, তবে অনুরোধ করেছেন কিছু বলার আগে তাঁর অতীত পারফরম্যান্সটাও যেন মাথায় রাখা হয়।দলের সঙ্গে যোগ দিচ্ছেন সরফরাজ আহমেদ, ১৪ জানুয়ারি হোবার্ট টেস্টে কামরানের জায়গাটা তাই এখন হুমকির মুখে। তবে ৪৮ টেস্টে ৬ সেঞ্চুরিতে ২৫৫০ রান ও ১৮১ ডিসমিসালের মালিক কামরানের বিশ্বাস, হোবার্টে তিনি খেলবেন এবং ফিরবেন সেরা ফর্মে, ‘সিডনির পারফরম্যান্সে আমিও হতাশ এবং এ জন্য জাতির কাছে ক্ষমা চাই। তবে আমি যথেষ্ট আত্মবিশ্বাসী, আবারও সেরা ফর্মে ফিরব। শুধু পরের টেস্টই নয়, দেশের হয়ে আরও অনেক টেস্ট খেলব।’ নিজের কিপিংয়ে উন্নতির জন্য এখন ইয়ান হিলি ও রশিদ লতিফের মতো সাবেকদের পরামর্শ নেওয়ার চিন্তাভাবনা করছেন কামরান। ওয়েবসাইট।