এমন ম্যাচ একসময় অনেক খেলেছে বাংলাদেশ। কিছুই পাওয়ার নেই। শুধুই খেলার জন্য খেলা।
খেলায় জয়-পরাজয় আছে। তার হাত ধরে পাওয়া না-পাওয়াও। কিন্তু বাংলাদেশের ম্যাচ যেন শুরুর আগেই এটির মীমাংসা করে নামত। টি-টোয়েন্টিতে তো আরও বেশি।
দিন বদলেছে। এমনই বদলেছে যে, আজ নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচটিকে একেবারেই অর্থহীন বলে মনে হচ্ছে! একেকটা জয়কেই একসময় যেখানে হীরকখণ্ড বলে মনে হতো, আজ মনে হচ্ছে—এই ম্যাচে জিতলেই কী, হারলেই কী!
শুধু বাংলাদেশের দৃষ্টিকোণ থেকেই নয়, আজ ইডেন গার্ডেনে এই টি-টোয়েন্টি বিশ্বকাপেরই প্রথম ‘অর্থহীন’ ম্যাচ! যাতে জয়-পরাজয়ে কোনো দলেরই কিছু আসে যায় না।
নিউজিল্যান্ড প্রথম তিন ম্যাচে জিতেই সেমিফাইনালে উঠে বসে আছে। প্রথম তিন ম্যাচেই হেরে কনফার্ম হয়ে গেছে বাংলাদেশের রিটার্ন টিকিট। আজ যা-ই হোক না কেন, আগামীকাল ৪০ মিনিট আকাশ-দূরত্বের ঢাকায় ফিরে যাচ্ছেন মাশরাফিরা। না, এমন ম্যাচ অনেক দিন খেলেনি বাংলাদেশ।
কাকতালীয়ই বলতে হবে, সর্বশেষ এমন ম্যাচটিও এই নিউজিল্যান্ডের বিপক্ষেই। ২০১৫ বিশ্বকাপে হ্যামিল্টনে বাংলাদেশ-নিউজিল্যান্ড ম্যাচটিও এক অর্থে অর্থহীনই ছিল। পার্থক্য হলো, সেডন পার্কে সেদিন মাঠে নেমেছিল কোয়ার্টার ফাইনালে ওঠার আনন্দে উদ্ভাসিত বাংলাদেশ। জয়-পরাজয়ের সামান্য যে তাৎপর্য ছিল, তা কোয়ার্টার ফাইনালে কোথায় কার বিপক্ষে খেলা নিয়ে। সিডনিতে শ্রীলঙ্কা না মেলবোর্নে ভারত?
সেই বিশ্বকাপ আর এই বিশ্বকাপ। নিউজিল্যান্ডের বিপক্ষে সেই ম্যাচ আর নিউজিল্যান্ডের বিপক্ষে এই ম্যাচ। পার্থক্যটা বোঝাতে শুধু দুটি ফ্লাইটের ভিডিও থাকলেই হতো! অ্যাডিলেডে ইংল্যান্ডকে হারানোর পর দিন বাংলাদেশ দলের হ্যামিল্টনমুখী অকল্যান্ড-যাত্রায় সঙ্গী হয়েছিলাম। ভারতের কাছে ওই হৃদয় এফোঁড়-ওফোঁড় করে দেওয়া পরাজয়ের পর দিন বেঙ্গালুরু থেকে কলকাতা-যাত্রায়ও। প্রথমটি যদি হয় আকাশে এক আনন্দযজ্ঞ, দ্বিতীয়টি যেন শবযাত্রা!
কলকাতায় নেমে বাংলাদেশ দল হোটেলে চেক-ইন করেছে এক ঘণ্টাও হয়নি, স্টার স্পোর্টসে বাংলাদেশ-ভারত ম্যাচের হাইলাইটস। ঘণ্টা চারেক পর ডিনার করতে মাশরাফি-সাকিব-তামিমরা যখন হোটেলের রেস্টুরেন্টে, আবারও সেটির পুনঃপ্রচার। যেটি শুরু হওয়ামাত্র মাশরাফি ও তামিম ওয়েটারকে ডেকে বললেন, ‘চ্যানেলটা একটু বদলে দিন তো!’ ওয়েটার রিমোটে চাপ দিতেই পর্দায় লোকসভা অধিবেশন। মাশরাফি বললেন, ‘হ্যাঁ, হ্যাঁ, এটাই ভালো। লোকসভাই দেখি।’
সাকিবের জন্য আইটিসি সোনার হোটেল অনেকটা নিজের বাড়ির মতোই। আইপিএলের সময় এটাই কেকেআরের বেস ক্যাম্প। প্রতিবছরই তাই এখানে তাঁর মাস খানেক থাকা হয়। দিনটিও ছিল বিশেষ কিছু। তাঁর ২৯তম জন্মদিন। যে জন্মদিন স্মরণীয় এক জয়ের রঙে রঙিন হতে পারত, সেটিই কিনা এমন বিষাদে মাখা! ‘হ্যাপি বার্থডে’ বলে বাড়িয়ে দেওয়া হাতগুলোর সঙ্গে বিষণ্ন হাসিমুখে হাত মেলালেন।
সাবেক অধিনায়ক ও বিসিবির অন্যতম পরিচালক আকরাম খানও ছিলেন ওই আড্ডায়। সঙ্গে তাঁর স্ত্রী সাবিনা আকরামও। বিসিবি সভাপতি নাজমুল হাসানেরও যাতে সস্ত্রীক উপস্থিতি। নানা দিকেই ডালপালা মেলল সেই আড্ডা। কখনো ডিজাইনার পোশাকের প্রতি তামিমের দুর্বলতা নিয়ে তাঁর পেছনে লাগলেন মাশরাফি। কখনো বা মোবাইলে ভিডিও করে রাখা মাশরাফি-পুত্রের কাণ্ডকীর্তি দেখে হাসির হুল্লোড়। কিন্তু সেই হাসি স্তিমিত হতে না হতেই আবার ফিরে এল বেঙ্গালুরু। হাতের মুঠো থেকে ফেলে দেওয়া জয়। শেষ তিন বলের ওই দুঃস্বপ্ন।
কাল দুপুরে ইডেনে মাশরাফির সংবাদ সম্মেলনেও পর দিনের প্রতিপক্ষ নিউজিল্যান্ডকে নিয়ে যত না প্রশ্ন হলো, তার চেয়ে অনেক বেশি ওই পরাজয় নিয়ে। পুরো দলকে যে একটা শোকের আবহ ঘিরে রেখেছে, এটা যেমন বললেন মাশরাফি, তেমনি এই দুঃস্বপ্ন পেছনে ফেলে সামনে তাকানোর কথাও। ‘এভাবে হারাটা মেনে নেওয়া কঠিন। তবে আমি আগেও বলেছি, বাংলাদেশের ক্রিকেট তো আর এখানেই থেমে থাকবে না। সামনে নিশ্চয়ই ভালো কিছু আছে’—দুঃখ-ব্যথা নিজের বুকেই লুকিয়ে রেখে মাশরাফি যেন নীলকণ্ঠ হতে চাইলেন।
কিন্তু চাইলেই তো হবে না। চিন্নাস্বামীতে ওই ভুতুড়ে কাণ্ড না ঘটলে এই ম্যাচটাই কেমন এক রোমাঞ্চের ব্যাপার হতো, সেই আফসোস যে পিছু ছাড়তে চাইছে না। তখন নিউজিল্যান্ডের বিপক্ষে জিতলে সেমিফাইনালের হাতছানি থাকত। এখন যা শুধুই আরেকটি ম্যাচ। বাংলাদেশের অনুশীলনও ছিল তাই ঐচ্ছিক। বেশির ভাগ খেলোয়াড়ই ইডেনমুখো হননি।
অথচ বিশ্বকাপের শুরুতে এই ম্যাচটা নিয়ে বাড়তি একটা রোমাঞ্চ ছিল বাংলাদেশের ক্রিকেটারদের মনে। অস্ট্রেলিয়া-ভারতকে একটু কঠিন ধরে নিয়ে ‘পাখির চোখ’ করা হয়েছিল তো প্রথম ও শেষ ম্যাচ দুটিকেই। প্রথম ম্যাচ পাকিস্তান, এশিয়া কাপে যাদের হারানোর আত্মবিশ্বাস নিয়েই মাশরাফিদের ভারত-যাত্রা। আর উপমহাদেশীয় কন্ডিশনে নিউজিল্যান্ড তো অনেক দিনই বাংলাদেশের প্রিয় প্রতিপক্ষ।
অথচ সেই ভারত-অস্ট্রেলিয়ার বিপক্ষেই বরং ভালো খেলল বাংলাদেশ। আর পাকিস্তানের কাছে অসহায় আত্মসমর্পণ। দেশের মাটিতে যে নিউজিল্যান্ডকে বলে-কয়ে হারিয়েছে বাংলাদেশ, সেই নিউজিল্যান্ডও এই বিশ্বকাপের বিস্ময়রূপে আবির্ভূত। ব্রেন্ডন ম্যাককালামের থাকা না-থাকায় যাদের কিচ্ছু আসে যাচ্ছে না। উপমহাদেশীয় টার্নিং উইকেটেও যারা অদম্য। ম্যাচটা তাই কঠিনই হবে।
তাতে কীই-বা আসে যায়! এই ম্যাচ জিতলেই কী হারলেই কী!
ভুল বলা হলো। বিশ্বকাপের বৃহত্তর প্রেক্ষাপটে এই ম্যাচে জয়-পরাজয়ের হয়তো কোনো তাৎপর্য নেই, তারপরও এ থেকে কিছু পাওয়ার আছে মাশরাফিদের।
চিন্নাস্বামীতে ‘শেষ তিন বলের দুঃস্বপ্ন’ থেকে একটু মুক্তি!