দুঃস্বপ্নেই শেষ গেইলের সফর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজও হলো না; বাংলাদেশ সফর এক দুঃস্বপ্নই হয়ে রইল ক্রিস গেইলের। যে টি-টোয়েন্টি ক্রিকেটে এই ক্যারিবীয় ব্যাটসম্যানের ব্যাটিং কাঁপন ধরায় প্রতিপক্ষের বুকে, সেই টি-টোয়েন্টিতেও তিনি ব্যর্থ। রুবেল হোসেনের একটি দারুণ বল ব্যাট ও প্যাডের ফাঁক গলে ভেঙে দিল ক্রিস গেইলের স্ট্যাম্প। বাংলাদেশ সফরের শেষ ম্যাচেও ক্রিস গেইল প্যাভিলিয়নে ফিরলেন অল্প রানেই।আজকের ম্যাচে ৬ রানে আউট হয়েছেন গেইল। এই ৬ রান করতে অবশ্য বেশি বল নষ্ট করেননি তিনি; তাঁর সাত বল মোকাবিলায় একটি চারের মারও রয়েছে।বাংলাদেশ সফরে গেইলের দুঃস্বপ্নের যাত্রা শুরু করেছিলেন অফ স্পিনার সোহাগ গাজী। টেস্ট সিরিজে তিনিই গেইলকে আউট করেছেন একাধিকবার। আজকের টি-টোয়েন্টি ম্যাচে গেইলের ঘাতক রুবেল হোসেন টেস্ট সিরিজেও অবশ্য একবার ফিরিয়েছেন তাঁকে। ওয়ানডে সিরিজেও গেইলের দুঃখ ছিলেন সোহাগ গাজী, সঙ্গে যুক্ত হয়েছিলেন মাশরাফি। সিরিজের শেষ ওয়ানডেতে গেইলকে ফিরিয়েছিলেন শফিউল ইসলাম। মোটকথা, বাংলাদেশের প্রায় সব শীর্ষ বোলারেরই শিকারে পরিণত তিনি।আসলেই, গেইল এই সিরিজটা ভুলে যেতে চাইবেন দ্রুত।