দুঃস্বপ্নের ঘোরে দেল বস্ক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যেন চোখ খুললেই দেল বস্ক দেখবেন,  সব যেন নিতান্তই ঘুমঘোরে দেখা  দুঃস্বপ্ন l এএফপি
যেন চোখ খুললেই দেল বস্ক দেখবেন, সব যেন নিতান্তই ঘুমঘোরে দেখা দুঃস্বপ্ন l এএফপি

এমনিতে তাঁর পাথুরে মুখে কোনো অভিব্যক্তি খুঁজে পাওয়া মুশকিল। পরশু সেই ভিসেন্তে দেল বস্কের চোখেমুখে হতাশা, ক্লেদ, ক্ষোভ মিলেমিশে একাকার। শেষ বাঁজি বাজার সঙ্গে সঙ্গে স্থাণুর মতো দাঁড়িয়ে রইলেন। যেন ঘোরগ্রস্ত হয়ে ভাবছিলেন, এই কয়েক দিন যা ঘটে গেল সেটা কি আসলেই বাস্তব? যেন চোখ খুললেই দেখতে পাবেন সবই ছিল স্রেফ একটা দুঃস্বপ্ন!
দেল বস্ক চান আর না চান, বাস্তবতার রুক্ষ প্রান্তরে আজ তাঁকে রিক্ত হাতে দাঁড়াতে হচ্ছে। টিকি-টাকা সাম্রাজ্যের সূর্যটা এখন অস্তাচলে, সেই গোধূলিবেলার বেদনাময় লালিমা তো বুকে পাথর বেঁধে তাঁকেই দেখতে হয়েছে। স্পেন কোচ স্বীকার করেছেন, দলের এই দুর্দশা এত তাড়াতাড়ি কল্পনাও করেননি, ‘আপনি যদি আগে বলতেন গ্রুপপর্ব থেকেই আমরা বাদ পড়ে যাব, কখনোই বিশ্বাস করতাম না। এখন আমাদের শান্ত থাকতে হবে, আমার ও স্পেনের জন্য কী ভালো সেটা নিয়ে ভাবতে হবে।’
সবাই যেমনটা বলছে, বিশ্ব ফুটবলে একটা যুগাবসান হয়ে গেল? দেল বস্ক যেন প্রছন্ন সায় দিচ্ছেন তাতে, ‘এটা সত্যি যখন বিশ্বকাপে খারাপ কিছু হয় সেটার একটা পরিণতি আপনাকে ভোগ করতেই হবে। তবে সামনে কী হবে সেটা নিয়ে ভাবার অনেক সময় আছে।’
কিন্তু কেন স্পেন আকাশ থেকে ধপ করে মাটিতে নেমে এল? দেল বস্কের ব্যবচ্ছেদ, ‘আমরা খুবই শ্লথ ছিলাম, শুরু থেকেই নাজুক ছিলাম। ব্যর্থতার ভয় আমাদের পেয়ে বসেছিল। সেই ব্যর্থতার জন্য আমি শুধু ক্ষমাই চাইতে পারি। চিলির সঙ্গে আমরা ভালো খেলতে পারিনি।’
দলের সঙ্গে ২০১৬ ইউরো পর্যন্ত চুক্তি আছে বর্ষীয়ান এই কোচের। কিন্তু এমন নিদারুণ ব্যর্থতার পর কি আদৌ থাকতে পারবেন? দেল বস্ক নিজের সিদ্ধান্ত নিয়ে কিছু বলেননি। তবে ছাত্রদের পূর্ণ সমর্থনই পাচ্ছেন। সার্জিও রামোস তো বললেনই, ‘ভিসেন্তে দেল বস্কের প্রতি আমাদের যথাযথ শ্রদ্ধা রয়েছে, তিনি যে সিদ্ধান্ত নেবেন সেটাই আমরা সমর্থন করব।’ ওয়েবসাইট৷