দুঃস্বপ্নের নাম টাইব্রেকার
টাইব্রেকার ফুটবল ইতিহাসে জন্ম দিয়েছে অনেক কান্না-হাসির নাটক। এই ‘লটারি’ ভাগ্যে কপাল পোড়াদের সংখ্যা নিতান্ত কম নয়। তবে এর মধ্যে ইংল্যান্ড-ইতালির নামই আসবে সবার আগে। বেশি পেছনে তাকাতে হবে না, সেই ১৯৯০ সাল থেকেই টাইব্রেকার যেন দুই দলের কাছে বিভীষিকা।১৯৯০ সালের বিশ্বকাপের সেমিফাইনালে আর্জেন্টিনার কাছে ইতালির ও জার্মানির কাছে ইংল্যান্ডের হার ওই টাইব্রেকার নাটকেই। ’৯৪ বিশ্বকাপে আক্ষেপটা ছিল শুধু ইতালির, ‘ডিভাইন পনিটেল’ রবার্তো বাজ্জোর সেই অবিশ্বাস্য পেনাল্টি মিস এখনো অনেকের চোখ ভাসে। দুই বছর পর ’৯৬ ইউরোতে জুজুটা পেয়ে বসে ইংল্যান্ডকে, শেষ চারে জার্মানির কাছে তারা হারে পেনাল্টি শ্যুটআউটেই! তবে কোয়ার্টার ফাইনালে স্পেনকে টাইব্রেকে হারিয়েই শিরোপার মাত্র দুটি সিঁড়ি দূরে দাঁড়িয়েছিল ইংল্যান্ড। এরপর আবার ’৯৮ বিশ্বকাপে ইংল্যান্ড-ইতালি জোড় বেঁধে হারে পেনাল্টি শ্যুটআউটে। দ্বিতীয় রাউন্ডে আর্জেন্টিনার বিপক্ষে পেনাল্টি মিসের জন্য পল ইনস ও ডেভিড বেটি আজীবন পুড়বেন আফসোসে। দিন কয়েক পরই ইতালিও হয় একই পথের যাত্রী। সেবারের চ্যাম্পিয়ন ফ্রান্সের কাছে হেরে যায় শেষ আটে। দুর্ভাগ্যের চক্রে ঘুরপাক খেতে খেতে অবশেষে আলোর দেখা পায় ইতালি। ২০০০ ইউরোতে হল্যান্ডকে পেনাল্টি শ্যুটআউটে হারিয়ে তারা পৌঁছে যায় ফাইনালে। কিন্তু ফাইনালে ওই ফ্রান্সই গোল্ডেন গোলে হারায় ইতালিকে। দুর্ভাগ্যের বৃত্ত থেকে বেরোতেই যেন পারছিল না ইংল্যান্ড। ইউরো ২০০৪ সালে পর্তুগাল তাদের আবারও হতাশায় ডোবায় টাইব্রেকারে। এই পর্তুগালই দুই বছর পর আবার তাদের ঘাতক। জার্মানি বিশ্বকাপের শেষ আটে তারা ৩-১-এ হারে টাইব্রেকারেই। ২০০৬ বিশ্বকাপ ফাইনালে ফ্রান্সকে পেনাল্টি শ্যুটআউট ‘লটারিতে’ হারিয়ে সোনালি ট্রফিতে চুমু খান ক্যানাভারো-বুফনরা। ইতালি যদি এরপর ভেবে থাকে টাইব্রেকার ভীতি কাটিয়ে ওঠা গেছে, সেটা ছিল ভুল। দুই বছর পর ইউরোতে স্পেনের কাছে ওই শ্যুটআউটেই হেরে যায় আজ্জুরিরা। দুই দলের জন্যই টাইব্রেকার তাই এক দুঃস্বপ্নের নাম। আজ যদি আরেকটা টাইব্রেকার নাটক হয়, শেষ হাসিটা কে হাসবেন? সিজারে প্রানদেল্লি, না রয় হজসন? এএফপি।