দুঃস্বপ্নের প্রহর বাড়ল ময়েসের
খেলা চলছিল যোগ করা সময়ের। যেকোনো সময় রেফারি বাজিয়ে দেবেন শেষ বাঁশি। জয় উদ্যাপনের অপেক্ষায় ওল্ড ট্রাফোর্ড। এমন সময় প্রতিপক্ষ সীমানায় বল পেয়ে গেল ফুলহাম। কিরান রিচার্ডসনের শট ঠেকিয়ে দিলেন ডেভিড ডি গিয়া। কিন্তু ফাঁকায় দাঁড়ানো ড্যারেন বেন্ট হেড করে বল জড়িয়ে দিলেন জালে। যে ‘ফার্গি টাইমে’ গোল করাটাকে অভ্যাস বানিয়ে ফেলেছিল ম্যানচেস্টার ইউনাইটেড, সেই সময়টাই এখন তাদের জন্য মূর্তিমান অভিশাপ। পরশু আবারও যোগ করা সময়ে গোল খেয়ে ইউনাইটেড ২-২ গোলে ড্র করেছে ফুলহামের সঙ্গে।
চোট কাটিয়ে ফিরেছেন ওয়েইন রুনি ও রবিন ফন পার্সি। ক্লাবের ইতিহাসে সবচেয়ে বেশি ট্রান্সফার ফি দিয়ে আনা হুয়ান মাতাও আছেন। তার পরও ইউনাইটেডের ‘ওল্ড ট্রাফোর্ড দুর্দশা’ যেন ঘুচছে না। এই মৌসুমে নিজেদের মাঠে ১৩ ম্যাচে জয় মাত্র সাতটিতে। ডেভিড ময়েস তো এই পরাজয়ে একেবারে হতভম্ব, ‘আজকের চেয়ে বাজে আর কিছু হতে পারত না। খেলায় আমাদের আধিপত্য ছিল। এক গোল পিছিয়ে থাকাটাই যথেষ্ট খারাপ ছিল। গোলে আমরা যত শট নিয়েছি, যত সুযোগ তৈরি করেছি, অবিশ্বাস্য। কীভাবে জিততে পারলাম না, কিছুই বুঝতে পারছি না।’
ফুলহামের বক্সে স্রোতের মতো ক্রস ফেলেছে ইউনাইটেড, সব মিলিয়ে ৮২টি! তার পরও তারা পিছিয়ে ছিল ম্যাচের ৭৭ মিনিট পর্যন্ত। ১৯ মিনিটে স্টিভ সিডওয়েল ওল্ড ট্রাফোর্ডকে হকচকিয়ে এগিয়ে দেন ফুলহামকে। এরপর একের পর এক আক্রমণ মাথা কুটে মরছিল ফুলহামের রক্ষণদেয়ালে। শেষ পর্যন্ত সমতাসূচক গোল আসে ৭৮ মিনিটে রবিন ফন পার্সির সৌজন্যে। দুই মিনিট পরই মাইকেল ক্যারিক গোল করে এগিয়ে দেন স্বাগতিকদের। কিন্তু কে জানত, বেন্টের গোল ইউনাইটেডকে আশাহত করবে!
এই ধাক্কাটা সামলে উঠতে না-উঠতেই নতুন পরীক্ষা ইউনাইটেডের সামনে। আগামীকাল এমিরেটসে খেলতে হবে আর্সেনালের সঙ্গে। এ ম্যাচে হেরে গেলে চ্যাম্পিয়নস লিগ খেলার আশাটা অনেক দূরে মিলিয়ে যাবে। তবে ময়েস এখনো আশাবাদী, ‘আমাদের পরের খেলার দিকে তাকাতে হবে। খেলোয়াড়েরা খানিকটা দমে গেছে বটে, কারণ ফলগুলো তাদের পক্ষে যাচ্ছে না। তারা সবাই দারুণ পেশাদার, অনুশীলনে আমি যা দেখছি তাতে তারা ফিরে আসবে বলেই আমার বিশ্বাস।’ এএফপি।
পয়েন্ট টেবিল
ম্যাচ জয় ড্র হার গোল পয়েন্ট
চেলসি ২৫ ১৭ ৫ ৩ ৪৭/২০ ৫৬
আর্সেনাল ২৫ ১৭ ৪ ৪ ৪৮/২৬ ৫৫
ম্যান সিটি ২৫ ১৭ ৩ ৫ ৬৮/২৭ ৫৪
লিভারপুল ২৫ ১৫ ৫ ৫ ৬৩/৩০ ৫০
টটেনহাম ২৫ ১৫ ৫ ৬ ৩২/৩২ ৪৭