দুঃস্বপ্নের সফর শেষ!
স্বপ্নটা ছিল অনেক বড়—অস্ট্রেলিয়ায় প্রথম টেস্ট সিরিজ জয়। সেই স্বপ্ন রূপ নিয়েছে ধবলধোলাইয়ের দুঃস্বপ্নে।বাকি ছিল ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ। বিশ্বকাপ জয়ের বছরও ঘোরেনি—এখানে ভারত কিছু করতেই পারে। সেটিও হলো না। ফাইনালে উঠতে ব্যর্থ ভারতীয় দল কাল অস্ট্রেলিয়া থেকে উড়াল দিল দেশের উদ্দেশে। পেছনে পড়ে রইল প্রশ্নে জর্জরিত তিন মাসের দুঃসহ এক সফর।এই সফর তারকা ব্যাটসম্যান শচীন টেন্ডুলকারের শততম আন্তর্জাতিক সেঞ্চুরি ছুঁতে না পারার ব্যর্থতারই প্রতীক যেন। অস্ট্রেলিয়ায় পঞ্চম সফরে এই প্রথম সেঞ্চুরির দেখা পেলেন না টেন্ডুলকার। যেখানেই খেলতে নেমেছেন, মাঠে নামা কিংবা বেরোনোর সময় উঠে দাঁড়িয়ে সম্মান জানিয়েছে জনতা। কিন্তু টেস্টে আটটি ও ওয়ানডেতে সাতটি ইনিংস খেলেও অধরাই রইল ‘সেঞ্চুরির সেঞ্চুরি’। টেন্ডুলকার নিজে কী ভাবছেন, সেটি জানার উপায় নেই। সফরে অন্যরা ম্যাচের আগে-পরে সংবাদ সম্মেলনে এসেছেন। কিন্তু টেন্ডুলকার নিজেকে বন্দী করে রেখেছেন মৌনতার ঘেরাটোপে।দ্রাবিড়-লক্ষ্মণের মতো বয়সী তারকাদের নিয়ে বড় প্রশ্ন উঠে গেছে। এমনকি কিছুদিন আগেও অকল্পনীয় ঘটনার জন্ম দিয়েছে এই সিরিজ—প্রশ্ন উঠেছে টেন্ডুলকার কেন অবসর নিচ্ছেন না? প্রশ্নের তো আসলে শেষ নেই। অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির নেতৃত্ব আর বীরেন্দর শেবাগের ব্যাটিং-জড়তাও ঝড় তুলেছে সমালোচনার। সাবেক অধিনায়ক সুনীল গাভাস্কার আবার প্রশ্ন তুলেছেন, ভারত যেভাবে অস্ট্রেলিয়ায় হেরেছে, তা আদৌ ধোনির দলের গায়ে লেগেছে কি না! ‘একটা ফিফটি বা সেঞ্চুরি, কিংবা একটা উইকেট ফেলার মুহূর্তে ভারতীয়দের ফেটে পড়তে দেখা গেছে। কিন্তু ক্যাচ ফেলার পর দেখা গেছে হাসতে। ভারতীয় দলের মানসিকতা বোঝা বড় দায়।’ বলেছেন গাভাস্কার।ভারতীয় দলের সফরসঙ্গী এক সাংবাদিকের কাছেও মনে হয়েছে, খেলোয়াড়েরা যেন দেশে ফিরতে পারলেই বাঁচেন। ভারতের ভাগ্যনির্ধারণী অস্ট্রেলিয়া-শ্রীলঙ্কা শেষ গ্রুপ ম্যাচটির সময় দলের কর্মকাণ্ডেই এমন মনে হয়েছে তাঁর। তিনি লিখেছেন, ‘টিম হোটেলে দলের সবাই একসঙ্গে ম্যাচের প্রথমার্ধটা দেখেছে, তারপর সবাই মিলে চলে গেছে রাতের খাবার খেতে।’ আরেক সাংবাদিককে এক খেলোয়াড় বলেছেন, ‘যে দল (শ্রীলঙ্কা) অস্ট্রেলিয়াকে টানা তিনবার হারায়, তাদেরই ফাইনালে খেলা উচিত।’সাংবাদিকদের কাছেই ভারতীয় দলের কেউ কেউ তিন মাসের সফরে ঘরকাতর হয়ে পড়ার কথা জানিয়েছেন। ফাইনালে উঠতে না পারার একটা ইতিবাচক দিকও দেখছেন তাঁরা, কটা দিন বিশ্রাম নিয়ে খেলতে যাওয়া যাবে বাংলাদেশে অনুষ্ঠেয় এশিয়া কাপে। পরিচিত আঙিনায় ফিরে এশিয়া কাপ জিততে পারলে হতাশ-ক্ষুব্ধ ভারতীয় সমর্থকেরা সবকিছু ভুলে যাবেন—এটা তো খেলোয়াড়দের জানাই। ভারতীয় ক্রিকেট তো এমনই! এএফপি।