দুঃস্মৃতি দিচ্ছে জয়ের প্রেরণাও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সব স্মৃতি মনে রাখে না মানুষ। যেমন রাখছেন না মোহাম্মদ আশরাফুল। ২০০৯ সালের কিছু ছবি তিনি মুছে ফেলতে চান স্মৃতির অ্যালবাম থেকে। কেন মনে রাখবেন? ওসব যে ক্যারিয়ারটাই করে দিয়েছিল নড়বড়ে! কেড়ে নিয়েছিল অধিনায়কত্ব। তিক্ত স্মৃতি ভুলে আশরাফুলের চোখ এখন সামনে। কাল ২৯তম জন্মদিনে পেছন ফিরে না তাকানোর প্রতিজ্ঞাই করলেন বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক।সামনে তাকাচ্ছেন মুশফিকুর রহিমও। তবে অধিনায়ক যেহেতু, ফেলে আসা পথটাতেও চোখ বোলাতে হয়। স্মৃতির অ্যালবাম থেকে আশরাফুলের ছিঁড়ে ফেলা পাতা থেকেই মুশফিক নিতে চান প্রেরণা আর জেদ। টি-টোয়েন্টি ক্রিকেটে আয়ারল্যান্ডের বিপক্ষে এখন পর্যন্ত শতভাগ ব্যর্থ বাংলাদেশ। এক ম্যাচ খেলে এক ম্যাচেই হার, শতভাগই তো! সেই হার কাঁপিয়ে দিয়েছিল দেশের ক্রিকেটকে। নটিংহামে আয়ারল্যান্ডের কাছে হেরে ২০০৯ টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে ছিটকে গিয়েছিল বাংলাদেশ। প্রথম ম্যাচে ভারতের কাছে হারলেও আইরিশদের বিপক্ষে জয় সুপার এইটের দরজা খুলে দিত। সেটা হয়নি। উল্টো ৬ উইকেটে হেরে দেশে ফেরা দলটা পড়ে যায় বিতর্কের আবর্তে। শৃঙ্খলা নিয়ে প্রশ্ন ওঠে। অধিনায়কত্ব হারিয়ে বলির পাঁঠা হন আশরাফুল।মিরপুরে কাল অনুশীলন শেষে স্মৃতিটা মনে করিয়ে দিতে দুই রকম প্রতিক্রিয়া পাওয়া গেল আশরাফুল ও মুশফিকের কাছ থেকে—মোহাম্মদ আশরাফুল: সেসব মনে করতে চাই না। সব ভুলে গেছি। আমি এখন জানি, এই দেড়-দুই বছর আমাকে টানা ভালো খেলে দলে জায়গা নিশ্চিত করতে হবে। সেটা যার বিপক্ষেই খেলি বা যেখানেই খেলি।মুশফিকুর রহিম: অবচেতনে হলেও স্মৃতিটা ফিরে আসবে। তবে একই সঙ্গে অন্য রকম একটা জেদও আসছে ভেতরে—ওই স্মৃতিটা ভুলিয়ে দেওয়ার জেদ। আমরা আগে যে রকম দল ছিলাম, এখন তার চেয়ে অনেক ভালো। ভালো কিছু করার আত্মবিশ্বাস জন্মেছে।অধিনায়কের কথা যেন পুরো দলের ভাবনার প্রতিচ্ছবি। ২০০৯-এর ওই ম্যাচে দলের হয়ে সবচেয়ে বেশি রান (৩৬*) আর উইকেট (২) পাওয়া মাশরাফি বিন মুর্তজা মনে করছেন, আয়ারল্যান্ডের বিপক্ষে এবারের সিরিজে ফিরে আসতে পারে তিন বছর আগের স্মৃতি। তবে মাঠেও তিন বছর আগের ঘটনার পুনরাবৃত্তি ঘটবে, এটা ভাবার মতো নৈরাশ্যবাদী তিনি নন, ‘টি-টোয়েন্টি ক্রিকেটে আমরা যতটা দুর্বল, আয়ারল্যান্ড ততটাই শক্তিশালী। অবচেতনে হলেও ২০০৯-এর কথা তাই মনে আসতে পারে। তবে দল হিসেবে আমরা এখন আগের চেয়ে অনেক ভালো। এবারের সিরিজ তাই একটা সুযোগও। টি-টোয়েন্টিতে আমরা এখনো র‌্যাঙ্কিংয়ে নেই। এবার সুযোগটা নিতে চাই।’২০০৯-এর দুঃস্মৃতি ভুলতে তখনকার তুলনায় এখন নিজেদের অনেক ভালো দল ভাবাটাকে যেন মন্ত্র হিসেবে নিয়েছে বাংলাদেশ দল। মুশফিক, মাশরাফির মতো তামিম ইকবালের কথায়ও একই সুর। পায়ের চোট পুরোপুরি সারেনি এখনো। ওদিকে মা অসুস্থ হয়ে পড়ায় তামিমকে যেতে হয়েছিল চট্টগ্রামে। কাল সন্ধ্যায় ঢাকায় ফেরা এই ওপেনারও টেলিফোনে মাশরাফি-মুশফিকদের মতো বললেন, ‘পুরোনো কিছু নিয়ে পড়ে থাকার সুযোগ নেই, সামনে তাকাতে হবে। দল হিসেবে আমরা আগের চেয়ে অনেক ভালো অবস্থানে। আয়ারল্যান্ডের মাটিতে আয়ারল্যান্ডকে হারানো কঠিন হলেও মনের মধ্যে এই চিন্তা নিয়ে খেললে হবে না।’অধিনায়ক মুশফিকের বিশ্বাস, এবার সে রকম হবেও না। টি-টোয়েন্টি ক্রিকেটে বাংলাদেশের ধারাবাহিকতা ধরে না রাখতে পারার দিন শেষ মনে হচ্ছে তাঁর কাছে এবং এই উপলব্ধি আসছে গত জিম্বাবুয়ে সফর থেকে, ‘টি-টোয়েন্টি ক্রিকেটে আমরা ধারাবাহিকভাবে ভালো খেলি না। তবে জিম্বাবুয়ে সফরে প্রথম ম্যাচের পর থেকে আমরা ধারাবাহিক। আয়ারল্যান্ড ও হল্যান্ডে এটা ধরে রাখতে চাই। জয়ের লক্ষ্য অবশ্যই থাকবে। চেষ্টা থাকবে উন্নতিরও।’এক ম্যাচ খেলে যেখানে ব্যর্থতার হার শতভাগ, উন্নতির মানেও কিন্তু সেখানে জয়-ই। রিচার্ড পাইবাস কাল খেলোয়াড়দের কাছে জানতে চেয়েছিলেন টি-টোয়েন্টি বিশ্বকাপের আগের এই তিন মাসে কার কী পরিকল্পনা, কী প্রত্যাশা। সেখানেও নাকি ঘুরেফিরে এসেছে ভালো কিছু অর্জনের প্রতিজ্ঞা।