দুই অধিনায়কই চাইছেন জয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্রিস গেইলের কলাম প্রথম আলো ছাপে কেন? কদিন আগে এক পাঠকের আচমকা ফোন-জিজ্ঞাসার মুখোমুখি হয়েছিল ক্রীড়া বিভাগ। উষ্মা নিয়ে সেই পাঠকের মন্তব্য, ‘গেইল পুরো বিশ্বের কাছে বাংলাদেশকে ছোট করেছেন!’ ঢিলটা গেইলই খেয়েছেন, নিরাপত্তা নিয়ে আতঙ্কিত হয়ে পড়েছিল গেইলের দলই—কোনো যুক্তিতেই সেই পাঠককে শান্ত করা গেল না। তাঁর একটাই কথা, ‘গেইল এখন আমাদের শত্রু!’আজ সেই পাঠক ‘শত্রু’ গেইলেরও মঙ্গল কামনা করবেন নিশ্চয়ই। মনেপ্রাণে চাইবেন যেন ঝড় ওঠে গেইলের ব্যাটে। সেই ঝড় বয়ে যাক কাইরন পোলার্ডের ব্যাটে। মাঝখানে যেন পাথরের দৃঢ়তা নিয়ে ব্যাট করেন ডেভন স্মিথ, শিবনারায়ণ চন্দরপল, রামনরেশ সারওয়ান। যেন তালগাছ-উচ্চতার সুলিমান বেনের স্পিন-বিষে নীল হয়ে যায় ট্রট-স্ট্রাউসরা। কেমার রোচ যেন আগুনের গোলা ছুড়ে যান একের পর এক। আপাতনিরীহ-দর্শন কিন্তু ভেতরে লুকিয়ে থাকা ভয়ংকর সব বল বেরোক ড্যারেন স্যামির হাত থেকে। এমন নয় যে বাংলাদেশের জন্য ওয়েস্ট ইন্ডিজ কাতর। তারা খেলবে নিজেদের স্বার্থেই। অঘটনঘটনপটিয়সী ‘বি’ গ্রুপের সমীকরণটা এতটাই জটিল, দুদিন আগে পয়েন্ট টেবিলের দুইয়ে থাকা ওয়েস্ট ইন্ডিজও বাদ পড়ে যেতে পারে। ইংল্যান্ডের পর তাদের শেষ ম্যাচ ভারতের বিপক্ষে। হাতে ছয় পয়েন্ট। এই দুই ম্যাচের একটি তাদের জিততেই হবে।এই সমীকরণের সামনে দাঁড়িয়ে থাকা ওয়েস্ট ইন্ডিজ একটা সুখবর পেয়েছে। ক্রিস গেইল আজ ফিরছেন। কাল সংবাদ সম্মেলনে এই সুখবর দিয়েছেন স্যামিই, ‘ক্রিস পুরো ফিট। ইংল্যান্ডের মতো মহা গুরুত্বপূর্ণ ম্যাচে ওকে ফিরে পেয়ে আমরা খুশি। ওর মাপের একজন ক্রিকেটারকে পাওয়ার খবরটা আমাদের জন্য বড় প্রণোদনা। মাঠে ওর উপস্থিতিই আমাদের জন্য অনেক বড় পাওয়া।’ইংল্যান্ডকে হারিয়েই ১৯৭৯ বিশ্বকাপের শিরোপা জিতেছিল ওয়েস্ট ইন্ডিজ। সেই সুদিন আজ নেই। তবে স্যামিরা জানেন, আজকের ম্যাচে জয় পেলে ক্যারিবীয় ক্রিকেটে সুদিন ফিরিয়ে আনার পথে এগোনো যাবে এক ধাপ, ‘এটা আমাদের জন্য অনেক বড় ম্যাচ। এই বিশ্বকাপে আমরা ফেবারিট ছিলাম না। কিন্তু আমরা আমাদের কাজটা ঠিকমতো করেছি। নিজেদের চূড়ান্ত লক্ষ্যটা যদি ছুঁতে পারি, ক্যারিবীয়দের জন্য সেটি হবে অনেক বড় পাওয়া।’কাল সংবাদ সম্মেলনে বেশ ফুরফুরে মেজাজে ছিলেন স্যামি। ইংল্যান্ড দল যে গত চার মাসে মাত্র চার দিন নিজ দেশে কাটিয়েছে, বাকিটা সফরের ওপরই ছিল—এ নিয়ে ঠাট্টা-কৌতুকও করেছেন। ইঙ্গিতে বুঝিয়ে দিয়েছেন, মওকামতোই ইংল্যান্ড দলকে পাওয়া গেছে। এই দল রণক্লান্ত। এতে হারলেই তাদের ফিরতে হবে দেশে । কোণঠাসা পরিস্থিতিটাকেই প্রেরণা মানছেন স্ট্রাউস, ‘কয়েক বছর ধরেই আমরা এ ধরনের বড় ম্যাচে ভালো খেলেছি। হিসাব পরিষ্কার। আমাদের খোলসের ভেতর ঢুকে পড়ার সুযোগ নেই। আমাদের সর্বোচ্চ শক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়তে হবে।’ ঝাঁপিয়ে পড়ার জন্য সতীর্থদের ঝাঁঝালো ভাষায় উদ্দীপ্ত করছেন স্ট্রাউস, ‘যে দুটো ম্যাচ আমরা হেরেছি, সে দুটো জেতাই উচিত ছিল। আজকের এই পরিস্থিতির জন্য আমরাই দায়ী। কিন্তু আমরা পালিয়ে যাব না। এই ম্যাচটা আমাদের জিততেই হবে। নিজেদের সামর্থ্য নিয়ে সংশয় দেখানোর সুযোগ নেই। আমাদের মাঠে নেমে আক্রমণাত্মক ক্রিকেট খেলতে হবে। আশা করি, এ খেলা আমাদের পরের রাউন্ডে তুলে দেবে।’ তথ্যসূত্র: এএফপি ও ওয়েবসাইট।