দুই অধিনায়কের গল্প

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কাল দুপুরে গলের জেটউইং লাইট হাউস হোটেলে ট্রফি নিয়ে যখন পোজ দিলেন দুই অধিনায়ক, মুশফিকুর রহিমের মুখের হাসিটাই দেখা গেল বেশি চওড়া। বাংলাদেশ অধিনায়ক কি মুহূর্তের জন্য ফিরে গিয়েছিলেন ২০০৫ সালে? মনে পড়ছিল, ৩-২ স্কোরলাইনটা?এই ৩-২টা আবার কী? অ্যাঞ্জেলো ম্যাথুসের সঙ্গে অধিনায়কত্বের মুখোমুখি লড়াইয়ে মুশফিকুর রহিমের জয়ের স্মারক। ধন্দে পড়ে গেছেন তো! ম্যাথুসের না টেস্ট অধিনায়ক হিসেবে আজই অভিষেক হচ্ছে! মুশফিকুরের সঙ্গে তাঁর অধিনায়কত্বের লড়াইটা তাহলে হলো কোথায়?হয়েছে অনূর্ধ্ব-১৯ ক্রিকেটে। বিশাখাপত্তনমে অনূর্ধ্ব-১৯ দুই অধিনায়কের প্রথম দেখা। সেটিতে জিতেছিলেন ম্যাথুস। কিছুদিন পর বাংলাদেশে ত্রিদেশীয় সিরিজে (অন্য দলটি ছিল ইংল্যান্ড) ৩-১-এ জেতেন মুশফিকুর। ফাইনালেও টস করতে নেমেছিলেন তাঁরা দুজন। সে ম্যাচেও জিতেছিল মুশফিকুরের দলই।আজকের টেস্টে প্রতিপক্ষ দুই অধিনায়কের লড়াইয়ের গল্পটা তাই অনেক পুরোনো। মুশফিকুর সেই স্মৃতিচারণা করে বললেন, ‘ও আমার ভালো বন্ধু। অনূর্ধ্ব-১৯ ছাড়াও এখানে হাইপারফরম্যান্স দলের হয়ে খেলতে এসেছিলাম। তখনো ওর বিপক্ষে খেলেছি। এসএলপিএলে তো আমরা এক দলেই ছিলাম।’বাংলাদেশের ওই টুর্নামেন্টে ম্যাথুসের মুখোমুখি হওয়ার আগেই টেস্ট খেলে ফেলেছেন মুশফিকুর। ম্যাথুসকে সেজন্য অপেক্ষা করতে হয়েছে আরও চার বছর। অথচ চার বছর পর শুরু করেও এরই মধ্যে মুশফিকুরের চেয়ে একটি টেস্ট বেশি খেলে ফেলেছেন। আজ অধিনায়কের ভূমিকায় প্রথম টেস্ট ম্যাচটি ম্যাথুসের ৩১তম টেস্ট। গলে অধিনায়কত্বে অভিষেক টেস্ট অভিষেকের স্মৃতিও মনে করিয়ে দিচ্ছে ম্যাথুসকে। ২০০৯ সালের জুলাইয়ে এই গলেই যে পাকিস্তানের বিপক্ষে তাঁর টেস্ট অভিষেক।শ্রীলঙ্কায় মুশফিকুর রহিমেরও একরকম ‘টেস্ট অভিষেক’ই হয়েছিল। প্রথম দুটি টেস্ট খেলেছিলেন স্পেশালিস্ট ব্যাটসম্যান হিসেবে। যেটি তাঁর মূল পরিচয়, সেই উইকেটকিপার-ব্যাটসম্যান হিসেবে অভিষেক এই শ্রীলঙ্কাতেই। ২০০৭ সালে কলম্বোর পি সারাভানামুত্তু স্টেডিয়ামে সেই সিরিজের দ্বিতীয় টেস্টে। দ্বিতীয় ইনিংসে ৮০ রানের দারুণ এক ইনিংস খেলে খালেদ মাসুদের ক্যারিয়ারের ইতিও টেনে দেন। অধিনায়কের ভূমিকায় দেশের বাইরে প্রথম টেস্ট ম্যাচও সেই শ্রীলঙ্কাতেই। কাল এই দুটিকে মেলাতে চাইলেন মুশফিকুর, ‘দুবার দুই রকম চাপ। সেবার পাইলট ভাইকে সরিয়ে দলে এসেছিলাম। দলে জায়গা নিশ্চিত করার একটা চাপ ছিল। এবার আমি অধিনায়ক, শুধু ব্যক্তিগতভাবে নয়, দল হিসেবে ভালো করার চাপ।’অধিনায়ক হওয়ার হাজারো হ্যাপা। মিডিয়া সামলাও, ম্যাচ রেফারির সঙ্গে মিটিং করো, দলের কার কী সমস্যা খোঁজ নাও, টিম মিটিং তো আছেই—সবকিছু মিলিয়ে গত দুই দিন দম ফেলারও সময় পাননি মুশফিকুর। মাঝেমধ্যে এটি বিষম চাপ বলেও মন হয়, তবে চিন্তাভাবনা এত গোছানো যে নিজেই নিজেকে অনুপ্রাণিত করার পথ খুঁজে নেন। ‘অধিনায়ক হলে এত কিছু করতে হয় যে নিজের জন্য আর সময় থাকে না। কখনো কখনো হাঁপিয়ে উঠি, সঙ্গে সঙ্গেই আবার ভাবি, “দেশকে নেতৃত্ব দেওয়া—এই সুযোগটা কয়জন পায়?”গত কয়েকটা দিন অ্যাঞ্জেলো ম্যাথুসের ওপর দিয়ে যা গেছে, সেটি ভেবেও সান্ত্বনা পেতে পারেন মুশফিকুর। কোথায় টেস্ট অধিনায়ক হওয়ার আনন্দটা উদ্যাপন করবেন, উল্টো চুক্তি নিয়ে শ্রীলঙ্কা ক্রিকেটের সঙ্গে সংকটে তাঁর চিড়েচ্যাপ্টা হওয়ার জোগাড়। মাঠে না নেমেই অধিনায়কত্ব হারিয়ে ফেলার শঙ্কাও জেগেছিল।অন্য সব দেশে যেখানে অধিনায়কত্ব নিয়ে ক্রিকেটারদের যুদ্ধ লেগে যায়, শ্রীলঙ্কায় অধিনায়কত্বটা কেন যেন বিষবৎ পরিত্যাজ্য বলে বিবেচিত। ২০১১ বিশ্বকাপের পর সাঙ্গাকারা অধিনায়কত্ব ছাড়লেন। জয়াবর্ধনে রাজি নন বলে অধিনায়ক করা হলো তিলকরত্নে দিলশানকে। যেটি তাঁর জন্য হয়ে গেল বিষম বোঝা। তখনই অ্যাঞ্জেলো ম্যাথুসের নাম এসেছিল। তাঁর আরেকটু অভিজ্ঞতা দরকার বলে বুঝিয়ে-সুজিয়ে রাজি করানো হয় মাহেলা জয়াবর্ধনেকে। এই সময় নেওয়ার পরও আজ যখন ম্যাথুস টস করতে নামবেন, তিনি হয়ে যাবেন শ্রীলঙ্কান কনিষ্ঠতম টেস্ট অধিনায়ক। ২৫ বছর ২৭৯ দিন বয়সী ম্যাথুস ভেঙে দেবেন অরবিন্দ ডি সিলভার রেকর্ড। ১৯৯১ সালে এর চেয়ে মাস তিনেক বেশি বয়সে শ্রীলঙ্কাকে টেস্টে নেতৃত্ব দিয়েছিলেন ডি সিলভা।ইতিহাস আরেকটিও হচ্ছে। ম্যাথুসের মাধ্যমে ২৫ বছরের মধ্যে প্রথম ক্যাথলিক ধর্মাবলম্বী টেস্ট অধিনায়ক দেখছে শ্রীলঙ্কা। সর্বশেষ ছিলেন দিলীপ মেন্ডিস। ব্যাপারটা উল্লেখ করার মতো। কারণ ৭০ শতাংশ বৌদ্ধধর্মাবলম্বীর দেশ শ্রীলঙ্কার জনসংখ্যার মাত্র ৭ শতাংশ ক্যাথলিক।এসব ইতিহাসকে খুব গুরুত্ব দিচ্ছেন না ম্যাথুস। তবে একটা ইতিহাস জানলে তিনি নিশ্চিত অনুপ্রেরণা খুঁজে পাবেন। এর আগে বাংলাদেশের বিপক্ষে টেস্ট অধিনায়কত্বে অভিষেক হয়েছিল যে দুজনের, তাঁদের নাম সৌরভ গাঙ্গুলী ও গ্রায়েম স্মিথ।