জন্মেই ক্ষুব্ধ স্বদেশভূমি দেখেছিলেন কবি। প্রথম আন্তর্জাতিক ম্যাচ খেলতে এসেই এমন অভিজ্ঞতা হলো কলিন মুনরোর। ব্যাট করতে নেমেছিলেন ১৯ রানে ৩ উইকেট হারিয়ে দল যখন রীতিমতো কাঁপছিল। সেই কাঁপাকাঁপির মাত্রা বেড়েই চলল ক্রমে। দেখতে দেখতে নিউজিল্যান্ডের স্কোর হয়ে গেল ৮ উইকেটে ৬০। অষ্টম ব্যাটসম্যান হিসেবে আউট হলেন মুনরো নিজে। এর আগে খেলে গেলেন ১৮ বলে ২৩ রানের এক ইনিংস। ওটাই কিউইদের ইংনিসটির সর্বোচ্চ। দুই অঙ্ক ছুঁয়েছেন আর মাত্র দুজন। এর মধ্যে নয়ে নেমে ডগ ব্রেসওয়েল তাঁর ক্যারিয়ার-সেরা ২১ রানের ইনিংসটি না খেললে হয়তো আরও লজ্জায় পড়ে যেত নিউজিল্যান্ড। টি-টোয়েন্টির সর্বনিম্ন স্কোরের লজ্জার রেকর্ডটিও (কেনিয়ার ৬৭) একসময় চোখ রাঙাচ্ছিল ব্রেন্ডন ম্যাককালামের দলকে। নিউজিল্যান্ডের প্রথম চার ব্যাটসম্যান মিলে করেছেন ১৫ রান। মায়া বর্ষপঞ্জির কথিত পৃথিবী ধ্বংসের ভবিষ্যদ্বাণী যেন আংশিক সত্যি হয়ে এল পরশু ডারবানে। প্রথম টি-টোয়েন্টিতে একরকম ধ্বংসই হলো নিউজিল্যান্ড। হারল ৮ উইকেটে। ১২.১ ওভারেই এই রান তুলে লজ্জা আরও বাড়িয়ে দিল দক্ষিণ আফ্রিকা। পূর্ণ মেয়াদে অধিনায়কত্ব পেয়ে প্রথম অভিজ্ঞতাটাই যাচ্ছেতাই হলো ম্যাককালামের। যদিও দলের ম্যাচ শেষে সতীর্থদের আগলে রাখার চেষ্টাই করলেন কিউই অধিনায়ক, ‘আমরা বেশ আক্রমণাত্মক ঢঙে খেলেছি, যদিও বেশ কিছু মৌলিক ব্যাপার শেষ পর্যন্ত মেনে চলতে পারিনি।’ভুল থেকে দল শিখবে বলেই প্রতিশ্রুতি দিচ্ছেন, ‘আমরা অবশ্যই বেশি আক্রমণাত্মক খেলে দক্ষিণ আফ্রিকাকে শুরু থেকেই চাপের মধ্যে ফেলতে চেয়েছিলাম। কিন্তু আমরা শিখলাম, আগে আপনাকে সঠিক কাজটা ঠিকমতো করতে হবে।’ম্যাককালাম অধিনায়ক হয়েছেন রস টেলরের উত্তরসূরি হিসেবে। দক্ষিণ আফ্রিকাও টি-টোয়েন্টি খেলছে নতুন অধিনায়ক নিয়ে। এবি ডি ভিলিয়ার্সের বদলে দলকে নেতৃত্ব দিয়েছেন ফ্যাফ ডু প্লেসিস। যোগ্য অধিনায়কের মতোই নেতৃত্ব দিয়েছেন। মামুলি লক্ষ্যের পিছে ছুটতে গিয়ে বিনা রানে প্রথম উইকেট হারিয়ে ফেলা দলকে নিরাপদে নোঙর করিয়েছেন ৩২ বলে অপরাজিত ৩৮ রানের ইনিংস খেলে। ডু প্লেসিস জয়ের কৃতিত্ব ভাগ করে দিয়েছেন সতীর্থদের মধ্যে, ‘আমাদের বোলিং ছিল দুর্দান্ত। মাঠে ফিল্ডিং ছিল প্রাণপ্রাচুর্যে ভরপুর।’জয় নিয়ে তৃপ্তির ঢেকুর তোলার অবকাশ অবশ্য ডু প্লেসিসের নেই। পরাজয়ে মাথা কুটে মরার সুযোগ যেমন নেই ম্যাককালামের। কারণ তিন ম্যাচ সিরিজের দ্বিতীয়টি আজই। ওয়েবসাইট।