দুই অধিনায়কের রাজ্জাক-স্তুতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘ওর শটগুলো ছিল চোখ ধাঁধানো, অসাধারণ। আবারও প্রমাণ করল আমাদের দলের সেরা ক্রিকেটারদের একজন সে’—দুবাইয়ে পরশু রাতে বলতে গেলে একাই পাকিস্তানকে জেতানো আবদুল রাজ্জাকের প্রশংসায় বলতে গেলে ‘ষষ্ঠমুখ’ অধিনায়ক শোয়েব মালিক। রাজ্জাককে প্রশংসায় ভাসিয়েছেন পরাজিত ইংল্যান্ড দলের অধিনায়ক পল কলিংউডও, ‘এই হারে কোনো লজ্জা নেই। হেরে আমরা হতাশ, কিন্তু এমন একটা ইনিংস যখন কেউ খেলে, জয়টা তার দলের পাওয়াই উচিত। রাজ্জাক হূদয় দিয়ে খেলেছে। প্রথম বল থেকেই দারুণ সব শট খেলা শুরু করেছে, মাঝে মাঝে এ ধরনের ইনিংস কেউ খেললে, ফিল্ডিং দলের কিছুই করার থাকে না।’খেলা দেখে না থাকলে রাজ্জাকের ইনিংসটি সম্পর্কে ধারণা দিতে পারে পরিসংখ্যান। ১৪৯ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নামা পাকিস্তান ১৩ ওভারে ৭৮ রানে হারিয়ে ফেলেছিল ৫ উইকেট। ৪২ বলে প্রয়োজন ৭১ রান, এই ম্যাচটিও পাকিস্তান জিতে নেয় ৬ বল বাকি থাকতেই। ১৮ বলে ৪৬ রানে অপরাজিত রাজ্জাক, কোনো চার নেই, কিন্তু ছয় পাঁচটি। রাজ্জাকের ইনিংসটিই বিশ্ব চ্যাম্পিয়নদের বাঁচিয়েছে হোয়াইটওয়াশের লজ্জা থেকে। পাকিস্তান এবং রাজ্জাককে এই ইনিংস সবচেয়ে বড় যে জিনিসটি দিয়েছে, সেটি হলো বিশ্বাস—‘রাজ্জাক এখনো ফুরিয়ে যাননি।’ আইসিএল থেকে ফেরার পর তড়িঘড়ি করেই রাজ্জাককে নেওয়া হয়েছিল গত টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে। কিন্তু বল হাতে মোটামুটি ভালো করলেও ব্যাট হাতে সেই বিধ্বংসী রাজ্জাককে খুঁজে পাওয়া যাচ্ছিল না। অবশেষে দেখা দিলেন সেই পুরোনো রূপে, পাঁচ ছয়ের তিনটি বোলারের মাথার ওপর দিয়ে, মিড উইকেট দিয়ে দুটি। টি-টোয়েন্টিতে এটি তাঁর সর্বোচ্চ ইনিংসই শুধু নয়, আইসিএল থেকে ফেরার পর ৬টি ওয়ানডে ও ৯টি টি-টোয়েন্টি খেলে সব মিলিয়েই সর্বোচ্চ।রাজ্জাকের নিজের বিশ্বাস ছিল ম্যাচটি তিনি বের করতে পারবেন, ‘আমি আত্মবিশ্বাসী ছিলাম, ফাওয়াদকে সব সময় বলছিলাম আমাদের জেতা উচিত। দলের প্রয়োজন ছিল বড় শট খেলা, খেলতে পেরে ভালো লাগছে।’ শহীদ আফ্রিদি তো আছেনই, নিজেকে ফিরে পেলেন রাজ্জাকও। দলে এমন দুজন অলরাউন্ডার, একটা বিষয় নিশ্চিত, যত বিতর্ক ও ভাঙাগড়াই চলুক না কেন, অন্তত টি-টোয়েন্টির পাকিস্তান সব সময়ই বিপজ্জনক। ওয়েবসাইট।