দুই অভিষিক্তের টেস্ট অভিজ্ঞতা

দুজনের ছিল অভিষেক। একজন নিখাদ ব্যাটসম্যান, সঙ্গে কাজ চালানোর লেগ স্পিন। আরেকজন মিনি অলরাউন্ডার—একটুখানি পেস বোলিং, একটুখানি ব্যাটিং। একজন ঘরোয়া ক্রিকেটের অভিজ্ঞ যোদ্ধা, টেস্ট দলে এসেছেন ঘরোয়া ক্রিকেটে রানের বন্যা বইয়ে। আরেক জনের দলে আসায় পারফরম্যান্সের চেয়ে বড় ছিল প্রতিভা আর সম্ভাবনা। একজনের অভিষেক চিরচেনা কন্ডিশন আর উইকেটে। আরেক জনের অভিষেক চেনা জগতের উল্টো আবহে। চট্টগ্রাম টেস্ট শেষে তবু একটা জায়গায় একবিন্দুতে মার্শাল আইয়ুব ও কোরি অ্যান্ডারসন। দুজনের জন্যই অভিষেক টেস্টের পারফরম্যান্স খারাপ নয়, তবে আরও ভালো হতে পারত!
দ্বিতীয় দিন বিকেলে ব্যাট হাতে নেমেছিলেন মার্শাল। টেস্ট ক্রিকেটের বিশাল স্রোতে খাবি খাওয়া নয়, বরং তরি বাইছিলেন অনায়াসেই। মমিনুল হক যখন একপাশে স্ট্রোকের ফুলঝুরি ছোটাচ্ছিলেন, আরেক পাশে মার্শাল ছিলেন আস্থার প্রতিমূর্তি। পরদিন সকালেই যেন কী হয়ে গেল! উইকেটে আটকে পড়েছিলেন দীর্ঘক্ষণ। এরপর প্রায় ওয়াইড এক বল তাড়া করে প্রতিপক্ষকে উইকেট উপহার! অভিষেক ইনিংসে ২৫।
চরিত্রের সঙ্গে বেমানান ওই শট নিয়ে মার্শালের ব্যাখ্যা, ‘পরদিন সকালে ওদের বোলাররা দারুণ চাঙা ছিল। খুব ভালো জায়গায় বল করে গেছে। রান করার সুযোগ খুব একটা পাচ্ছিলাম না। এ কারণেই হয়তো অমন বাইরের বল তাড়া করে ফেলেছি। চাপে পড়ে বাজে একটা শট খেলে ফেলেছি।’
সরল স্বীকারোক্তি, ঘুরিয়ে-পেঁচিয়ে হাজারটা অজুহাত দাঁড় করানোর ধারেকাছে নেই। টেস্ট ক্রিকেটের চাপটা টের পেয়েছেন অভিষেকেই। দ্বিতীয় ইনিংসেও খেলছিলেন দারুণ আস্থায়, আবারও সম্ভাবনা জাগিয়েছিলেন বড় একটা ইনিংসের। কিন্তু আম্পায়ারের সংশয়পূর্ণ এলবিডব্লু সিদ্ধান্তে সম্ভাবনাময় ইনিংসটির অপমৃত্যু। এবার ৩১। ঘরোয়া ক্রিকেটে বড় ইনিংস খেলার জন্য পরিচিত মার্শাল দুই ইনিংসেই আউট থিতু হওয়ার পর। ঘরোয়া ক্রিকেটের সঙ্গে টেস্টের পার্থক্যটাও টের পেয়েছেন ভালোই, ‘টেস্ট ক্রিকেটে ভালো বল অনেক বেশি আসে, বাজে বল খুব কম পাওয়া যায়। ঘরোয়া ক্রিকেটে প্রায় প্রতি ওভারেই একটি-দুটি বাজে বল পাওয়া যায়।’
বাংলাদেশ ক্রিকেটে একটা সময় ছিল যখন অভিষেক টেস্টে ২৫ ও ৩১ করলে পাওয়া যেত ‘বেশ ভালো’ সার্টিফিকেট। সেই দিন চলে গেছে বেশ আগেই। এখন এই রান মানে বড় কিছুর সুযোগ হাতছাড়া করা। ঘরোয়া ক্রিকেটে বড় ইনিংস নিয়মিতই খেলেন বলে তাঁর কাছে প্রত্যাশাটাও বেশি। সেই চাপটাও পেয়ে বসতে পারে মার্শালকে। নিজে যদিও ভাবছেন না ওভাবে, বরং প্রতিশ্রুতি দিলেন ভুল শোধরানোর, ‘চাপ মনে হচ্ছে না। ঘরোয়া ক্রিকেটে যেভাবে খেলি, টেস্টেও সেভাবে খেলেছি। চেষ্টা করেছি নিজের স্বাভাবিক ব্যাটিংটাই করার। প্রথম টেস্টে রান হয়নি। ইনশা আল্লাহ সামনে হবে।’
মার্শালের উপহারেই প্রথম টেস্ট উইকেটের স্বাদ পেয়েছেন কোরি অ্যান্ডারসন। পরে ১৮১ রান করা মমিনুলকেও ফিরিয়েছেন বাঁহাতি পেসে। বোল্ট-ব্রেসওয়েলদের ছাপিয়ে প্রথম ইনিংসে সবচেয়ে নিয়ন্ত্রিত বোলিংও করেছেন ২২ বছর বয়সী অলরাউন্ডার। ব্যাট হাতে অবশ্য কিছুই করতে পারেননি। প্রথম ইনিংসে আউট ১ রানে, দ্বিতীয় ইনিংসে ৮। তবে পিচ তাঁর বোলিংয়ের জন্যও যেমন ছিল কঠিন চ্যালেঞ্জ, তেমনি ব্যাটিংয়ের জন্যও। শুরু থেকেই শট খেলতে ভালোবাসেন তিনি, অমন মন্থর উইকেটে সেই সুযোগ কোথায়!
সবকিছু বিবেচনাতেই অভিষেককে খারাপ বলছেন না অ্যান্ডারসন নিজে, ‘যতটা ভেবেছিলাম, আমার অভিষেক টেস্ট তার চেয়েও অনেক বেশি কঠিন হয়েছে। যে কন্ডিশন ও উইকেট সামলাতে হয়েছে, নিউজিল্যান্ডের চেয়ে তা পুরোই ভিন্ন। তবে অনেক কিছু শিখেছি। এখন দ্বিতীয় টেস্টের জন্য মুখিয়ে আছি। মাঝের বিরতিতে দলও অনেক চনমনে হয়ে উঠেছে। দ্বিতীয় টেস্টে আমরা দারুণভাবে ফিরে আসতে চাই।’
মিরপুরে অ্যান্ডারসনদের কাজটা আরও কঠিন করে তোলাই হবে মার্শালদের কাজ!