দুই আফগানের রুদ্ররূপ

দুপুরের ওই সময়টায় খেলা শুরু হলে সূর্যের দিকে তাকিয়ে অনেকে হয়তো ভাবেন, রোদটা একটু কমুক, তারপর না হয় স্টেডিয়ামমুখী হওয়া যাবে। ভরপেট খেয়ে টেলিভিশনের সামনে বসেন যাঁরা, ভাতঘুমে চোখ বুজে আসে তাঁদের। ব্যস, খেলার শুরুর দিকে সময়টা আলসেমি আর ঘুমেই চলে যায় হয়তো। কাল যাঁদের এমন হয়েছে তাঁরা আবার খেলায় পুরো মনোযোগ দিয়ে কিছুটা আফসোস করেছেন হয়তো। এই যা, ৯০ রানেই আফগানিস্তানের ৫ উইকেট নেই! স্বদেশি বোলারদের তাণ্ডবই তো দেখা হলো না। ঠোঁটের কোণে মুচকি হাসি খেলেছে অনেকের।
খুব বেশি অবাক হওয়ার কিছু ছিল না। ক্রিকেট-দুনিয়ায় গুটি গুটি পায়ে চলতে শেখা আফগানিস্তান এর ভালো আর কী করবে! মাঠের বাইরে ‘কাউকে ছেড়ে কথা বলব না’ জাতীয় হুমকি তো দেওয়াই যায়, মাঠে যে ওরা এখনো ‘পুঁচকে’! এমনটা যাঁরা ভেবেছিলেন তাঁদের জন্য সত্যিকারের ‘বিস্ময়’ অপেক্ষা করছিল আফগান ইনিংসের বাকি সময়টায়। আফগানদের ষষ্ঠ উইকেটটা পড়ল ইনিংসের শেষ ওভারে! ৫ আর ৬ নম্বর উইকেটের মাঝের সময়টায় স্কোরবোর্ডে যোগ হয়েছে ১৬৪ রান। ষষ্ঠ উইকেটে আফগানিস্তানের সর্বোচ্চ রানের রেকর্ড তো বটেই, টেস্ট খেলুড়ে কোনো দেশের বিপক্ষে যেকোনো জুটিতে আফগানিস্তানের সবচেয়ে বেশি রান। ৯০ রানের মধ্যে যাদের ৫ উইকেট চলে গিয়েছিল, ৫০ ওভার শেষে তারাই বাংলাদেশকে দিল ২৫৪ রানের চ্যালেঞ্জ! কাউকে ছেড়ে কথা না বলার ‘হুমকি’কে তখন আর ‘ফাঁকা বুলি’ মনে করার উপায় নেই।
ফতুল্লার গ্যালারিতে বাংলাদেশি সমর্থকদের কিছুক্ষণের জন্য স্তব্ধ করে দেওয়ার এই কাজটা করেছেন দুই আফগান—আসগর স্টানিকজাই ও সামিউল্লাহ শেনোয়ারি। আফগানিস্তান দলের এটা প্রথম বাংলাদেশ সফর হলেও অন্য অনেকের সঙ্গে এই দুজনই কিন্তু বাংলাদেশে এসে খেলে গেছেন আগে। বিপিএলে শেনোয়ারি খেলেছেন খুলনা রয়েল বেঙ্গলসের হয়ে। স্টানিকজাই তো এই কয়েক মাস আগেও মোহামেডানের হয়ে খেলেছেন ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগে, এই ফতুল্লাতেও। বাংলাদেশের কন্ডিশন আর খেলোয়াড়দের অনেককে আগে থেকে চেনেন বলেই কি এমন পারফরম্যান্স?
২৭তম ওভারে যখন দুজন জুটি বাঁধছেন, আফগানিস্তান টেনেটুনে দেড় শ পেরোবে কি না তা নিয়েই সন্দেহ। সেখান থেকে দলকে টেনে তুলতে হলে অসাধারণ কিছু করতে হতো। তাই করলেন দুই ব্যাটসম্যান। ক্যারিয়ার-সেরা অপরাজিত ৯০ রানের ইনিংস খেললেন স্টানিকজাই। মাত্র ১ রানের জন্য কেনিয়ার বিপক্ষে ক্যারিয়ার-সেরা ৮২ রানের ইনিংসটা ছুঁতে পারেননি শেনোয়ারি। কিন্তু তাঁকেও যদি বেছে নিতে বলা হয়, ওই ইনিংসের চেয়ে কালকের ৮১ রানকেই হয়তো ওপরে রাখবেন শেনোয়ারি। ৪৭ থেকে ৪০ ওভার পর্যন্ত সময়টা দুজন করেছেন ইনিংস মেরামতের কাজ, মাটি কামড়ে সামলে গেছেন বাংলাদেশি বোলারদের। পাল্টা-আক্রমণ হেনেছেন শেষ ১০ ওভারে। দুই ব্যাটসম্যানের রুদ্ররূপে শেষ ১০ ওভারে আফগানিস্তান তুলেছে ১০৭ রান, শেষ ৫ ওভারে ৬১! এ সময় তারা উইকেট হারিয়েছে মাত্র একটি।
আগের ম্যাচে উমর আকমলের ক্যাচ ফেলার খেসারত দিয়েছিল ম্যাচ হেরে। কাল এভাবে প্রায় ধসে পড়া ইনিংস মেরামত করে যেন সেই ভুলেরই প্রায়শ্চিত্ত করল আফগানরা।