দুই আবাহনীর ম্যাচে সমতা
ম্যাচ শুরুর আগে কোচ আলী আকবর পোরমুসলিমি পই পই করে বলেছিলেন, ‘ছোট দল বলে অবহেলা করো না। ওদের মোটেও হালকাভাবে নিয়ো না।’ কিন্তু কোচের কথা মনে থাকেনি ঢাকা আবাহনীর ফুটবলারদের। অতি আত্মবিশ্বাসই কাল হলো তাঁদের। প্রিমিয়ার লিগের তলানির দিকে থাকা চট্টগ্রাম আবাহনীর সঙ্গে পয়েন্ট ভাগ করে (১-১) মাঠ ছেড়েছে ঐতিহ্যবাহী ঢাকা আবাহনী।
ম্যাচের ৮৪ মিনিট পর্যন্ত কিন্তু ঢাকা আবাহনীই ছিল এগিয়ে। ১০ মিনিটে আউডু ইব্রাহিমের ক্রস থেকে প্যাট্রিক গোল করে প্রথমে এগিয়ে দিয়েছিলেন দলকে। দ্বিতীয়ার্ধে অবশ্য চট্টগ্রাম আবাহনীই বেশি আক্রমণে উঠেছে। ৮৫ মিনিটে জাভেদ খানের ক্রস থেকে গড়ানো শটে সমতা আনেন চট্টগ্রাম আবাহনীর সোহেল। লিগের নবম ম্যাচে এসে গোলের দেখা পেলেন তরুণ স্ট্রাইকার। এর আগে ৮১ ও ৮২ মিনিটে পরপর দারুণ দুটি সুযোগ নষ্ট করেন ঢাকা আবাহনীর আরমান আজিজ ও কোমল।
এই ড্রয়ের পরও ৮ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে ঢাকা আবাহনীই শীর্ষে। প্রথম পর্বে তাদের শেষ ম্যাচটি শেখ জামালের সঙ্গে। পাঁচ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে যারা তৃতীয় স্থানে। ম্যাচ-পরবর্তী সংবাদ সম্মেলনে কোচ আলী আকবর বলছিলেন, ‘আমাদের জন্য লিগটা একটু কঠিন হয়ে পড়ল। ছেলেরা কেন যে ম্যাচে শতভাগ দিচ্ছে না সেটা বুঝতে পারছি না। এটা ওদের মানসিক সমস্যা।’
ড্রকেই জয়ের সমান দেখছেন চট্টগ্রাম আবাহনীর সহকারী কোচ আবু তাহের, ‘আমরা পয়েন্ট তালিকার নিচের দিকে আছি। এখন প্রতিটি পয়েন্টই গুরুত্বপূর্ণ। এই ড্রটা জয়ের মতোই।’ ৯ ম্যাচে মাত্র ৫ পয়েন্ট নিয়ে নবম স্থানে থেকে প্রথম পর্ব শেষ করল চট্টগ্রামের দলটি।