দুই আরাফাতে বরিশালের সর্বনাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আটে নেমে অপরাজিত সেঞ্চুরি করেছেন আরাফাত সালাউদ্দিন। তাঁর দল ঢাকা মেট্রো ইনিংস ঘোষণা করেছে ঠিক ৪৫০ রানে। এরপর মিডিয়াম পেস বোলিংয়ে ৮ রানে নিয়েছেন ১ উইকেট। সঙ্গে আরেক আরাফাত, আরাফাত সানি বাঁহাতি স্পিনে মাত্র ১০ রানে তুলে নেন ৫ উইকেট। এই দুই আরাফাতেই কাল সিলেটে রীতিমতো কম্পমান বরিশাল। মাত্র ৭৫ রান তুলতেই নেই হয়ে গেল দলটির ৬ উইকেট।বরিশালের হয়ে আট মৌসুম জাতীয় লিগ খেলেছেন আরাফাত সালাউদ্দিন। এবার সেই দলের বিপক্ষেই পেলেন জাতীয় লিগে নিজের তৃতীয় সেঞ্চুরি। ২০০৬-০৭ মৌসুমে বরিশালের হয়ে চট্টগ্রামের বিপক্ষে দুই ম্যাচেই সেঞ্চুরি পেয়েছিলেন সাতে নেমে। কাল সপ্তম উইকেটে মেহরাব জুনিয়রকে নিয়ে যোগ করেছেন ১১৭ রান।ফতুল্লায় সিলেটের রাজিন সালেহ প্রথম শ্রেণীর ক্রিকেটে পেয়েছেন তাঁর ১৩তম সেঞ্চুরি। সেঞ্চুরির পথে আছেন অলক কাপালিও (৮৬*)। এর সঙ্গে ওপেনার সায়েম আলম (৫০) ও নাদিফ চৌধুরীর (৬১) ফিফটিতে ৪ উইকেটে ৩৬২ করেছে সিলেট। কাল সারা দিনে ২ উইকেট হারিয়ে ২৫১ করা দলটি রংপুরের চেয়ে এখনই এগিয়ে আছে ২২৪ রানে। যশোরে দ্বিতীয় দিন শেষে ২২৪ রানে এগিয়ে গেছে স্বাগতিক খুলনা। ঢাকা বিভাগকে মাত্র ১৫৮ রানে অলআউট করে প্রথম ইনিংসে ৬৬ রানের লিড পাওয়া দলটি দ্বিতীয় ইনিংসে করেছে ৬ উইকেটে ১৫৮ রান। চট্টগ্রামে আগের দিনের ৬ উইকেটে ২৮১ রানের সঙ্গে আরও ৯৭ রান যোগ করেছে স্বাগতিকেরা। এরপর ৪৭ রানেই ৩ উইকেট হারানো বর্তমান চ্যাম্পিয়ন রাজশাহী দিন শেষ করেছে ৪ উইকেটে ১৮০ রানে। দুই ফরহাদ মিলে চতুর্থ উইকেটে করেছিলেন ৯৮ রান। জাতীয় দলের সাবেক অলরাউন্ডার ফরহাদ রেজা (৬৫) আউট হয়ে গেলেও ফরহাদ হোসেন ক্রিজে আছেন ৬৩ রানে।