দুই আর্জেন্টাইনের হ্যাটট্রিক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত বুধবার ভ্যালেন্সিয়ার মেস্তালা স্টেডিয়ামেই কোপা দেল রের ফাইনালে বার্সেলোনাকে ১-০ গোলে হারিয়ে আগের দুই মৌসুমের শিরোপা খরা ঘুচিয়েছে রিয়াল মাদ্রিদ। তিন দিন আগের ওই জয়ে উজ্জীবিত হোসে মরিনহোর দল গতকাল সেই মেস্তালা স্টেডিয়ামেই লা লিগার ম্যাচে স্বাগতিক ভ্যালেন্সিয়াকে উড়িয়ে দিল ৬-৩ গোলে। চোটের কারণে দীর্ঘদিন বাইরে থাকা আর্জেন্টাইন গঞ্জালো হিগুয়েইন মাঠে নেমেই করেছেন হ্যাটট্রিক। কাকা দুটি ও করিম বেনজেমা করেছেন এক গোল। এএফপি।ডেভিড ভিয়া ও লিওনেল মেসির গোলে বার্সেলোনা ওসাসুনাকে হারিয়েছে ২-০ গোলে। ফলে ৮ পয়েন্ট বেশি নিয়েই শীর্ষে বার্সেলোনা।ইংলিশ প্রিমিয়ার লিগে ম্যানচেস্টার ইউনাইটেডের শিরোপা দাবিটা আরও জোরালো হয়েছে। ওল্ড ট্র্যাফোর্ডে হাভিয়ের হার্নান্দেজের দেওয়া একমাত্র গোলে (১-০) তারা এভারটনকে হারিয়েছে।লিগের শেষ দিকে এসে ম্যাচে ৩ পয়েন্ট পাওয়া স্বস্তির। তবে ম্যানইউ শিবিরে স্বস্তির এই মুহূর্তটা আসে ৮৩ মিনিটে। ম্যানইউর একের পর এক আক্রমণ প্রতিহত করে ম্যাচকে ড্রয়ের দিকেই নিয়ে যাচ্ছিল ডেভিড ময়েসের দল। কিন্তু ৮৩ মিনিটে দুর্দান্ত এক হেডে ওল্ড ট্র্যাফোর্ডকে আনন্দে ভাসান মেক্সিকান স্ট্রাইকার হার্নান্দেজ। এই জয়ে ম্যানইউর শিরোপা অনেকটাই নিশ্চিত। লিগে বাকি আর চার ম্যাচ। নিকটতম প্রতিদ্বন্দ্বী চেলসির চেয়ে ৬ পয়েন্টে এগিয়ে তারা। নিজেদের মাঠে চেলসি (ল্যাম্পার্ড, তোরেস ও মালুদার গোলে) ওয়েস্ট হামকে হারিয়েছে ৩-০ গোলে। ৩৪ ম্যাচে ৭৩ পয়েন্ট ম্যানইউর, চেলসির ৬৭। ৩৩ ম্যাচে আর্সেনালের ৬৪। হিগুয়েইনের মতো আরেক আর্জেন্টাইন ম্যাক্সি রদ্রিগুয়েজের হ্যাটট্রিকে লিভারপুল বার্মিংহামকে উড়িয়ে দিয়েছে ৫-০ গোলে।ইতালিয়ান সিরি ‘আ’তে জয় পেয়েছে ইন্টার মিলান, রোমা। হেরে গেছে শিরোপার স্বপ্ন দেখা নাপোলি। ইন্টার ২-১ গোলে লাৎসিওকে, রোমা শিয়েভোকে হারিয়েছে ১-০ গোলে। নাপোলিকে ২-১ গোলে হারিয়ে দিয়েছে পালের্মো। নাপোলিকে (৬৫) টপকে পয়েন্ট তালিকার দুইয়ে উঠে গেল ইন্টার (৬৬)।