দুই আয়োজকের তৃপ্তির হাসি
টুর্নামেন্টের ফাইনাল যখন হচ্ছে, পোল্যান্ড আর ইউক্রেন তখন দর্শক। শুধু ফাইনালে কেন, দুই সহ-আয়োজক ‘দর্শক’ হয়ে গেছে প্রথম রাউন্ডের পর থেকেই। দুই ড্র আর এক পরাজয় নিয়ে বিদায় নিয়েছে পোল্যান্ড। আশা জাগিয়েও শেষ পর্যন্ত এক জয়ের সান্ত্বনা নিয়ে বিদায় নিয়েছে ইউক্রেনও। তার পরও এক দিক দিয়ে এই দুই দল ‘চ্যাম্পিয়ন’-এর উদ্যাপন করতেই পারে। আয়োজনের দিক দিয়ে!৮ জুন ওয়ারশতে কিক-অফ হওয়ার আগমুহূর্ত পর্যন্ত আটটি ভেন্যুর প্রস্তুতি নিয়ে সংশয় ছিল অনেকের মনে। পোল্যান্ড আর ইউক্রেন, ফুটবল শক্তিতে ইউরোপে পিছিয়ে থাকা এই দুটি দেশকে ইউরোর মতো এত বড় একটা টুর্নামেন্ট আয়োজনের ভার দেওয়ায় উয়েফার প্রজ্ঞাও ছিল প্রশ্নবিদ্ধ। আট ভেন্যুর প্রস্তুতি, যোগাযোগ কিংবা অন্যান্য অবকাঠামো ব্যবস্থাই শুধু নয়; ভয় ছিল সমর্থকের ব্যয়ের লাগাম নিয়ে। কিছু কিছু হোটেল, বিশেষ করে ইউক্রেনের হোটেলগুলোয় ছিল আক্রা। বর্ণবাদী সহিংসতাও নিয়েও দেখা দিয়েছিল উদ্বেগ। বিবিসি এক প্রামাণ্যচিত্রে দেখিয়েছিল, অতিদক্ষিণপন্থী কিছু সংগঠনের অনুসারী স্টেডিয়ামে নাৎসি স্যালুট ঠুকছে। কালো খেলোয়াড়দের উদ্দেশ করে বানরের ডাক দিচ্ছে। এশীয় শিক্ষার্থীদের ওপর আক্রমণের ঘটনাও ঘটেছে। এরই মধ্যে ইউরোপীয় দেশগুলো ইউক্রেনের সবগুলো ম্যাচ বয়টকের হুমকিও দিয়েছিল। সাবেক প্রধানমন্ত্রী ইউলিয়া তিমোশেঙ্কোকে নিয়ে দেখা দেয় এই সংকট। কারাবন্দী এই নেত্রীর সমর্থকদের দাবি, তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। কিন্তু শেষ পর্যন্ত দুই সহ-আয়োজক সবার দৃষ্টি ফিরিয়ে এনেছে মাঠে। ফুটবলীয় দ্বৈরথে এবারের ইউরো দেখেছে রেকর্ডসংখ্যক টিভি দর্শক। অফিশিয়াল ওয়েবসাইটগুলোতেও হুমড়ি খেয়ে পড়েছিলেন ইন্টারনেট ব্যবহারকারীরা। মিশেল প্লাতিনির কণ্ঠে তাই তৃপ্তির হাসি। পরশু সাংবাদিকদের উয়েফা সভাপতি বলেছেন, ‘আমার খুব গর্ব হচ্ছে। গর্ব হচ্ছে পোল্যান্ড আর ইউক্রেনের জন্য। দুটি দেশকে নিয়ে কম নিন্দামন্দ হয়নি। কিন্তু দুর্দান্ত একটি টুর্নামেন্ট উপহার দিয়ে প্রমাণ করে দিয়েছে তারা এর যোগ্য। পোল্যান্ড-ইউক্রেনের মানুষদের জন্যও এটা গর্বের, টুর্নামেন্টজুড়ে যাদের আতিথ্য ছিল দুর্দান্ত।’এই টুর্নামেন্টে বিশ্ববাসীর কাছে নতুনভাবে নিজেদের উপস্থাপন করেছেন পোল্যান্ড আর ইউক্রেন। পর্যটকেরা রীতিমতো মুগ্ধ। শেষ পর্যন্ত জয় হয়েছে ফুটবলের, বন্ধুতার, সৌহার্দ্যের। এএফপি।