দুই ইনিংসেই চার দিন পার
‘এই মুহূর্ত জীবনে আর কখনো আসবে না। উপভোগ করো, স্রেফ উপভোগ করে যাও’—স্বপ্ন সত্যি হওয়ার আনন্দে উদ্বেল সুরেশ রায়নাকে বলেছিলেন উইকেটে তাঁর সঙ্গী। স্বপ্ন, টেস্টে টেন্ডুলকারের সঙ্গে ব্যাটিং করবেন। ওয়ানডে খেলার প্রায় সেঞ্চুরির পর টেস্ট অভিষেক। আড়াই দিন ধরে অন্যদের ব্যাটিং দেখার পর যখন ব্যাট হাতে নামলেন, তখন আরেক পাশে কিনা সত্যিই টেন্ডুলকার! গার্ড নেওয়ার পরই নার্ভাস হয়ে পড়েছিলেন। সেটা বুঝতে পেরে টেন্ডুলকারের ওই মন্ত্রণা। তাতে কাজ দারুণ হলো। টেস্ট ক্যাপ পেয়েছিলেন রাহুল দ্রাবিড়ের হাত থেকে, সেঞ্চুরির পর বুকে প্রথম জড়িয়ে ধরলেন টেন্ডুলকার, অভিষেকটা রায়না কখনোই ভুলবেন না।কিন্তু লোকে এই টেস্টটাকে কতটুকু মনে রাখবে? নিষ্প্রাণ উইকেট, ম্যাড়মেড়ে ম্যাচ। আজ টেস্টের পঞ্চম দিন, অথচ দুদলের প্রথম ইনিংসই কিনা এখনো শেষ হলো না! গত কিছুদিনে জমজমাট কয়েকটি ম্যাচ টেস্ট ক্রিকেটের উত্তেজনা ফিরিয়েছিল। কিন্তু টেস্ট ক্রিকেটের বাজে একটা বিজ্ঞাপন হয়ে রইল যেন এসএসসির এই টেস্টটা। স্টিভ ওয়াহর ১৬৮ টেস্ট খেলার মাইলফলক ছোঁয়ার ম্যাচ বলেই হয়তো মনে পড়তে পারে। না হলে টেস্টে পঞ্চম ডাবল সেঞ্চুরিটাও মনে দাগ কাটার কথা নয় শচীন টেন্ডুলকারের।আগের দিন শ্রীলঙ্কা ৪ উইকেট তুলে নেওয়ার পর মনে হয়েছিল অন্যরকম কিছু হলেও হতে পারে। কিন্তু কাল আবার আসল চেহারায় ফিরল এসএসসি। বিকেলে তিলকরত্নে দিলশানের জাদুতে তবু কিছু উইকেট পড়ল, কিন্তু তার আগেই টেন্ডুলকার-রায়না-ধোনি মিলে ঠিক করে ফেলেছেন ম্যাচের ভাগ্য। দিলশানের তিন উইকেট পাওয়াকে জাদু বলায় অনেকের আপত্তি থাকতে পারে। কিন্তু বোলিংটা যাঁদের মূল কাজ, তাঁরাই যেখানে মাথা কুটে মরছেন, সেখানে দিলশানের তিন উইকেট পাওয়াকে জাদু না বলে উপায় আছে! উইকেটগুলোও দেখুন না—টেন্ডুলকার, ধোনি তো আছেনই, আছেন হরভজন সিংয়েরটাও, ব্যাট হাতে মাঝেমধ্যেই যিনি ভয়ংকর হয়ে ওঠেন। এর আগে ভারতের বিপক্ষে একটিই টেস্ট উইকেট ছিল দিলশানের এবং সেটিও টেন্ডুলকারের!এই উইকেটে ১০৮ রান নিয়ে দিন শুরু করা টেন্ডুলকারের কাছে একটা বড় ইনিংস ভারতীয়রা প্রত্যাশা করছিলই। টেন্ডুলকারকেও খুব দৃঢ়প্রতিজ্ঞ মনে হচ্ছিল। ঝুঁকি বলতে গেলে একদমই নেননি, পুরোপুরি নিশ্চিত না হয়ে কোনো শট খেলেননি। সুরাজ রণদিভকে ছক্কা মেরে ফিফটি করেছিলেন, তাঁকেই চার মেরে সেঞ্চুরি। কাল অজন্তা মেন্ডিসকে চার মেরে দেড় শ করেছেন, দুই শও ছুঁয়েছেন মেন্ডিসের বলেই। তবে এবার চার-ছয় নয়, প্যাডল সুইপে দুই নিয়ে।অনেক অভিজ্ঞ সঙ্গীর তুলনায় একটু বেশিই উচ্চাকাঙ্ক্ষী ছিলেন রায়না। ধৈর্যের পরীক্ষা যথেষ্ট দিয়েছেন, তবে আক্রমণাত্মক মানসিকতাটা প্রকাশ পেয়েছে মাঝেমধ্যেই। বেশ কবার উইকেট ছেড়ে এসে শট খেলেছেন, উড়িয়ে মারতেও দ্বিধা করেননি। ধাম্মিকা প্রসাদকে দারুণ এক অফ ড্রাইভে সেঞ্চুরি ছুঁয়েছেন ১৯২ বলে। অভিষেকে সেঞ্চুরি করা দ্বাদশ ভারতীয় রায়না, ২০০১ সালে শেবাগের পর প্রথম।দুর্বোধ্য আর নেই, তবে কিছুটা হলেও নিজেকে ফিরে পাওয়ার ইঙ্গিত দিয়েছেন মেন্ডিস। চমৎকার নিয়ন্ত্রণ ও বাউন্স দেখিয়ে যথেষ্ট প্রশংসা আদায় করেছেন রণদিভ, তবুও অভিষেকটাকে হয়তো ভুলে যেতে চাইবেন এই অফ স্পিনার। অভিষেকে সবচেয়ে বেশি রান দেওয়ার রেকর্ডটা যে প্রায় করেই ফেলেছেন! তথ্যসূত্র: টেন স্পোর্টস।