দুই ইভেন্টেই সপ্তম

ন্যামডং জিমনেসিয়াম থেকে একটা পদক জয়ের খবর আসবে ভাবা হচ্ছিল। এশিয়ান গেমস কাভার করতে আসা বাংলাদেশি সাংবাদিকদের চোখও তাই কাল ছিল সেদিকেই। কিন্তু সুখবরটা এল না। যাঁকে নিয়ে আশা ছিল, যুক্তরাষ্ট্রপ্রবাসী সেই বাংলাদেশি জিমন্যাস্ট সাইক সিজার তাঁর দুটি ইভেন্টের চূড়ান্ত পর্বেই ৮ প্রতিযোগীর মধ্যে সপ্তম হয়েছেন।
প্যারালাল বার ইভেন্টে বারের ওপর কসরত খারাপ করেননি সাইক সিজার। কিন্তু ভালো হয়নি ল্যান্ডিং। আর তাই তুলতে পারেননি ইনচন এশিয়ান গেমসের বাছাইয়ে করা স্কোরও। বাছাইয়ে ব্যক্তিগত সেরা ১৫.১৫ স্কোর করলেও কাল করলেন ১৪.৮৬৬। এই ইভেন্টে ১৫.৮ স্কোর করে সোনা জিতেছেন জাপানের অলিম্পিক সোনাজয়ী কামোতো ইউয়া। ১৫.৪৭ স্কোর করে রুপা জিতেছেন উজবেকিস্তানের অ্যান্টন ফকিন এবং ১৫.৪১ স্কোর করে ব্রোঞ্জ পদক পেয়েছেন ভিয়েতনামের পং থান দিন।
সাইক সপ্তম হয়েছেন পুরুষদের হরাইজন্টাল বারেও। এই ইভেন্টে তাঁর স্কোর ১৪.১৩৩। ল্যান্ডিং ভালো হয়নি এখানেও। অবশ্য সেটা ভালো হলেও সাইক সিজারের কপালে পদকের সম্ভাবনা কমই ছিল। অন্যদের কসরত যে ছিল তাঁর চেয়ে অনেক অনেক গুণ ভালো! ১৫.৮০ স্কোর করে এই ইভেন্টে সোনা জিতেছেন চীনের কাই জু। রুপা ও ব্রোঞ্জ দুটিই গেছে জাপানে। ১৫.৫৩৩ স্কোর করে রুপা জিতেছেন ইউসুকি সাইতো। ব্রোঞ্জ পাওয়া মাসাওসি ইয়ামামতোর স্কোর ১৫.৪৯১।
দুই ইভেন্টে সপ্তম হয়ে অবশ্য সাইক নিজে খুশিই আছেন। প্রতিযোগিতা শেষে মিক্সড জোনে দাঁড়িয়ে বলছিলেন, ‘সব মিলিয়ে আমি খুশি। এখানে অলিম্পিকের সোনাজয়ী খেলোয়াড়ও আছে। তা ছাড়া চীন-জাপান বিশ্বের সেরা দল। আমি বিশ্বের সেরাদের সঙ্গে লড়াই করতে পেরে আনন্দিত। বিশ্বের মানচিত্রে অন্তত বাংলাদেশকে দেখাতে পেরেছি।’
তবে সাইক সিজারের ধারণা, ল্যান্ডিং ভালো হলে প্যারালাল বারের ফলাফলটা অন্তত আরেকটু ভালো হতে পারত, ‘প্যারালাল বারে ল্যান্ডিং ভালো হলে ১৫.৩ বা ১৫.৪ হতে পারত স্কোরটা। তখন হয়তো চতুর্থ হতে পারতাম।’