দুই উগান্ডানের ম্যাচে নাটকীয়তা
জয় উদ্যাপনের জন্য যখন ফেনী সকার তৈরি, তখনই নাটকীয়তা। শেষ বাঁশির আগ মুহূর্তে ১-০ স্কোরলাইন হয়ে গেল ১-১। পরাজয় এড়িয়ে ড্র নিয়ে মাঠ ছাড়ল রহমতগঞ্জ।রহমতগঞ্জকে এক পয়েন্ট এনে দিলেন উগান্ডান ফরোয়ার্ড ইদ্রিস কাসুরি। মাঝমাঠ থেকে একক প্রচেষ্টায় বল নিয়ে বক্সে ঢুকলেন, তারপর সকারের আগুয়ান গোলরক্ষক পিয়ারুজ্জামান কিছু বুঝে ওঠার আগেই ডান দিক দিয়ে বল পাঠালেন জালে। হতবাক সকার, উল্লাস রহমতগঞ্জের।প্রথম ম্যাচে ঘরের মাঠে চট্টগ্রাম আবাহনীর কাছে ১-২ গোলে হেরেছিল সকার। কাল ঢাকার কমলাপুর স্টেডিয়ামে জয়ের জন্য মরিয়া হয়েই খেলল দলটি। ১১ মিনিটে ফ্রি-কিক থেকে সরাসরি বল জালে পাঠিয়ে সকারকে এগিয়ে নেন উগান্ডান স্ট্রাইকার কুবে ডমিনিক। সাতজনের মানব দেয়াল পাশ কাটিয়ে বল জালে ঢোকার দৃশ্যটা ছিল দেখার মতো। খুশিতে আফ্রিকান নাচ দেখিয়ে দিলেন ডমিনিক। কিন্তু তাঁর আনন্দটা মাটি করে দিলেন স্বদেশি ইদ্রিস!রহমতগঞ্জ: ইরান, ইদ্রিস, মাইকেল, ফেলিক্স, পাশবন (প্রীতম), ইমন, রনি, জামাল, জাহাঙ্গীর, আসিফ, আশরাফ।ফেনী সকার: পিয়ারুজ্জামান, শাহিনুর, শিপন, নয়ন (রিন্টু), সোহেল, বুলবুল (মামুন), মওদুদ, সাইফ, রাশেদুল, ডমিনিক, ভিক্টর।