দুই একাডেমির সিরিজে সমতা
আবারও শুরুতেই ব্যাটিং বিপর্যয়। কিন্তু প্রথম ম্যাচের মতো কাল আর ঘুরে দাঁড়ানো হয়নি জিপি-বিসিবি একাডেমির। আগের ম্যাচে ২৫ রানে ৫ উইকেট হারানোর পরও জয় নিয়ে ফেরা গেছে। কিন্তু জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে কাল ২৪ রানে ৪ উইকেট হারানোর পর দক্ষিণ আফ্রিকা একাডেমির বিপক্ষে হারতে হয়েছে ৮ উইকেটে।টস জিতে ব্যাট করতে নেমে মার্চেন্ট ডি লেঙ্গের বোলিং তোপে পড়ে জিপি-বিসিবি একাডেমি। দলের ১৫ রানের মাথায় ভিলিয়নের বলে ওপেনার রনি তালুকদার ফিরে গেলেও দক্ষিণ আফ্রিকা একাডেমির হয়ে আসল কাজটা করেন লেঙ্গে। মাত্র ৯ রানের ব্যবধানে তুলে নেন মোহাম্মদ মিঠুন, আনামুল হক ও সৌম্য সরকারের উইকেট। দ্বিতীয় স্পেলে বোলিং করতে এসে ফেরান আলাউদ্দিন আর সানজামুলকে। ৮-১-৩৩-৫—এই বোলিং ফিগার নিয়ে ম্যান অব দ্য ম্যাচও লেঙ্গে।পাঁচ নম্বরে ব্যাট করতে নেমে ৮৪ বলে চার বাউন্ডারি ও এক ছক্কায় ৫৩ রান—যা একটু লড়াইয়ের চেষ্টা করেছেন মোমিনুলই। তাতেও অবশ্য জিপি-বিসিবি একাডেমি শেষ পর্যন্ত ৪০.৪ ওভারে ১৫০ রানে অলআউট। জবাবে দক্ষিণ আফ্রিকা একাডেমি দল ৩৩.২ ওভারে ২ উইকেট হারিয়েই পৌঁছে যায় জয়ের লক্ষ্যে। দুটি উইকেটই পান সানজামুল।সিরিজে এখন ১-১ সমতা। আগামী পরশু শেষ ওয়ানডেটি হবে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে।সংক্ষিপ্ত স্কোর:জিপি-বিসিবি একাডেমি: ৪০.৪ ওভারে ১৫০ (মোমিনুল ৫৩, আলাউদ্দিন ৩৬, আসিফ ১৫; লেঙ্গে ৫/৩৩, ভিলিয়ন ২/২৬, হিউম ২/২৩)। দক্ষিণ আফ্রিকা একাডেমি: ৩৩.২ ওভারে ১৫৩/২ (চেটি ৫০*, ফন উইক ৪৮, সুম্যান ২৪*; সানজামুল ২/২৪)।