দুই এডওয়ার্ডসের দিন
‘দুজনের নামই এডওয়ার্ডস, দুজনেই বারবাডোজের’—ওয়েস্ট ইন্ডিজের মিডিয়া ম্যানেজার শুরুতেই জানিয়ে দিলেন, ‘দুজনের মাঝে কোনো আত্মীয়তার সম্পর্ক নেই।’ কথাটা অন্যভাবেও বলা যায়। ওই একটি শব্দ ছাড়া দুজনের মাঝে আর কোনো মিলই নেই! বয়সে ফিদেল এডওয়ার্ডস বছর তিনেকের বড়, উচ্চতায় আবার অনেকটা লম্বা কার্ক এডওয়ার্ডস। একজন দুরন্ত গতির ফাস্ট বোলার, বল হাতে ছুটে যাওয়ার সময় গুঁড়িয়ে দিতে চান সবকিছু। রাউন্ড আর্ম স্লিঙ্গিং অ্যাকশনটাও কেমন যেন জটিল। আরেকজন ভীষণ ঠান্ডা মাথার ব্যাটসম্যান। দর্শনে জটিলতা বলে কিছু নেই, স্রেফ সোজা ব্যাটে খেলো, বল আর পরিস্থিতি বুঝে খেলো।সবচেয়ে বড় অমিল অবশ্য দুজনের জীবনদর্শনে। ফিদেল ভীষণ আমুদে, সব সময় মজা করতে ভালোবাসেন। সংবাদ সম্মেলনে বসেও চোখেমুখে খেলা করছিল দুষ্টুমি। কার্ক আবার খুব সিরিয়াস, দেখলে মনে হবে, ‘জীবনটা ফাজলামো করার জিনিস নয়!’ কালকের সেঞ্চুরি উদ্যাপনটাই দেখুন না, সোহরাওয়ার্দী শুভকে ডাউন দ্য উইকেটে গিয়ে চার মেরে ধীরে ধীরে হেলমেটটা খুলে দুই হাত ওপরে তুললেন। মুখে একটু হাসি নেই, উদ্যাপনে নেই আবেগের বাড়াবাড়ি। উল্টো মেরুর এই দুজনই এখন ওয়েস্ট ইন্ডিজের নায়ক, দ্বিতীয় দিনেই দলকে এনে দিয়েছেন ম্যাচের নিয়ন্ত্রণ।৭১ রান নিয়ে দিন শুরু করেছিলেন কার্ক, তৃতীয় টেস্টে দ্বিতীয় সেঞ্চুরি তুলে নিয়েছেন ২৩৪ বলে। গত জুলাইয়ে ভারতের বিপক্ষে অভিষেকে প্রথম ইনিংসে সেঞ্চুরির পর দ্বিতীয় ইনিংসে করেছিলেন ১১০। চট্টগ্রামে প্রথম ইনিংসে ১৭ রানে এলবিডব্লু হলেও দ্বিতীয় ইনিংসে অপরাজিত ছিলেন ২৮ রানে। এরপর কালকের ইনিংস—টেস্ট ক্রিকেটের কঠিন জগৎটা কতই না সহজ মনে হচ্ছে তাঁর কাছে! কার্ক কিন্তু যথারীতি সিরিয়াস, ‘টেস্ট শতক কখনোই সহজ নয়, অনেক কষ্ট করতে হয়, এ জন্যই এটার নাম টেস্ট।’অভিষেক টেস্টে সেঞ্চুরির পর ব্যাটিংয়ের মতো চমকে দিয়েছিলেন দারুণ এক মন্তব্যেও, ‘ক্যারিবিয়ান ক্রিকেটের যাবতীয় নেতিবাচকতাকে আমি ইতিবাচক রূপ দিতে চাই।’ কাল জানালেন, শুধু বলার জন্য বলা নয়। জেদকে শক্তিতে পরিণত করার সামর্থ্য তাঁর মজ্জাগত, ‘আমার ধরনই হলো সব সময় ইতিবাচক থাকা। লোকে যখন আমাকে নেতিবাচক কথা বলে, আমার শুধু হাসি পায়, কারণ জানি আমি তাদের ভুল প্রমাণ করব। ওয়েস্ট ইন্ডিজের জন্য আমি আমার সবটুকু ঢেলে দেব, নিজের কাছে এটাই আমার চাওয়া।’ফিদেল আবার ক্যারিয়ারে এত কিছু দেখে ফেলেছেন যে জীবনটাকে গভীরভাবে ভাবতেই চান না। আন্তর্জাতিক ক্রিকেটে এসেই হইচই ফেলে দিয়েছিলেন, কিন্তু চোট-জর্জরিত ক্যারিয়ারটা প্রত্যাশিত গতি পায়নি। সর্বশেষ চোট কাটিয়ে গত জুনে দলে ফিরেছেন দুই বছর পর। ফিরেই ভারতের বিপক্ষে ৩ টেস্টে ১৯ উইকেট। এরপর চট্টগ্রামে সুবিধা করতে পারেননি। সেই জ্বালাই যেন জুড়ালেন কাল। চট্টগ্রামে না পারার কারণটাও ব্যাখ্যা করলেন, ‘গত টেস্টটাই ছিল বাংলাদেশে আমার প্রথম। তাই বুঝে উঠতে পারিনি কোন লেংথে বল ফেলতে হবে। ওই টেস্টের শিক্ষা এখানে কাজে লাগিয়েছি।’টিভিতে ওয়ালশ-অ্যামব্রোসদের বোলিং দেখে ফাস্ট বোলার হয়েছেন। কোর্টনি ওয়ালশ কাল পূর্ণ করলেন ৪৯, শুনে যেন হেসে উঠল তাঁর চোখমুখ, ‘তাই নাকি! ওর সঙ্গে আমার দারুণ সম্পর্ক, অনেক টিপস দেয় আমাকে। এই ৫ উইকেট কোর্টনির জন্মদিনে আমার উপহার!’