দুই কাবাডি খেলোয়াড় নিষিদ্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১১ মে জাতীয় মহিলা কাবাডির ফাইনাল শেষে রেফারিদের সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়েছিলেন। সেটারই মাশুল গুনলেন জাতীয় মহিলা কাবাডি দলের অধিনায়ক শাহনাজ পারভীন মালেকা আর শিলা আক্তার। অশোভন আচরণের দায়ে আনসারের এই দুই খেলোয়াড়কে তিন বছরের জন্য নিষিদ্ধ করেছে ফেডারেশন।
খেলোয়াড়দের অশোভন আচরণের সময় সেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেডারেশন সভাপতি ও পুলিশের মহাপরিদর্শক এ কে এম শহীদুল হক। ফেডারেশনের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম কাল জানালেন, ‘টাইম আউটের কারণে ফাইনাল কয়েক দফা বন্ধ ছিল। কিন্তু ওদের দাবি, খেলা নির্ধারিত সময়ের আগেই শেষ করা হয়েছে। ওই সময় প্রধান অতিথির সামনে এসে দুই খেলোয়াড় অশোভন আচরণ করে। এতে সভাপতি মহোদয় মনঃক্ষুণ্ন হয়েছেন। এরপরই কার্যনির্বাহী সভায় এই শাস্তির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’ তবে এই খেলোয়াড়দের শাস্তির বিরুদ্ধে আবেদন করারও সুযোগ রয়েছে বলে জানিয়েছেন তিনি, ‘ওরা যদি মাফ চায়, তাহলে হয়তো শাস্তি কমানোর চিন্তাভাবনা করব আমরা।’