দুই কোচের নতুন শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ম্যানচেস্টার ডার্বিতে আজ মুখোমুখি ময়েস ও পেলেগ্রিনি  ফাইল ছবি
ম্যানচেস্টার ডার্বিতে আজ মুখোমুখি ময়েস ও পেলেগ্রিনি ফাইল ছবি

একই শহরের দুই ক্লাবের মধ্যে ১৩২ বছর ধরে চলে আসা লড়াই। প্রতিদ্বন্দ্বিতার আগুনটা তাই একটুও কমার কথা নয়। রোমাঞ্চও ক্লিশে হওয়ার নয় এতটুকু। সে যতই বদলে যান না কেন নেপথ্য নায়কেরা। আবার একদিক দিয়ে ম্যানুয়েল পেলেগ্রিনি ও ডেভিড ময়েস প্রতিদ্বন্দ্বিতার শুরুও তো হচ্ছে নতুন করে। ইস্টল্যান্ডে আজকের ম্যানচেস্টার ডার্বিকে তাই দেখুন নতুন চোখে।
ম্যানচেস্টারের দুই ক্লাব সিটি ও ইউনাইটেডের দ্বৈরথ শুরু হয়েছিল সেই ১৮৮১ সালে। এরপর ১৬৫ বার মুখোমুখি হয়েছে দুই দল, সাফল্যের পাল্লাটা ঝুঁকে আছে ইউনাইটেডের দিকেই। ইউনাইটেড জিতেছে ৬৫ বার, সিটি ১২ বার। ৭৭টি ম্যাচ হয়েছে ড্র। তবে ২০০৮ সাল থেকে দেদার টাকা ব্যয়ে সিটি বড় দল হয়ে ওঠার পর ডার্বিটাও পেয়েছে অন্য মাত্রা। মাঠে তো বটেই, লড়াইটা জমতে শুরু করে মাঠের বাইরেও। স্যার অ্যালেক্স ফার্গুসন সিটিকে ‘হুল্লোড়ে প্রতিবেশী’ বলে খেপিয়ে দিয়ে গেছেন।
ফার্গি বিদায় নিয়েছেন। ময়েস নিয়েছেন তাঁর জায়গা। আর সিটিতে রবার্তো মানচিনির উত্তরসূরি হয়ে এসেছেন পেলেগ্রিনি।
সিটির মাঠে আজকের ম্যাচটা দুজনকেই দেবে নতুন এক অভিজ্ঞতা। পেলেগ্রিনি দাবি করেছেন ডার্বির মাহাত্ম্যটা তিনি আগে থেকেই জানেন, ‘ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে ডার্বিটা কত গুরুত্বপূর্ণ সেটা জানার জন্য এখানে থাকার তো প্রয়োজন নেই। এখানে কাজ করতে করতে আমি বুঝতে পারছি এটা স্পেশাল একটা ম্যাচ। আমি জানি এটা স্পেশাল একটা খেলা। এটা ৬ পয়েন্টের ম্যাচ। ম্যানচেস্টার ইউনাইটেড সব সময়ই শিরোপার দাবিদার, তাই তাদের বিপক্ষে খেলাটা আসলেই গুরুত্বপূর্ণ।’ মজার ব্যাপার, গত দুই মৌসুমেই সিটির মাঠে জয়ী দলটাই পরে লিগ জিতেছে। পেলেগ্রিনি এটাও নিশ্চয়ই জানেন!
ডার্বিটা তাঁর জন্য নতুন। কিন্তু ডেভিড ময়েসের কাছে প্রতিপক্ষ হিসেবে ম্যানচেস্টার সিটি তো নতুন নয়। এভারটনে থাকতে অসংখ্যবার সিটির মুখোমুখি হয়েছেন বলেই ময়েস হয়তো একটু বেশি আত্মবিশ্বাসী থাকতে পারেন। আর সিটির বিপক্ষে তাঁর রেকর্ডটাও ‘একটু বেশিই’ ভালো! গত ছয় মৌসুমে সিটির বিপক্ষে ১২ ম্যাচের নয়টিই জিতেছে এভারটন। ২০০৯ থেকে ২০১১ পর্যন্ত তো জিতেছে টানা চার ম্যাচেই।
তবে পেলেগ্রিনিরও আছে ময়েসের মুখোমুখি হওয়ার অভিজ্ঞতা। ডাগ-আউটে একবারই মুখোমুখি হওয়ার সেই অভিজ্ঞতা চিলিয়ান কোচের জন্য ছিল সুখকর। ২০০৫ সালে চ্যাম্পিয়নস লিগের প্লে-অফে ময়েসের এভারটনকে হারিয়ে চূড়ান্ত পর্বে উঠেছিল পেলেগ্রিনির ভিয়ারিয়াল। সেই প্রসঙ্গটা টেনেই পেলেগ্রিনি বললেন, ‘আমি জানি ম্যানচেস্টার সিটির সঙ্গে এভারটনের হয়ে ডেভিডের (ময়েস) ভালো রেকর্ড আছে। তবে তার বিপক্ষে আমার রেকর্ডটাও ভালো।’
চ্যাম্পিয়নস লিগে দুই দলই শুরু করেছে জয় দিয়ে। দুই দলেরই মূল খেলোয়াড়েরা আছেন ভালো অবস্থায়। আত্মবিশ্বাস তাই দুই চিরপ্রতিদ্বন্দ্বীরই সঙ্গী। ময়েস তাই মানছেন ম্যাচটা হতে পারে যে কারও, ‘আপনি ডার্বিতে ভালো ফর্ম নিয়ে যেতে পারেন, কিন্তু ম্যাচটা কোন দিকে যাবে সেই ধারণা এ থেকে আপনি পেতে পারেন না। এটা যেকোনো দিকে যেতে পারে।’
আজ ম্যাচ শেষে কার মুখে হাসি থাকবে, ময়েস না পেলেগ্রিনির? এএফপি, ওয়েবসাইট।