দুই ক্রিকেটারের স্বপ্নপূরণের পাঁচালি

একজন ওপেনিং ব্যাটসম্যান, এখন ইংল্যান্ডে। আরেকজন লেগ স্পিনার, রয়েছেন অস্ট্রেলিয়ায়। প্রথমজন আছেন অস্ট্রেলিয়ার অ্যাশেজ দলে, আরেকজন দলে আসতে পারেন বলে জোর গুঞ্জন। দুজন মিলে যাচ্ছেন একটা জায়গায়—দুজনই ভাসছেন স্বপ্নপূরণের আনন্দে। কোচ ড্যারেন লেম্যান নিশ্চিত করেছেন, অ্যাশেজের প্রথম টেস্টে অস্ট্রেলিয়ার হয়ে ওপেন করবেন ক্রিস রজার্স। আর দীর্ঘ লড়াই ও প্রতীক্ষার পর অবশেষে অস্ট্রেলিয়ার নাগরিকত্ব পেয়েছেন ফাওয়াদ আহমেদ।
ফাওয়াদের জন্ম, বেড়ে ওঠা ও প্রথম শ্রেণীর ক্রিকেটে খেলা—সবই পাকিস্তানে। ২০১০ সালে স্বদেশ ছেড়ে পাড়ি জমান অস্ট্রেলিয়ায়, তালেবানদের হুমকিতে দেশ ছেড়েছেন দাবি করে প্রার্থনা করেন রাজনৈতিক আশ্রয়। একটি গুদামে কাজ করার পাশাপাশি টুকটাক ক্রিকেটও খেলছিলেন। নানা টানাপোড়েনের পর গত বছর মঞ্জুর হয় রাজনৈতিক আশ্রয়। গ্রেড ক্রিকেটে বোলিং দেখে তাঁকে দলে টানতে আগ্রহী হয় বিগ ব্যাশের তিনটি দল। এরপর অস্ট্রেলিয়া জাতীয় দলের নেটে বোলিংয়ের সুযোগ, শেন ওয়ার্নের অবসর-পরবর্তী যুগে অস্ট্রেলিয়ার একজন কার্যকর স্পিনার খোঁজা, সব মিলিয়ে পাদপ্রদীপের আলোয় আসেন ফাওয়াদ।
ফাওয়াদের জন্যই কিছুদিন আগে পার্লামেন্টের উচ্চকক্ষে অস্ট্রেলিয়ার নাগরিকত্ব পাওয়ার প্রক্রিয়ায় সংশোধনী আনা হয়। ক্রীড়া, বিজ্ঞান, চিকিৎসা ও পারফর্মিং আর্টসে অস্ট্রেলিয়ার হয়ে অবদান রাখতে পারেন, এমন ব্যক্তিদের নাগরিকত্ব প্রক্রিয়া দ্রুততর করার আইন করা হয়। সেই আইনেই নাগরিকত্ব পেয়ে গেলেন ফাওয়াদ। গতকাল তাঁকে সুখবরটি দিয়েছেন সাবেক অভিবাসনমন্ত্রী ব্রেন্ডান ও’কনর। আসছে অ্যাশেজে তাঁর মাথায় ব্যাগি গ্রিন দেখা গেলেও এখন অবাক হওয়ার কিছু থাকবে না। অস্ট্রেলিয়া ‘এ’ দলের হয়ে এরই মধ্যে খেলেছেন, ‘এ’ দলের আসন্ন জিম্বাবুয়ে ও দক্ষিণ আফ্রিকা সফরের দলেও রাখা হয়েছে তাঁকে।
স্বপ্নপূরণের আনন্দে ফাওয়াদের কণ্ঠে ছিল উচ্ছ্বাস, ছিল ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা কেটে যাওয়ার স্বস্তি, ‘আমার জন্য এটা স্বপ্নের এক মুহূর্ত। এটা ছিল দীর্ঘ এক ভ্রমণ, দীর্ঘ লড়াই। নাগরিকত্ব পাওয়ার জন্য আমার আর তর সইছিল না। আশা করি, ক্রিকেটের মাধ্যমে অস্ট্রেলিয়াকে আমি কিছু ফিরিয়ে দিতে পারব। অ্যাশেজ কিংবা যেকোনো টুর্নামেন্টে অস্ট্রেলিয়ার প্রতিনিধিত্ব করা হবে দারুণ সম্মানের। সবচেয়ে বড় কথা, সব দুশ্চিন্তা কেটে গেছে। এখন আমি শুধু ক্রিকেটেই মন দিতে পারব।’
রজার্সের গল্পটা অন্য রকম। ২০০৮ সালে ভারতের বিপক্ষে একটি টেস্ট খেলে দুই ইনিংস মিলিয়ে ১৯ রান করার পর বাদ পড়েছিলেন। ঘরোয়া ক্রিকেট ও কাউন্টিতে রানবন্যা বইয়ে দিলেও নাম উঠে গিয়েছিল বাতিলের খাতায়। অস্ট্রেলিয়ান টপ অর্ডারের সাম্প্রতিক ব্যর্থতা আর ইংল্যান্ডে চারটি কাউন্টি দলে নয় বছর খেলার অভিজ্ঞতা পুনরুজ্জীবিত করেছে ক্যারিয়ার। জায়গা পেয়েছেন অ্যাশেজ দলে। তবু আশা-নিরাশার দোলাচলে ছিলেন সেরা একাদশে সুযোগ পাওয়া নিয়ে। লেম্যানের ঘোষণায় কেটে গেছে সেই শঙ্কাও। ট্রেন্টব্রিজে শেন ওয়াটসনের সঙ্গে অস্ট্রেলিয়ার ইনিংস শুরু করবেন মিডলসেক্সের এই ওপেনার।
স্বপ্নপূরণের রোমাঞ্চ প্রথম শ্রেণীর ক্রিকেটে ২০ হাজার রানের মালিক ৩৬ ছুঁইছুঁই ব্যাটসম্যানের কণ্ঠেও, ‘এমন কিছুর স্বপ্ন আমি দেখতাম, কিন্তু নিজেরই বিশ্বাস হতো না। স্বপ্ন সত্যি হলো...এমন সুযোগ সব সময় আসে না। আমার হারানোর কিছু নেই, এই মানসিকতা নিয়েই টেস্ট ম্যাচ খেলতে নামব। নিজের আবেগটাকেই শুধু সামলে রাখতে হবে।’ এএফপি, ওয়েবসাইট।
