দুই ক্লাব থেকে টাকা নিয়ে...
অতীতে এ রকম অনেকই দেখা গেছে, দলবদল সামনে রেখে ফুটবলাররা টাকা নিয়েছেন দুই ক্লাবের কাছ থেকে। এত দিনেও এ দেশের ফুটবল বাজে ওই সংস্কৃতি থেকে বেরোতে পারল না। এবারও কয়েকজন ফুটবলারের বিরুদ্ধে দুই ক্লাব থেকে টাকা নেওয়ার অভিযোগ উঠেছে। বিষয়টার সমাধান করতে ৫ আগস্টের মধ্যে ক্লাব ও ফুটবলারদের বেঁধে দেওয়া সময় শেষ হচ্ছে আজ। গতকাল পর্যন্ত কোনো সুরাহা হয়নি। মোহামেডানের দাবি, গত মৌসুমে শেখ রাসেলে খেলা জাহিদ, মামুন মিয়া, নাহিদ ও শেখ জামালের শাকিলকে তারা অগ্রিম টাকা দিলেও তাঁরা শেখ রাসেলের কাছ থেকেও টাকা নিয়েছেন। শোনা যাচ্ছে, নতুন মৌসুমে তাঁরা খেলবেন শেখ রাসেলেই। মিডফিল্ডার শাকিল বলছেন, ‘মোহামেডান থেকে ভাউচারে সই করে ১০ লাখ টাকা নিয়েছি। চুক্তির বাকি টাকা জুনের শেষে দেওয়ার কথা থাকলেও দেয়নি। জুলাইয়ের মাঝামাঝি দেওয়ার অঙ্গীকার করেও কথা রাখেনি মোহামেডান। এমনকি মোহামেডানের কর্মকর্তারা ফোনও ধরেননি। পরিস্থিতির শিকার হয়ে শেখ রাসেল থেকে পরে টাকা নিয়েছি। এখন ফেডারেশনের মাধ্যমে মোহামেডানের টাকা ফেরত দেব।’তবে মোহামেডানের কর্মকর্তা লোকমান হোসেন ভূঁইয়া ওই খেলোয়াড়দের কড়া শাস্তির হুঁশিয়ারি দিয়েছেন, ‘আমাদের কাছ থেকে টাকা নিয়ে কেউ অন্য ক্লাবে খেলবে এটা হতেই পারে না। প্রয়োজনে আমরা তাঁদের বিরুদ্ধে কঠোর শাস্তির ব্যবস্থা করব।’ শাকিলের অভিযোগের জবাবে লোকমান হোসেনের বক্তব্য, ‘ওই খেলোয়াড়দের চুক্তির বাকি টাকা দলবদলের সময় দেওয়ার কথা। তার আগেই তাঁরা অন্য দলে যেতে পারেন না।’ শেখ রাসেলের সভাপতি নুরুল আলম চৌধুরী মোহামেডানের দাবির কোনো আইনগত ভিত্তি নেই দাবি করে বলেছেন, ‘পেশাদার লিগের নিয়ম অনুযায়ী মোহামেডানের দাবি ধোপে টিকবে না।’ওদিকে চুক্তি শেষ হওয়ার তিন মাস আগেই শেখ জামালে খেলা পাকা করায় শেখ রাসেল তাদের প্লে-মেকার মামুনুলকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে, যেটির অনুলিপি পৌঁছেছে বাফুফের হাতে। মামুনুল অবশ্য নোটিশ পাননি বলে দাবি করেছেন, ‘আইনের বাইরে আমি কিছুই করিনি।’