দুই গোলরক্ষক, দুই গোলদাতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জিয়ানলুইজি বুফন,কেইলর নাভাস,গিওর্গস সামারাস,জ্যাকসন মার্টিনেজ
জিয়ানলুইজি বুফন,কেইলর নাভাস,গিওর্গস সামারাস,জ্যাকসন মার্টিনেজ

ডিয়েগো গডিন সেরা হতে পারতেন অনায়াসেই। ইতালির হৃদয়ভাঙা গোলটি করেছেন, তাঁর রক্ষণ-দেয়ালে ফিরে গেছে আবার ইতালির অনেক গোলপ্রচেষ্টা। কিন্তু লুইস সুয়ারেজের কামড়কাণ্ডের ম্যাচে ম্যাচসেরা স্বীকৃতি পেয়েছেন বর্ণাঢ্য আন্তর্জাতিক ক্যারিয়ারের সম্ভাব্য শেষ ম্যাচটি খেলে ফেলা জিয়ানলুইজি বুফন। প্রথমার্ধেই অসাধারণ জোড়া সেভে বাঁচিয়েছেন দলকে। ক্যারিয়ারজুড়ে যেমন ছিলেন, গোলবারে তেমনি আস্থার প্রতিমূর্তি ছিলেন পরশুও।
পরশুর আরেক গোলকিপার ম্যাচসেরা সন্দেহাতীতভাবেই। বিশ্ব ফুটবলে কেইলর নাভাস খুব বড় কোনো নাম নয়। কিন্তু কোস্টারিকার গোলবারে ভরসা তিনি বছর ছয়েক ধরেই। লা লিগায় লেভান্তের হয়েও পারফরম্যান্স দারুণ। পরশু ইংল্যান্ড-কোস্টারিকা ম্যাচে আলাদা করে চোখে পড়েছে শুধু তাঁকেই। একটি জয়ের আশায় থাকা তরুণ ইংল্যান্ড দল বেশ কবার চিড় ধরিয়েছে কোস্টারিকার রক্ষণে। কিন্তু অটুট নাভাসে মুখ থুবড়ে পড়েছে সব।
গ্রিসের শেষ মুহূর্তের নায়ক হয়ে সবকিছুকে ছাপিয়ে গেছেন গিওর্গস সামারাস। তবে ইনজুরি সময়ের ওই পেনাল্টি গোল ছাড়াও ম্যাচজুড়েই দারুণ ছিল ২৯ বছর বয়সী ফরোয়ার্ডের পারফরম্যান্স। গ্রিসকে এগিয়ে দেওয়া সামারিসের গোলটি এসেছিল তো সামারাসের পাস থেকেই। তবে শেষ মুহূর্তের সেই গোলটির মাহাত্ম্য এতটাই যে ম্যাচসেরা হতে পারেন স্রেফ ওটুকুতেই। শুধু পেনাল্টিতে গোল করাই কিন্তু নয়, মহামূল্য ওই পেনাল্টি আদায়ও করেছিলেন সামারাসই!
জাপানের বিপক্ষে প্রথমার্ধে খুঁজে পাওয়া যায়নি আগের দুই ম্যাচের কলম্বিয়াকে। নিষ্প্রভ ছিলেন জ্যাকসন মার্টিনেজও। দ্বিতীয়ার্ধে মাঠে নেমেই চিত্র পাল্টে দিলেন জেমস রদ্রিগেজ। নতুন ভালদেরামার জাদুর ছোঁয়ায় জেগে উঠল দল, জেগে উঠলেন মার্টিনেজও। সমতায় থাকা ম্যাচে কলম্বিয়া জয় প্রায় নিশ্চিত করল মার্টিনেজের জোড়া গোলে। শেষ দিকে রদ্রিগেজ নিজেও করেছেন গোল, ম্যান অব দ্য ম্যাচের হ্যাটট্রিক করতে পারতেন অনায়াসেই। জোড়া গোলে স্বীকৃতিটা শেষ পর্যন্ত পেয়েছেন মার্টিনেজই।