দুই গোলে জিতেও আক্ষেপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাংবাদিকেরা তাঁর সাক্ষাৎকার নিলেন ম্যাচের পর। মাঠে যা করেছেন, তাতে সাক্ষাৎকার দেওয়ার অধিকার তাঁরই।ঘরোয়া লিগে ১৮ গোল করে নিজ দলের শেরিফের সঙ্গে যৌথভাবে শীর্ষে আছেন। গোলের রাস্তাটা ভালো করে চেনা এনামুল তাঁর দলকে এএফসি প্রেসিডেন্টস কাপের প্রথম ম্যাচে জয় এনে দিলেন। এই স্ট্রাইকারের দুই গোলে ঘরের মাঠে আবাহনী হারাল নেপালের নিউ রোড দলকে (২-০)।ম্যাচের পর মাঠ শূন্য হয়ে গেলেও গ্যালারিতে দর্শকের তুমুল আগ্রহ থাকল র‌্যাফল ড্রয়ের দিকে। এশিয়ার নিচু সারির ১১ দলের টুর্নামেন্টের ‘বি’ গ্রুপের খেলার আয়োজক আবাহনীর কাছে তারা হয়তো বা কৃতজ্ঞও থাকল। চার দলের পাঁচ দিনের টুর্নামেন্টের প্রথম দিনের দ্বিতীয় ম্যাচ শেষে হাজার পাঁচেক দর্শকের জন্য আনা হলো একটা মোটরসাইকেল!গতবার এই বঙ্গবন্ধু স্টেডিয়ামেই ‘আর একটা গোল করতে পারলে চূড়ান্ত পর্বে যাওয়া যেত’ আক্ষেপে পুড়েছে আবাহনী। এবার কী হবে কে জানে। তবে তুলনামূলক অনেক কমজোরি দল নেপালের নিউ রোডের বিপক্ষে গোটা চারেক গোল করে রাখতে পারলে সেটি ভালো বিনিয়োগ হতো। তাই দুই গোলে জিতেও আক্ষেপ করছে আবাহনী।‘গতবারের অভিজ্ঞতায় আমরা এই ম্যাচ থেকে কম করেও চারটি গোল চেয়েছিলাম। সেটা হয়নি। এ জন্য একটু টেনশনে থাকতে হবে আগামী ম্যাচগুলোয়’—বলছিলেন কোচ অমলেশ সেন।পেশাদার ফুটবল লিগে হ্যাটট্রিক শিরোপা ঘরে তোলার প্রস্তুতি এখন আকাশি-নীল শিবিরে। এরই মধ্যে এই টুর্নামেন্টে অন্তত সেরা রানার্সআপ হয়ে চূড়ান্ত পর্বে যাওয়ার স্বপ্ন দেখা দলটির নিয়ন্ত্রণেই ছিল এই ম্যাচটা। কিন্তু দুর্বল প্রতিপক্ষকে সামনে পেয়ে গোল-উৎসব করতে না পেরে তৃতীয় প্রেসিডেন্টস কাপ অভিযানের শুরুটাকে তৃপ্তির বলতে পারছে না আবাহনী।১৮ মিনিটে ইব্রাহিমের সঙ্গে দেওয়া-নেওয়া করে লক্ষ্য ভেদ করলেন এনামুল। এর পর ব্যবধান বাড়ানোর চেষ্টায় নিউ রোডকে কোণঠাসা করে রাখা আবাহনী কিন্তু গোলের সহজ সুযোগ আর পাচ্ছিল না। উদ্দেশ্যহীন খেলার মধ্যে কিছুটা স্বার্থপরতা মিশে যাওয়ায় গোলের রাস্তা আর খুলছিল না।দ্বিতীয়ার্ধে গোল বাড়াতে মরিয়া আবাহনী দ্বিতীয় গোলটা পেল ৬৮ মিনিটে। বদলি মিডফিল্ডার জাহেদের ক্রস বক্সে হাত দিয়ে থামান নিউ রোডের ডিফেন্ডার সাগর থাপা। তারই পরিণাম পেনাল্টি এবং তাতে এনামুলের লক্ষ্যভেদ।নিউ রোড দলটি প্রতি-আক্রমণে উঠেছে হাতে গোনা দুই-তিনবার। এবং গোলও পেয়ে যেতে পারত। আবাহনীর ত্রাণকর্তা হয়ে বারের নিচে বিপ্লব থাকায় তারা গোল পায়নি। বিপ্লব অন্তত দুটি সেভ করেছেন।এনামুলকে রুখতে না পারাই নিউ রোডের পরাজয়ের অন্যতম কারণ। তবে দুই গোল করে খুশি নন এনামুল। ম্যাচের পর বলছিলেন, ‘গোল পেয়েছি, ভালো লাগছে। তবে আরও গোল করা উচিত ছিল আমাদের।’এনামুলের নিজেরই তো হ্যাটট্রিক হওয়ার কথা এই ম্যাচে। ঘরোয় লিগে এবার একটি হ্যাটট্রিক করলেও মিস করেছেন অন্তত চার-পাঁচটি। কাল পেলে সেটি দলের জন্যই হতে পারত এগিয়ে যাওয়ার পাথেয়।আবাহনী: বিপ্লব, সামাদ, রজনী, আতিকুর, সুজন, সিরাজী, মতিউর মুন্না, প্রাণতোষ (জাহেদ), উজ্জ্বল (শাহেদ), এনামুল, ইব্রাহিম (আবুল)।