দুই গ্রুপের দুই চিত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বকাপ শুরুর আগে একবার বলেছিলেন। পরশু কথাটা মনে করিয়ে দিলেন শহীদ আফ্রিদি, ‘আমি আগেই বলেছিলাম, এই বিশ্বকাপে কোনো দলই সহজ নয়। ফেবারিট-টেবারিট বলে কিছু নেই।’ সুযোগ যখন পেয়েছেন, ‘ভবিষ্যদ্বক্তা’ হিসেবে নিজেকে একটু জাহির করার সুযোগটা ছাড়বেন কেন?এ মুহূর্তে পাকিস্তান অধিনায়কের সঙ্গে দ্বিমত করার লোক খুব একটা পাওয়া যাবে না। সম্ভাব্য রোমাঞ্চকর নকআউট পর্ব শুরু হতে এখনো বেশ কটা দিন বাকি, কিন্তু বর্তমান-সাবেক ক্রিকেটার, বিশেষজ্ঞ—সবাই প্রায় একমত যে এমন উত্তেজনাময় আর রোমাঞ্চকর বিশ্বকাপ খুব একটা হয়নি। তবে আফ্রিদিসহ অন্যরা খেয়াল করলেই দেখবেন, উত্তেজনা, রোমাঞ্চ বা নাটকীয়তার সবই ‘বি’ গ্রুপে। গ্রুপ ‘এ’ রোমাঞ্চ উপহার দিতে পারল কই!মাত্র দুটিই গ্রুপ, ফুটবল বিশ্বকাপের মতো ঠিক সে অর্থে ‘গ্রুপ অব ডেথ’জাতীয় কিছু নেই ক্রিকেট বিশ্বকাপে। তার পরও গ্রুপিংয়ের পর ‘বি’ গ্রুপকে তুলনামূলকভাবে কঠিন বলে মেনে নিয়েছিল সবাই। ৯ টেস্ট দলের পাঁচটিই এই গ্রুপে, সঙ্গে সহযোগী দেশগুলোর অবিসংবাদিত সেরা আয়ারল্যান্ড ও কয়েকজন কাউন্টি ক্রিকেটারসমৃদ্ধ হল্যান্ড। বিশ্বকাপের মাঝামাঝি পেরিয়ে দেখা যাচ্ছে, যতটা ভাবা হয়েছিল, গ্রুপ ‘বি’ তার চেয়েও অনেক কঠিন। গ্রুপ ‘এ’তে লড়াই এখন কেবল স্থান নির্ধারণের, কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে ফেলেছে নিউজিল্যান্ড, শ্রীলঙ্কা, অস্ট্রেলিয়া ও পাকিস্তান। অন্যদিকে গ্রুপ ‘বি’তে দক্ষিণ আফ্রিকা-আয়ারল্যান্ড ম্যাচের আগে শেষ আট নিশ্চিত করতে পারেনি কোনো দলই। প্রথম ৫ দলের পয়েন্টের ব্যবধান ২, কাগজে-কলমে কোয়ার্টারে ওঠার সম্ভাবনা আছে এখনো ৬ দলের!গ্রুপ ‘এ’-র একমাত্র চমক বলা যায় এখন পর্যন্ত শীর্ষ দলের নাম নিউজিল্যান্ড। তবে পাকিস্তানকে হারানোর কথা মাথায় রেখেও বলতে হচ্ছে, এই শীর্ষে ওঠা যতটা না নিজেদের কৃতিত্বে, তার চেয়ে বেশি সূচির কৃতিত্বে। ছোট সব দলের বিপক্ষে ম্যাচগুলোই যে শেষ তাদের! রোমাঞ্চ-জাগানিয়া ম্যাচের রসদ অনেক ছিল, কিন্তু কোনো ম্যাচই শেষ পর্যন্ত নখ কামড়ানো উত্তেজনাময় হয়নি। সম্ভাব্য রোমাঞ্চকর ম্যাচগুলোর একটি, অস্ট্রেলিয়া-শ্রীলঙ্কা ম্যাচটা তো ভেসে গেল বৃষ্টিতেই। জিম্বাবুয়ে-কানাডা-কেনিয়া মাঝেমধ্যে লড়াই করেছে, উন্নতির ছাপ রেখেছে কিন্তু হুমকি হয়ে উঠতে পারেনি।ঠিক উল্টো অবস্থা গ্রুপ ‘বি’তে। উত্তেজনা, রোমাঞ্চ, নাটকীয়তা, অঘটন, টাই, কী ছিল না এই গ্রুপে! গ্রুপের দ্বিতীয় ম্যাচ (ইংল্যান্ড-হল্যান্ড) দিয়েই উত্তেজনার শুরু, এরপর পারদ শুধু ওপরের দিকেই গেছে। দু-একবার নামলেও পরের ম্যাচে সেটা আবার উঠেছে দ্বিগুণ উচ্চতায়। ইংল্যান্ড-ভারত টাই, ৩২৭ রান করেও আয়ারল্যান্ডের কাছে ইংল্যান্ডের হার, এই দলটারই আবার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জয় ১৭১ রান করেও, এই রান তাড়া করতে ব্যর্থ দলটি আবার ভারতকে হারায় ২৯৭ তাড়া করে। ৫৮ রান করার পরের ম্যাচে বাংলাদেশের ইংল্যান্ড-বধ, এমনকি হল্যান্ডের ১৮৯ রান তাড়া করে ভারতের ধুঁকতে ধুঁকতে জয়—প্রায় প্রতি ম্যাচেই কিছু না-কিছু বিস্ময় উপহার দিয়েছে এই গ্রুপ।এসব নিয়েই কথা হচ্ছিল ইন্তিখাব আলমের সঙ্গে। পাকিস্তানের ম্যানেজার বিশ্বকাপ জমানোর কৃতিত্ব দিলেন বাংলাদেশ-আয়ারল্যান্ডকে, ‘বংলাদেশ দলই ক্রমেই উন্নতি করছে, আয়ারল্যান্ড দলে কাউন্টিতে নিয়মিত খেলা অনেক ক্রিকেটার আছে। এই দুটি দলের পারফরম্যান্সই ওই গ্রুপের লড়াইটা জমিয়ে দিয়েছে। ভারতের উইকেটেরও একটা ব্যাপার আছে। ব্যাটিং-বান্ধব উইকেট, কোনো স্কোরই নিরাপদ নয়।’রোমাঞ্চ উপহার দেওয়ার জন্য বড় দুটি ম্যাচ এখনো আছে গ্রুপ ‘এ’তে, শ্রীলঙ্কা-নিউজিল্যান্ড ও পাকিস্তান-অস্ট্রেলিয়া। গ্রুপ ‘বি’তে? সবই তো বড় ম্যাচ!