দুই ঘোড়ার দৌড়
ইউরোপের লিগগুলোর মধ্যে স্প্যানিশ লিগেই বাজি ধরা সবচেয়ে সহজ। লা লিগার গত ১২ মৌসুমে শিরোপার হাতবদল হয়েছে মাত্র তিন দলের মধ্যে। এর মধ্যে রিয়াল মাদ্রিদ আর বার্সেলোনাই জিতেছে ১০ বার, দুবার ভ্যালেন্সিয়া। গত আট বছরে শিরোপা হয় মাদ্রিদে গেছে নয়তো বার্সেলোনায়। গত মৌসুমের পয়েন্ট টেবিলের দিকে তাকান। বার্সার চেয়ে ৯ পয়েন্ট বেশি নিয়ে চ্যাম্পিয়ন রিয়াল। কিন্তু বার্সার চেয়ে ত্রি-শ পয়েন্ট পিছিয়ে থেকে তৃতীয় ভ্যালেন্সিয়া! এবারও ব্যতিক্রম হবে বলে মনে হয় না। অনিশ্চয়তার রোমাঞ্চ বলতে এটুকুই—শিরোপা রিয়াল জিতবে, নাকি বার্সা। ‘এটুকুই’, কিন্তু সেই রোমাঞ্চ অসীম। প্রতিটা রোমকূপে শিহরণ জাগানোর মতো। বার্সার তিন মৌসুমের আধিপত্য খর্ব করে গতবার শিরোপা ফিরে পেয়েছে রিয়াল। আগামীকাল সান্তিয়াগো বার্নাব্যুতে ভ্যালেন্সিয়ার মতো বড় দলের বিপক্ষে ম্যাচ দিয়েই যাত্রা শুরু করবে বর্তমান চ্যাম্পিয়নরা। ন্যু ক্যাম্পে বার্সা মুখোমুখি হবে রিয়াল সোসিয়েদাদের। স্প্যানিশ লিগ অবশ্য শুরু হয়ে যাচ্ছে আজই। উদ্বোধনী ম্যাচে পাঁচ বছর পর শীর্ষ লিগে ফেরা সেল্টা ভিগো মুখোমুখি হবে মালাগার। উঠে আসা অন্য দুই দল দেপোর্তিভো লা করুনিয়া আর রিয়াল ভ্যালাদোলিদ। এই মৌসুমে লা লিগা থেকে তাহলে প্রত্যাশা কী? গতবার যা প্রত্যাশা করেছেন, সেটাই। তবে পার্থক্যও আছে। দুই ঘোড়ার এই দৌড় আগের চেয়ে আরও আকর্ষণীয়, আরও রোমাঞ্চকর হবে। নিন্দুকেরা অবশ্য বলেন, ‘দুই দলীয় এই শাসন’ পুরো লিগের জন্য খারাপ। কিন্তু অন্যভাবেও দেখুন। ৮৯ পয়েন্ট নিয়ে ম্যানচেস্টার সিটি চ্যাম্পিয়ন হয়ে যায়, ৯১ পয়েন্ট নিয়েও আক্ষেপ করতে হয় বার্সাকে। আর চ্যাম্পিয়নশিপ নিশ্চিত করতে রিয়ালকে জিততে হয় ১০০ পয়েন্ট! গতবার মাত্র তিনটি ম্যাচ হেরেছে বার্সা। এতেই হয়েছে সর্বনাশ। একটা ম্যাচেও তাই হালকা করে দেখার সুযোগ নেই। প্রতিটি ম্যাচেই বার্সাকে প্রস্তুতি নিতে হয় যেমন তারা প্রস্তুতি নেয় রিয়ালের জন্য। রিয়ালের জন্যও প্রস্তুতির ব্যাপারটি বিপরীতমুখী।লা লিগার আরেকটি মাহাত্ম্য, এই দুই দল শুধু স্পেন নয়, বিশ্বেরই সেরা। এই দুই দলের খেলায় থাকে সেই নান্দনিকতা, যার জন্য গভীর রাতে ঘুম-ঘুম চোখ নিয়ে টিভির সামনে বসা সার্থক হয়। এই লিগেই খেলেন বর্তমান বিশ্বের সেরা দুই খেলোয়াড় লিওনেল মেসি আর ক্রিস্টিয়ানো রোনালদো। দুই দলের যেমন দ্বৈরথ, লড়াইটা এই দুই খেলোয়াড়েরও। নিত্যই একে অন্যকে ছাড়িয়ে যাওয়ার নেশায় বুঁদ তাঁরা। এই সেদিনও মেসি দাবি করেছেন, রোনালদোর সঙ্গে তাঁর কোনো প্রতিদ্বন্দ্বিতা নেই। মেসির কথা শুনতে বয়েই গেছে ফুটবলপ্রেমীদের!লা লিগায় এবার শুধু একটুই রং হারাচ্ছে—পেপ গার্দিওলার অনুপস্থিতি। গার্দিওলা অবশ্য ভবিষ্যদ্বাণী করে গেছেন, তাঁর অনুপস্থিতি খুব বেশি অনুভব করবে না বার্সা। টিটো ভিলানোভা যোগ্য কাণ্ডারি হিসেবেই বসেছেন কোচের সিংহাসনে। ভিলানোভা প্রস্তুত, মরিনহো প্রস্তুত। প্রস্তুত রিয়াল-বার্সা। এখন শুধু কিক-অফের বাঁশি শোনার অপেক্ষা! ওয়েবসাইট।