দুই ছুঁয়েই মরিনহো বলছেন তিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হোসে মরিনহো হেলেনিও হেরেরাকে ছুঁলেন, এই হেরেরাই সর্বশেষ ৪৫ বছর আগে ইন্টার মিলানকে বানিয়েছিলেন ইউরোপ-সেরা। মরিনহো স্পর্শ করলেন আর্নস্ত হ্যাপেল আর ওটমার হিজফেল্ডের কৃতিত্ব। ভিন্ন ভিন্ন দুটো ক্লাবের হয়ে চ্যাম্পিয়নস লিগ জেতার কৃতিত্ব আর আছে কেবল এই দুজনের।পরশু ৩৫ এবং ৭০ মিনিটে আর্জেন্টাইন স্ট্রাইকার ডিয়েগো মিলিতোর জোড়া গোলে বায়ার্ন মিউনিখকে ২-০ গোলে হারিয়ে মরিনহো জানালেন, তিনি শুধু কৃতিত্ব ছুঁয়েই তৃপ্ত নন, ছাপিয়ে যেতে চান সবাইকে। তাই ইন্টারে আর নয়, খুঁজে নেবেন নতুন ঠিকানা। সেই নতুন ক্লাবকে ইউরোপ চ্যাম্পিয়ন বানাবেন। ইতিহাসের প্রথম কোচ হিসেবে ভিন্ন তিনটি ক্লাবের হয়ে চ্যাম্পিয়নস লিগ জেতার কৃতিত্ব হবে শুধু তাঁরই। কী বুঝছেন? মরিনহো নাম লেখাচ্ছেন রিয়াল মাদ্রিদে!‘আমি একমাত্র কোচ হতে চাই, তিনটি ক্লাবের হয়ে যাঁর চ্যাম্পিয়নস লিগ জেতার কৃতিত্ব থাকবে। তাই আমার ইন্টারে থাকার চেয়ে না থাকার সম্ভাবনাই বেশি।’ আরএআই টিভিকে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন মরিনহো। পরবর্তী ঠিকানার আভাসও দিয়ে রেখেছেন, ‘আমার ব্যাপারে আগ্রহ দেখিয়েছে কেবল রিয়াল। আমি অবশ্য কাউকে কোনো কথা দিইনি। কোনো চুক্তিও সই করিনি। আমি কথা দিয়েছিলাম, ফাইনালটি শেষ হলেই আমি আলোচনা শুরু করব।’২০০৪ সালে পোর্তোর হয়ে প্রথম এই ট্রফি উঁচিয়ে ধরেছিলেন। পরশু আবার মাদ্রিদে তাঁর হাতে উঠল ঝা-চকচকে রুপালি কাপটি। দুই বছরে ইন্টারের হয়ে এই নিয়ে পাঁচটি শিরোপা জিতলেন! টানা দুবার জিতেছেন লিগ। এবার তো লিগ, কাপ, চ্যাম্পিয়নস লিগের শিরোপাত্রয়ী জিতলেন। ইতালির প্রথম কোনো ক্লাব জিতল ‘ট্রেবল’। গত মৌসুমে বার্সেলোনা, ১৯৯৯ সালে ম্যানচেস্টার ইউনাইটেড, ১৯৮৮ সালে আইন্দহোফেন এবং ১৯৬৭ এক মৌসুমেই প্রধান তিন শিরোপার প্রতিটিই জিতেছিল সেল্টিক। ইন্টারকে তাঁর আর কিছুই দেওয়ার নেই, ইন্টারেরও তাঁর কাছ থেকে কিছুই নেওয়ার নেই বলেই মনে করেন মরিনহো। ‘এখানে যখন জিতেইছি, আর থেকে যাওয়ার কারণ দেখি না। আমি তো সবকিছুই জিতলাম। দুটো ভিন্ন ভিন্ন ক্লাবের হয়ে যখন চ্যাম্পিয়নস লিগ জিততে পেরেছি, আরও একটি ক্লাবের হয়েও জিততে পারব।’রিয়ালেরও এমন একজন কোচের দরকার, চ্যাম্পিয়নস লিগের ভূত যিনি তাড়াতে পারবেন। ২০০১-০২ মৌসুমে সর্বশেষ ইউরোপ-সেরা হওয়া রিয়াল অনেক বছর হয়ে গেল দ্বিতীয় রাউন্ডের গন্ডিই পেরোতে পারছে না। ‘স্পেশাল ওয়ানকে’ই তাদের দরকার। আজকালের মধ্যেই বর্তমান কোচ ম্যানুয়েল পেলেগ্রিনি ছাঁটাই হতে চলেছেন বলে খবর। মরিনহো যে তাঁর স্থলাভিষিক্ত হবেন, এটাও এখন প্রায় নিশ্চিত। বিশ্বের সর্বোচ্চ বেতনের কোচকে রিয়াল বড় প্রস্তাবই দিয়ে রেখেছে। মরিনহো যে ইন্টার ছাড়ছেন, সেটি নিশ্চিত করেছেন অধিনায়ক হাভিয়ের জানেত্তিও, ‘দুর্ভাগ্যজনক হলেও খবরটা সত্যি। কোচ চলে যাচ্ছেন। আমাদের এই জয়ের পুরো কৃতিত্ব তাঁরই।’ ক্লাব সভাপতি মাসিমো মোরাত্তিও জানিয়েছেন, মরিনহোকে আটকে রাখার সম্ভাবনা এখন ক্ষীণ।বায়ার্নের একদিক দিয়ে ‘সুবিধা’ই হলো। ৯ বছর পর দলকে ফাইনালে নিয়ে যাওয়া কোচ লুই ফন গলকে হারাতে হচ্ছে না তাঁদের। ডাচ কোচ বায়ার্নেই থেকে যাবেন বলে আশ্বস্ত করেছেন। শিষ্যের কাছে হেরে যাওয়ার পর গুরু ফন গল অবশ্য বলেছেন, পরশু যে আক্রমণাত্মক কৌশল এঁটে মরিনহোর ফাঁদে আটকে গেছেন, তাতেও কোনো আক্ষেপ তাঁর নেই। এএফপি, রয়টার্স।চ্যাম্পিয়নস লিগের গোলদাতাগোল খেলোয়াড়৮ লিওনেল মেসি (বার্সেলোনা)৭ ক্রিস্টিয়ানো রোনালদো (রিয়াল মাদ্রিদ), ইভিচা ওলিচ (বায়ার্ন মিউনিখ)৬ ডিয়েগো মিলিতো (ইন্টার মিলান)৫ ওয়েইন রুনি (ম্যানইউ), মারুন চামাখ (বোর্দো), নিকলাস বেন্টনার (আর্সেনাল)