৬ ফুট ১ ইঞ্চি উচ্চতা, ওজন ৭৫ কেজি। দেখে কে বলবে, এই মেয়ে এখনো হাইস্কুল পেরোয়নি! তবে বয়সটা বোঝা যায় কাছাকাছি গেলে। মিষ্টি হাসি, কথাবার্তায় কিশোরীসুলভ চপলতা, এখনো স্পর্শ করেনি কৃত্রিম গাম্ভীর্য। সাঁতারপুলে এই সপ্তদশীই আবার সবার ধরাছোঁয়ার বাইরে। দুটি বিশ্ব রেকর্ডসহ ৪ সোনা ও ১ ব্রোঞ্জ—এখন পর্যন্ত লন্ডন অলিম্পিকের সবচেয়ে বড় বিস্ময়ের নাম সম্ভবত মিসি ফ্রাঙ্কলিন।রানোমি ক্রমোইজোজোর বয়সও খুব বেশি নয়, ২২ ছুঁতে চলেছেন। তবে অনেক চড়াই-উতরাই দেখে ফেলেছেন এর মধ্যেই। বছর দুয়েক আগে মা হওয়ার পর আবার পুলে ফিরেছেন অনেক লড়াই করে। ৩ সোনার স্বপ্ন নিয়ে লন্ডনে এসেছিলেন। রিলের সোনাটা হাতছাড়া হয়েছে অল্পের জন্য। কিন্তু ‘স্প্রিন্ট ডাবল’ জিতে ডাচকন্যা ফিরছেন পুলে দ্রুততম মানবীর খেতাব আর মনে তৃপ্তি নিয়ে।মাইকেল ফেল্প্স নামের এক মহাতারকার ঔজ্জ্বল্যে আর সবাই যেন মিটমিটে। তবু লন্ডনের অ্যাকুয়াটিক সেন্টারে আলো ছড়িয়ে নিজেদের আলাদা করে চিনিয়েছেন ফ্রাঙ্কলিন ও রানোমি। ফেল্প্স যদি হন জলের রাজা, লন্ডনের জলের রানি নিঃসন্দেহে ফ্রাঙ্কলিন। আর দ্রুততম জলজ মানবীর জন্য আলাদা একটা জায়গা তো বরাদ্দ থাকেই!ফ্রাঙ্কলিনের শুরুতে কিন্তু এমন অভাবনীয় কিছুর ইঙ্গিত ছিল না। সাঁতার শুরুর দিনে ১০০ মিটার ফ্রি-স্টাইল রিলেতে পেয়েছিলেন ব্রোঞ্জ। পরশু সাঁতারের শেষ দিনে ১০০ মিটার মিডলে রিলেতে সোনা পান বিশ্ব রেকর্ড গড়ে। এই দুই রিলের মাঝে জিতেছেন ১০০ ও ২০০ মিটার ব্যাকস্ট্রোক ও ২০০ মিটার ফ্রি-স্টাইল রিলের সোনা। ২০০ মিটার ব্যাকস্ট্রোকে ছিল বিশ্ব রেকর্ড। ১৭ বছর বয়সেই ৪ সোনা—লারিসা লাতিনিনার ৯ সোনার রেকর্ড ভাঙায় এখনই অনেকে বাজি ধরতে শুরু করেছেন ফ্রাঙ্কলিনকে নিয়ে। অনেকে আবার স্বপ্নের সীমানা ছড়িয়ে দিচ্ছেন আকাশ পর্যন্ত। ফেল্পেসর শেষ আর ফ্রাঙ্কলিনের শুরুকে মিলিয়ে গুঞ্জন—আজকের এই কিশোরীই হয়তো একদিন ছুঁয়ে ফেলবেন ফেল্প্সকে! এসব শুনে যেন বয়স বেড়ে গেল ফ্রাঙ্কলিনের। পরিণত উত্তর, ‘তাঁর কীর্তি এতটাই বিশাল, আমার মনে হয় না তাঁর মতো কিছু করা সম্ভব। আশা করি, তাঁর পথ ধরে এগিয়ে আমি ঠিক তাঁর পরেই নিজেকে রাখতে পারব।’ তবে বয়সের প্রমাণ দিতেই যেন পরমুহূর্তে বলেন, ‘আপাতত হাইস্কুল পেরিয়ে কলেজে পা দেওয়া নিয়েই আমি রোমাঞ্চিত। কলেজের দিনগুলোর জন্য আর তর সইছে না।’ফ্রাঙ্কলিনকে নিয়ে বাজি ধরায় একটা শঙ্কা কিন্তু আছে। লন্ডনের পুলে সাড়া ফেলে দিয়েছেন ঠিকই, কিন্তু সাঁতারে থাকবেন কি না, সেটাই কিন্তু বুঝে উঠতে পারছেন না এখনো! স্রেফ শখের সাঁতারু হিসেবে থাকতে চান বলেই কোথাও কোনো প্রাইজমানি নেন না, পণ্যের দূতিয়ালিও এড়িয়ে চলেন। এখন সিদ্ধান্ত পাল্টাতেও পারেন!ক্রমোইজোজোর শুরুটাও ছিল ‘ব্যর্থতায়’। ১০০ মিটার ফ্রি-স্টাইল রিলেতে ধরে রাখতে পারেননি বেইজিংয়ের সোনা। তবে রিলেতে যেহেতু তাকিয়ে থাকতে হয় সতীর্থদের দিকেও, আক্ষেপ খুব বেশি ছিল না। গত বৃহস্পতিবার ১০০ মিটার আর পরশু ৫০ মিটার—স্প্রিন্ট ডাবল জিতে দেশে ফিরছেন তৃপ্তি নিয়েই, ‘দুই বছর আগে মা হওয়ার পর পুলে ফিরে আসাটাই ছিল কঠিন। কিন্তু আমি পেরেছি এবং ফেরা সার্থকও হয়েছে। পুরো নেদারল্যান্ডসের আশা ছিল আমাকে নিয়ে, আমি তাদের হতাশ করিনি। নিজের পারফরম্যান্সে আমি তৃপ্ত।’ এএফপি, রয়টার্স।