দুই জেদির লড়াই
এমনিতে দুজনকে মেলানো কঠিন। দুজনের পজিশন আলাদা, খেলার ধরনেও মিল আছে সামান্যই। বাস্তিয়ান শোয়েনস্টাইগার ও কার্লোস তেভেজের মিল পাওয়া যাবে একটা জায়গায়—মানসিকতা। দুজনই দারুণ জেদি, হার মানতে ভীষণ আপত্তি। পজিশনের কারণেই মাঠে দুজন মুখোমুখি হবেন খুব কম সময়ই। তবে গত দুই দিনের কথার লড়াইয়ে যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে, কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা-জার্মানির মরণপণ লড়াইয়ে আজ দুই দলের প্রতীকও ভাবতে পারেন এই দুজনকেই।শোয়েনস্টাইগারের চরিত্রের এই দিকটা এর আগে খুব কমই প্রকাশ্য হয়েছে। কথার লড়াইয়ে প্রতিপক্ষকে ঘায়েল করার চেষ্টা করতে তাঁকে খুব একটা দেখা যায়নি। মাঠে নিজের কাজটা ঠিকভাবে করে যান তিনি সব সময়। ফরোয়ার্ডদের জন্য বলের জোগান যেমন দেন, তেমনই চোখের পলকে নিচে নেমে বল কেড়ে নেন প্রতিপক্ষের পা থেকে। এই জার্মান দলটার মূল চালিকাশক্তি তিনি, সচরাচর গোল পান না বলে আলোচনায় ততটা থাকেন না। কিন্তু দুই দিন আগে হঠাৎ করেই আর্জেন্টিনার সমালোচনা করে এখন তিনি আলোচনার কেন্দ্রে। ভালো করেই জানেন, দল আজ না জিতলে হাস্যকর হয়ে উঠবেন তিনি। আজ তাই খেলতে চাইবেন জীবনের সেরা খেলাটা।তেভেজও যে এমন কিছু চান, তা কদিন আগেই জানিয়ে দিয়েছেন। বলেছেন, এই ম্যাচে পরাজয় সহ্য করার ক্ষমতা তাঁর নেই। তেভেজের জেদি চরিত্রটা তাঁর খেলার মতো চলনবলন, কথাবার্তায়ও ফুটে ওঠে সব সময়। বিশ্বকাপের আগে সেরা একাদশে জায়গা নিশ্চিত ছিল না। ম্যারাডোনা কৌশল বদলানোয় সুযোগ পেয়েছেন, লুফে নিয়েছেন দুই হাতে। মুখে শোয়েনস্টাইগারের কথার কোনো জবাব দেননি, হয়তো মাঠেই দেওয়ার জন্য জমিয়ে রাখছেন!