দুই টেলরের লড়াই
দুজনই মিতা। মিতা মানে মিত্র, বন্ধু হওয়া উচিত। কিন্তু আজ দুজন দুজনের প্রতিপক্ষ। ‘শত্রু’। এদিকে জিম্বাবুয়ের নেতৃত্বে ব্রেন্ডন টেলর, অন্যদিকে নিউজিল্যান্ডের নেতৃত্বে রস টেলর।হারারেতে দুই টেলরের লড়াইটা টি-টোয়েন্টিতে। এই ম্যাচ দিয়েই সফর শুরু করছে নিউজিল্যান্ড। যে সফরে দুটো টি-টোয়েন্টি, তিনটি ওয়ানডের পাশাপাশি একটি টেস্টও খেলবে দুই দল। বাংলাদেশের বিপক্ষে জয় দিয়ে টেস্টে প্রত্যাবর্তন হয়েছে জিম্বাবুয়ের। পরে পাকিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টেও মোটামুটি লড়েছে। এই সফরে বোঝা যাবে, আসলেই ক্রিকেটের অভিজাত ঘরানায় কতটা প্রস্তুত তারা। জিম্বাবুয়ের জন্য তাই এটা বড় পরীক্ষাও।শুধু জিম্বাবুয়ে নয়, এই সফরে পরীক্ষা নিউজিল্যান্ডের নতুন নেতৃত্বেরও। ড্যানিয়েল ভেট্টোরি সরে দাঁড়ানোর পর অধিনায়কের ভার চেপেছে টেলরের ওপর। এই সফরেই অধিনায়ক হিসেবে অভিষেক হচ্ছে তাঁর। নিউজিল্যান্ডের ক্রিকেটের পরিচালক হিসেবে অভিষেক হতে যাচ্ছে অস্ট্রেলিয়ার সফলতম কোচ জন বুকাননেরও।২০০৫ সালে ‘খেলোয়াড় বিদ্রোহে’ হীনশক্তির জিম্বাবুয়ে টানা ছয় টেস্টে বিশাল পরাজয়ের পর টেস্ট থেকে স্বেচ্ছা নির্বাসনে গিয়েছিল। এই ছয় টেস্টের মধ্যে দুটি ছিল নিউজিল্যান্ডের কাছে ইনিংস হার। ওই সফরের পর অর্ধযুগের বিরতি দিয়ে আবারও পূর্ণ সফরে জিম্বাবুয়ে এসেছে নিউজিল্যান্ড। নিউজিল্যান্ডের জন্য নতুন যাত্রা আরেক দিক দিয়েও। অনেক দিন ধরেই দলের প্রধান ভরসা হয়ে থাকা ড্যানিয়েল ভেট্টোরি এখন থেকে খেলবেন শুধু টেস্টে। ভেট্টোরিকে ছাড়াই ওয়ানডে আর টি-টোয়েন্টি খেলতে হবে কিউইদের।টেস্টে ছয় বছরের বিরতি থাকলেও ওয়ানডে ও টি-টোয়েন্টিতে অবশ্য নিয়মিতই দেখা হয়েছে দুই দলের। না, নিয়মিত বলাটা বোধ হয় ভুল হলো অন্তত টি-টোয়েন্টির ক্ষেত্রে। কারণ এর আগে ২০ ওভারের ক্রিকেটে একবারই মুখোমুখি হয়েছিল দুই দল। গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপের সেই ম্যাচে জিম্বাবুয়েকে মাত্র ৮৪ রানে অলআউট করে দিয়েছিল নিউজিল্যান্ড। আজকের ম্যাচটি আরেকজনের জন্য গুরুত্বপূর্ণ। বাংলাদেশের বিপক্ষে দাঁত হারানো কিগান মেথ আজকের ম্যাচ দিয়ে আবার ফিরছেন জাতীয় দলে। এএফপি।