দুই টেস্ট নিষিদ্ধ হতে পারেন অ্যান্ডারসন
ঘটনা ট্রেন্ট ব্রিজ টেস্টের দ্বিতীয় দিনের। সেটা নিয়ে তোলপাড় ৬ দিন পর! ট্রেন্ট ব্রিজে রবীন্দ্র জাদেজাকে কটুকথা বলা ও ধাক্কা দেওয়ার অভিযোগে অভিযুক্ত করা হয়েছে জেমস অ্যান্ডারসনকে। আইসিসির আচরণবিধির লেভেল-৩ অমান্য করার এই অভিযোগ প্রমাণিত হলে অন্তত দুই টেস্ট নিষিদ্ধ হতে পারেন অ্যান্ডারসন। আইসিসির নিয়ম অনুযায়ী, দুই সপ্তাহের মধ্যে শুনানি হওয়ার কথা এই ইংলিশ পেসারের।
মজার ব্যাপার, অ্যান্ডারসনের বিরুদ্ধে অভিযোগ কিন্তু আম্পায়াররা আনেননি। এনেছেন ভারতের ম্যানেজার সুনীল দেব। অভিযোগপত্রে লিখেছেন, দ্বিতীয় দিন মধ্যাহ্নবিরতিতে ড্রেসিংরুমে ফেরার সময় কথার লড়াইয়ের একপর্যায়ে জাদেজাকে গালাগাল করেছেন অ্যান্ডারসন, ধাক্কাও দিয়েছেন। ভারতীয় ম্যানেজারের দাবি, ঘটনার সাক্ষী দুদলের সবাই, ‘মাহি (ধোনি) ও দলের সবাই আমাকে বলেছে যে অ্যান্ডারসন জাদেজার গায়ে হাত দিয়েছে এবং ধাক্কা দিয়েছে। ড্রেসিংরুমে এটা নিয়েই কথা বলছিল সবাই।’
ভারতের এই অভিযোগে বিস্মিত ইংল্যান্ডের ক্রিকেট বোর্ড। এমন ‘ছোট্ট’ ঘটনাকে ভারত এত দূর টেনে নেওয়ায় বেশ ক্ষিপ্তও তারা। এক বিবৃতিতে জানিয়েছে, ‘জেমস অ্যান্ডারসন তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ সুস্পষ্টভাবে নাকচ করে দিয়েছেন এবং অভিযুক্ত করা হলে ইসিবি তাঁকে পূর্ণ সমর্থন জানাবে।’
ইংল্যান্ডের পাল্টা অভিযোগ
এদিকে কাল জাদেজার বিপক্ষেও পাল্টা অভিযোগ এনেছে ইংল্যান্ড। দলটির ম্যানেজার ফিল নিল আইসিসির আচরণবিধির লেভেল-২ অমান্য করার অভিযোগ এনেছেন। অ্যান্ডারসনের দিকে আক্রমণাত্মক ভঙ্গিতে তেড়ে গেছেন জাদেজা—অভিযোগ এটাই। ক্রিকইনফো।