দুই ড্র ম্যাচেও এমন রোমাঞ্চ

পরিসংখ্যান বলবে চ্যাম্পিয়নস লিগের দুই ম্যাচে পরশু মাত্র ৪ গোল হয়েছে। কিন্তু রোমাঞ্চকর লড়াই সহজেই আপনাকে ম্যাচ দুটিকে ভুলতে দেবে না। ডিয়েগো-নেইমারের দুর্দান্ত দুটি গোল, ভিদিচের অমন হেড, শোয়েনস্টেইগারের অসাধারণ ফিনিশ—মনে রাখার মতো একটা রাতই উপহার দিল ন্যু ক্যাম্প ও ওল্ড ট্রাফোর্ড।
খুব কম লোকই যেটা ভেবেছে, শেষ পর্যন্ত সেটাই হয়েছে পরশু। দুঃসময়ের মধ্য দিয়ে যাওয়া ম্যানচেস্টার ইউনাইটেড নিজেদের মাঠে ১-১ গোলে ড্র করেছে বায়ার্নের সঙ্গে।
প্রতিপক্ষের মাঠে গোল নিয়ে ড্র করলে সেটা ফিরতি লেগে অনেকটাই এগিয়ে রাখে। বায়ার্ন সেটা করে ‘অখুশি’ হতে পারে, তবে অ্যাটলেটিকো মাদ্রিদ এটাকে মহার্ঘ মনে করতে পারে! ন্যু ক্যাম্প থেকে ১-১ গোলে ড্র করে অ্যাটলেটিকোই তো খানিকটা এগিয়ে।
চ্যাম্পিয়ন বায়ার্নের অখুশি হওয়ার কারণ শুধু ড্র নয়। ম্যাচের শেষ দিকে লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয়েছে বাস্তিয়ান শোয়েনস্টেইগারকে। পিছিয়ে পড়ার পর বায়ার্নকে সমতায় ফিরিয়ে এনেছিলেন শোয়েইনি। বায়ার্নের অভিযোগ, অনেকটা একই রকম ফাউল করেও পার পেয়ে গেছেন ইউনাইটেডের আন্তোনিও ভ্যালেন্সিয়া। পেপ গার্দিওলাও রেফারির সিদ্ধান্ত মেনে নিতে পারেননি ‘এটা একদমই অন্যায় ছিল।’ তবে বায়ার্ন কোচ মানছেন আরেকটা বিষয়, ‘কিন্তু এটা আমি মেনে নিচ্ছি যে চ্যাম্পিয়নস লিগ জিততে হলে অনেক কিছুই আপনাকে জিততে হবে।’
এই মৌসুমে আগের তিনটি বার্সা-অ্যাটলেটিকো ম্যাচই ড্র হয়েছে। পরশুও তাই হলো। ৫৬ মিনিটে ডিয়েগো কস্তার বদলি ডিয়েগোর ৩২ গজ দূর থেকে নেওয়া আচানক শটে এগিয়ে যায় অ্যাটলেটিকো। ১৫ মিনিট পরে ইনিয়েস্তার ক্রস পেয়ে বাঁ পায়ে অসাধারণ এক গোল করেছেন নেইমার। নিজেদের মাঠে ড্র করেও বার্সা কোচ জেরার্ডো মার্টিনো সন্তুষ্ট, ‘সবকিছু বিচার করলে আমি সন্তুষ্ট। আজ এটা বলাই যায় দল ভালো খেলেছে।’
বার্সা কোচ বেশি উদ্বিগ্ন আসলে জেরার্ড পিকের চোটে। চার সপ্তাহের জন্য মাঠের বাইরে চলে গেছেন বার্সা ডিফেন্ডার। হ্যামস্ট্রিংয়ের চোটে মাঠ ছেড়ে যান অ্যাটলেটিকো স্ট্রাইকার কস্তাও। এএফপি।