দুই দলের একই সমস্যা
রুদ্ধদুয়ার অনুশীলন নয়, দেখার সুযোগ আছে। কিন্তু কথা বলার উপায় নেই, সবার মুখে তালা! ম্যাচের আগের দিন সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলা অঘোষিত রীতি। কিন্তু পাকিস্তানের ম্যানেজার নাভিদ আকরাম চিমা পাথুরে মুখে বললেন, ‘কই, এমন কোনো রীতি তো নেই!’টানা দ্বিতীয় দিন তাই কাছাকাছি থেকেও সংবাদমাধ্যম আর পাকিস্তানি ক্রিকেটারদের মাঝে ছিল বাধার দেয়াল। অনুমেয় কারণ, পাকিস্তান-ভারত বিশ্বকাপ সেমিফাইনাল পাতানো ছিল, সম্প্রতি ঝড় তোলা এই অপ্রিয় প্রসঙ্গকে এড়ানো। পাকিস্তান ক্রিকেট বোর্ডের সঙ্গে চুক্তির বাধ্যবাধকতার কারণে অবশ্য সে দেশের এক টিভি চ্যানেলের মুখোমুখি হলেন কোচ ডেভ হোয়াটমোর। ওই কথোপকথনে থাকার ‘সৌভাগ্য’ হয়েছিল অন্য সংবাদকর্মীদের। তিনটি মাত্র প্রশ্ন—নতুন দায়িত্বে হোয়াটমোরের অনুভূতি, আজকের ম্যাচে সম্ভাবনা আর দলের সমন্বয়। আর মাহেলা জয়াবর্ধনের প্রতিটি সংবাদ সম্মেলনেই তো নিয়মিত প্রশ্ন দলীয় সমন্বয়!দলীয় সমন্বয় বা ‘টিম কম্বিনেশন’ নিয়ে ঝামেলায় আছে আসলে দুই দলই। প্রথম ম্যাচে দুই দলই খেলেছে চারজন স্পেশালিস্ট বোলার নিয়ে। মোহাম্মদ হাফিজ অবশ্য কদিন আগেও ওয়ানডে র্যাঙ্কিংয়ের দুই নম্বর বোলার ছিলেন, এখনো আছেন পাঁচে। তাঁকে না হয় স্পেশালিস্ট বোলারই ধরে নেওয়া হলো, তার পরও পাঁচ বোলারের বাইরে খণ্ডকালীন আর কোনো বোলার দলে না থাকলে উপমহাদেশে বড় ঝুঁকি হয়ে যায়। শ্রীলঙ্কার ঝুঁকিটা আরও বেশি। দিলশান তো আর হাফিজের মানের স্পিনার নন। প্রথম ম্যাচে তাই হাত ঘোরাতে হলো কাপুগেদারাকেও। এর খেসারত দিতে হয়েছে ম্যাচ হেরে। বাংলাদেশের ব্যাটসম্যানরা আরেকটু সাবধানী হলে খেসারত দিতে হতো পাকিস্তানকেও।যতবারই সমন্বয় নিয়ে প্রশ্ন উঠছে, অসহায় শোনাচ্ছে জয়াবর্ধনের কণ্ঠ। শ্রীলঙ্কা এ অবস্থায় পড়েছে আসলে তো ভাগ্যের ফেরে। দারুণ দুজন অলরাউন্ডার আছে তাদের। কিন্তু চোটের কারণে আসতেই পারেননি থিসারা পেরেরা। অ্যাঞ্জেলো ম্যাথুস এসেছিলেন, কিন্তু দুই দফা ফিটনেস টেস্টে ব্যর্থ হয়ে তাঁকেও ফিরে যেতে হচ্ছে দেশে।এ সমস্যার কারণেই সিবি সিরিজের দ্বিতীয় ফাইনাল থেকে শ্রীলঙ্কা খেলছে সাতজন স্পেশালিস্ট ব্যাটসম্যান, চার বোলার নিয়ে। অস্ট্রেলিয়ায় শেষ দুই ফাইনালে বোলিং ওপেন করেছেন দিলশান, পরশু ভারতের বিপক্ষে এসেছেন তিন নম্বরে। কিন্তু স্পিন খেলায় ওস্তাদ উপমহাদেশীয় ব্যাটসম্যানদের বিপক্ষে এটা সব সময়ই বড় একটা ঝুঁকি।ব্যাটসম্যান বোঝাই দল নিয়ে প্রতিপক্ষের বড় স্কোর তাড়া করার কৌশলও কাজে লাগার সম্ভাবনা কম। দুই নতুন বলের যুগে তিন শ রান তাড়া এখন আর হরহামেশা দেখা যাবে না নিশ্চিত। পেস বোলিংয়ের সঙ্গে ব্যাটিংটাও মোটামুটি পারেন বলে ম্যাথুসের বদলে শামিন্দা ইরাঙ্গাকে পাঠানো হচ্ছে। তবে আজ ইরাঙ্গা খেলতে পারছেন না নিশ্চিত। বাঁচা-মরার ম্যাচে শ্রীলঙ্কা হয়তো একটু আক্রমণাত্মকই হতে চাইবে। তা হলে কি কাপুগেদারার বদলে একজন বোলার—রঙ্গনা হেরাথ বা সাচিত্রা সেনানায়েকে?পাকিস্তান কোচ হোয়াটমোর জানালেন, সমন্বয় ভাবাচ্ছে তাঁদেরও, ‘ব্যাপারটা নিয়ে আমাদের কথা হয়েছে। বোলিংয়ে আরও একটি-দুটি বিকল্প মনে হয় প্রয়োজন।’ পাকিস্তানের কিন্তু সুযোগ আছে, সাহসটা তারা দেখাবে কি না এটাই প্রশ্ন। যাঁর মাঝে দেখা হচ্ছে আবদুল রাজ্জাকের ছায়া, সেই হাম্মাদ আজম আছেন স্কোয়াডে। ইউনুস খান ও আসাদ শফিকের একজনকে বসিয়ে খেলানো যায় হাম্মাদকে। কিন্তু ইউনুস অভিজ্ঞ যোদ্ধা, শফিক আবার পাকিস্তান ক্রিকেটের ভবিষ্যৎ। তাহলে? বিকল্প আছে আরেকটি। কাল কিপিং গ্লাভস হাতে অনুশীলন করতে দেখা গেল উমর আকমলকে। আকমল কিপিং করলে হাম্মাদকে নেওয়া যায়। সে ক্ষেত্রে আবার উইকেটের পেছনে থেকে যায় বড় ঝুঁকি।শেষ পর্যন্ত জয়াবর্ধনে ও মিসবাহ কী সমাধান বের করলেন, দেখা যাক!