ইয়ান চ্যাপেলের মনে জায়গা পাওয়া সম্ভবত ক্রিকেট-বিশ্বের সবচেয়ে কঠিন কাজগুলোর একটি। কোনো কিছুতেই যেন মন ভরে না তাঁর। সেই চ্যাপেলই বিমুগ্ধ মাইকেল ক্লার্কের অধিনায়কত্বে। দারুণ আক্রমণাত্মক অধিনায়ক ছিলেন চ্যাপেল নিজেও, ক্রিকেট-বিশ্বের বাকি অধিনায়কদের পরামর্শ দিয়েছেন ক্লার্ককে অনুসরণ করতে। নিরাপদ পথে হাঁটার এই যুগে অন্য অধিনায়কেরা চ্যাপেলের পরামর্শ মানবেন, এটা আশা না করাই ভালো। ক্রিকেটপ্রেমীরা বরং চোখ রাখতে পারেন ডমিনিকায়, ফ্রাঙ্ক ওরেল ট্রফির শেষ টেস্টে। এবার কী চমক উপহার দেবেন ক্লার্ক?নেতৃত্বের শুরুতেই অধিনায়ক হিসেবে নিজের জাত চিনিয়েছেন ক্লার্ক। তিনি অনেকটাই মার্ক টেলর ঘরানার, রোমাঞ্চপ্রিয়। জয়ই শেষ কথা, এই প্রচেষ্টায় হারলেও ক্ষতি নেই। গত টেস্টের শেষ দিনে ওয়েস্ট ইন্ডিজকে ৬১ ওভারে ২১৫ রানের টার্গেট দিয়ে চমকে দিলেন সবাইকে। আগের টেস্টে ইনিংস ঘোষণা করেছিলেন পিছিয়ে থেকে। আক্রমণাত্মক ফিল্ডিং ও বোলিং পরিবর্তন, ব্যক্তিগত রেকর্ডের পেছনে না ছোটা, দলের শরীরী ভাষা বদলে দেওয়া—সব মিলিয়ে এখন ক্রিকেট-বিশ্বের আলোচিত বিষয়গুলোর একটি ‘অধিনায়ক ক্লার্ক।’১-০-তে এগিয়ে অস্ট্রেলিয়া, প্রায় নিজেদের সম্পত্তি বানিয়ে ফেলা ফ্রাঙ্ক ওরেল ট্রফিটা এবারও ধরে রাখা নিশ্চিত। সিরিজ জিততে ডমিনিকায় ড্র-ই যথেষ্ট। কিন্তু ক্লার্ক যে জয় ছাড়া কিছু ভাবেন না! ‘ক্যারিয়ারজুড়েই আমার লক্ষ্য ছিল অস্ট্রেলিয়ার হয়ে যত বেশি সম্ভব ম্যাচ জেতা। এখন যেহেতু নেতৃত্ব আমার হাতে, ওই জয়ের তৃষ্ণা আমি দেখাতে চাই। জয়ের ন্যূনতম সুযোগটাও লুফে নিতে চাই। কখনো কখনো হয়তো আমার সিদ্ধান্ত উল্টো ফল আনতে পারে, হারতে পারি। কিন্তু আমি এই ব্রান্ডের ক্রিকেটই খেলতেই পছন্দ করি। এই টেস্টেও ব্যতিক্রম হবে না।’নিজের দর্শনটা ক্লার্ক দলে বেশি করে ছড়িয়ে দিতে পেরেছেন কোচের দর্শনটাও একই রকম বলে। শেষ টেস্টের আগে কোচ মিকি আর্থারের ভাবনা, ‘ম্যাড়মেড়ে ক্রিকেট খেলার চেয়ে জয়ের চেষ্টা করে আমি বরং হারতে রাজি। জয়ের জন্য সর্বস্ব উজাড় করে দিক।’ ওয়েস্ট ইন্ডিজ সিরিজে খুব একটা খারাপ করেনি। প্রথম দুই টেস্টে জোর লড়াই করেছে ড্যারেন স্যামির দল। অধিনায়ক ব্যাটে-বলে নেতৃত্ব দিয়েছেন সামনে থেকেই। দলের ওপর এখন যথেষ্ট আস্থা তাঁর, ‘ছেলেরা এখন বিশ্বাস করে যে শুধু সমানতালে লড়াই করা নয়, ওরা এখন বড় প্রতিপক্ষকে হারাতেও পারে। এই বিশ্বাস নিয়েই ছেলেরা ডমিনিকায় খেলবে।’সত্যিই যদি দুই দলের মাঝে দেখা যায় এমন জয়ের তৃষ্ণা, আরেকটি রোমাঞ্চকর ম্যাচের প্রত্যাশা করাই যায়! ওয়েবসাইট।